আলো-ছায়ায় আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পা ফেলে ভেতরে প্রবেশমাত্রই মনে হতে পারে, এটি বুঝি কোনো বাড়ির উঠোন কিংবা কোনো বাড়ির ছাদ। ওপরে খোলা আকাশ, প্রকৃতির মাঝে আলো-ছায়ার খেলা আর সঙ্গে জমিয়ে আড্ডা। সেই আড্ডায় যদি ঘরোয়া খাবারের লোভনীয় স্বাদটি পাওয়া যায়, তবে কে না যেতে চাইবে সেখানে!এমন ব্যতিক্রমী পরিবেশনা নিয়েই রাজধানীর ধানমন্ডির ১৫/এ (নতুন) সড়কে শুরু ক্যাফে দ্রুমের যাত্রা।‘অনেক দিন থেকেই ইচ্ছা ছিল একটা ক্যাফে করব। সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশের একটা ক্যাফে। কেউ যাতে এখানে এসে না মনে করেন যে তিনি কোনো ক্যাফে অথবা রেস্টুরেন্টে আছেন। আর এই অনুভূতিকে আরও বাড়িয়ে দেয় ঘরোয়া ঢঙের বাঙালি স্বাদের খাবারগুলো।’ এভাবেই নিজের স্বপ্নের কথা জানান ক্যাফে দ্রুমের প্রতিষ্ঠাতা পরিচালক তৃষা সামিরা। ব্যস্ত নগরে এক টুকরো পরিবর্তনের হাওয়া নিয়েই যেন এই ক্যাফের আবির্ভাব। তা-ই মনে করেন তৃষা।মৌসুমি খাবারের প্রতি সবারই একটু আগ্রহ থাকে। এ চিন্তা থেকেই বছরের একেক ঋতুতে একেক স্বাদের খাবার পরিবেশন করা হয় এখানে। বিশেষ করে মৌসুমি ফলের রস। এর সঙ্গে বাঙালি ঘরনার হালকা নাশতা। দুপুরে পুরোদস্তুর বাঙলা খাবার পরিবেশন করা হয়। গরম ভাত, ডালের সঙ্গে থাকে হরেক পদের নানা স্বাদের ভর্তা। তবে আপনি যা-ই খেতে চান না কেন, সবকিছুই এখানে তাৎক্ষণিতভাবে প্রস্তুত করে মাটির থালায় পরিবেশন করা হয়। এটি ক্যাফে দ্রুমের অন্যতম বিশেষত্ব। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সব বয়সীর জন্য খোলা রাখা হয় এই ক্যাফে। সময় যতই এগিয়ে যায়, ততই মুখরিত হতে থাকে ক্যাফে দ্রুম। আড্ডা-গল্পে পছন্দের এ জায়গাটিকে মাতিয়ে রাখেন তরুণ-তরুণীরা। সারা দিনের কর্মব্যস্ততা সত্ত্বেও সন্ধ্যাটা এখানে এসে কাটানো চাই-ই চাই তাঁদের। আর তা হবে না-ই বা কেন। এখানে খাবারের মূল্যটা একেবারেই হাতের নাগালে। সর্বনিম্ন ১৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০ টাকা। শুধু তা-ই নয়, গরম গরম চা হাতে বয়স্করাও এখানে এসে উজাড় করে দেন নিজেদের মনের ভাবনাগুলোকে।‘ক্লিন ইয়োর সোল’ বা ‘আত্মাশুদ্ধকরণ’ নামে ক্যাফে দ্রুমে রয়েছে ছোট্ট একটি ক্লাব। এখানে আগত ব্যক্তিদের সবাই এই ক্লাবের সদস্য। চারপাশের পরিবেশকে সুস্থ রেখে সুন্দর সমাজ গড়ার মন্ত্রে এগিয়ে যাবে ক্যাফে দ্রুম—বহন করবে বাঙালি রন্ধন ঐতিহ্য। রেখে যাবে যুগ-যুগান্তরের স্মৃতি। কে জানে, একদিন হয়তো বা এই ক্যাফেকে নিয়েই রচিত হবে বিখ্যাত কোনো গান। এটাই এই ক্লাবের সবার স্বপ্ন।