আলো ছড়াচ্ছে জগেজ্যাতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম
অতিদরিদ্র পরিবারে জন্ম নেওয়া এসব শিশু জানত না ওদের ভবিষ্যত্ কতটা অন্ধকার ছিল। কিন্তু ওরাই দলবেঁধে এখন বিদ্যালয়ে যায়, গান, নাটক, নাচ করে, কারাতের প্রশিক্ষণ নেয় এবং খেলাধুলায় মেতে ওঠে। এমনকি প্রতিযোগিতায় অংশ নিতে পাড়ি জমায় বিদেশেও। ওরা থাকে জগেজ্যাতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমে। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এ হোম এখন আঁধারে আলো ছড়াচ্ছে। উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দক্ষিণে রাজারকুলে পাহাড়চূড়ায় প্রায় আড়াই হাজার বছর আগে সম্রাট অশোক তৈরি করেন ঐতিহাসিক রামকূট বনাশ্রম বৌদ্ধবিহার। এটি বাংলাদেশি বৌদ্ধদের তীর্থস্থান। এ বিহার থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখে পড়ে সাজানো গোছানো পরিবেশে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত জগেজ্যাতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমের ভবন। ১৯৯৪ সালের শুরুর দিকে ইতালির নাগরিক ফাদার পিয়াট্রো লুইজি লুপি অনাথ শিশুদের জন্য এ হোম প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে হোমের উদ্বোধন করেন তত্কালীন স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরী। হোমের পরিচালক প্রসূন বড়ুয়া জানান, ‘মা নেই, বাবা নেই, যোগ্য অভিভাবক নেই, অধিকার ও সুবিধাবঞ্চিত এরকম অসহায় শিশুদের লালন পালনের জন্য এ প্রতিষ্ঠান করা হয়। এখানে তারা থাকে, বাইরে বিদ্যালয়ে পড়তে যায়। এসব শিশুর সব রকম খরচ বহন করা হয় প্রতিষ্ঠান থেকে। শিশুশ্রেণী থেকে এসএসসি পর্যন্ত এ সুযোগ পায় তারা। হোমে শিশুদের লেখাপড়ার তত্ত্বাবধানের জন্য চারজন আবাসিক শিক্ষক ছাড়াও আছেন ইংরেজি, অঙ্ক, কম্পিউটার, হিসাববিজ্ঞান বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য সাত শিক্ষক।’ যেভাবে দিনের শুরু: ‘ওঠ ওঠরে বিফলে প্রভাত বয়ে যায় রে’ এটি ওদের শয্যাত্যাগের গান। প্রতিদিন ভোর পাঁচটায় ওদের ঘুম থেকে ওঠা বাধ্যতামূলক। উঠেই গাইতে হয় এ গান। এরপর কক্ষ পরিষ্কার করে সাড়ে পাঁচটায় মিলিত হয় সমাবেশে। এতে নেওয়া হয় সুবিধা-অসুবিধা, সুস্থতা-অসুস্থতার খবর। এরপর প্রার্থনা সংগীত— ‘বিপদে মোরে রক্ষা কর’, ‘অন্তরমম বিকশিত কর’ প্রতিদিন পালাক্রমে এরকম পাঁচটি গান সমাবেশে গাইতে হয়। গান শেষে সারিবদ্ধভাবে সবাই যায় রামকূট বনাশ্রম বৌদ্ধবিহারে প্রার্থনা করতে। প্রার্থনা শেষে চলে শরীরচর্চা, রাস্তাঘাট পরিষ্কার এবং পড়াশোনা। এরপর সকালের খাবার খেয়ে বিদ্যালয়ে যাওয়া। ফিরেই আবার শুরু হয় রুটিন কাজ। জানালেন হোমের সহকারী পরিচালক অনুমিতা বড়ুয়া। আছে সাংস্কৃতিক দল: হোম পরিচালনা কমিটির সভাপতি মনোহরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া জানান, গতানুগতিক ধারায় নয়, সম্পূর্ণ আধুনিক সুযোগ-সুবিধায় এখানে শিশুদের গড়ে তোলা হয়। আছে ৩৫ সদস্যের সাংস্কৃতিক দল। দলের সবাই নাচ, গান, নাটকসহ সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী। প্রশিক্ষণের জন্য আছেন আলাদা শিক্ষক। প্রতি শনি, সোম ও বুধবার সাংস্কৃতিক কর্মকাণ্ড। বাংলাদেশ টেলিভিশন, বেতার, জাতীয় নাট্য উৎসব, চট্টগ্রাম উৎসবসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় সাংস্কৃতিক দল। এ দলের সদস্য নিলয় বড়ুয়া, ডেনমার্কে জাতীয় নাট্য উৎসবেও অংশ নেয়। প্রসূন বড়ুয়া জানান, উপজাতীয় রূপকথার গল্প লফা, শিকার, অঙ্গীকার, আমরা বন্ধু, খাঁচা, রাজপুত্রের অভিযান, অবাক জলপানসহ অন্তত ১০টি নাটিকা বিভিন্ন স্থানে প্রায় ৫০০ বার মঞ্চস্থ হয়েছে। চলে কারাতে প্রশিক্ষণ: পড়ালেখা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সপ্তাহের প্রতি বৃহস্পতি ও শুক্রবার এখানে কারাতের প্রশিক্ষণ চলে। এ দলে আছে প্রায় ৭০ জন শিশু। মার্শাল আর্টে কালো ব্যাল্ট পেয়েছেন এ দলের সদস্য একাদশ শ্রেণীর ছাত্রী ঞোনাই চাক্। নাচ, গান, নাটক আর ফুটবলেও সমান পারদর্শী তিনি। গত বছর ভারতের গুজরাটে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ওয়াদোখাই কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিয়ে নেপাল শ্রীলঙ্কার সঙ্গে খেলে সোনা জেতেন ঞোনাই চাক্। ঞোনাই বলেন, ‘ভাগ্য খারাপ তাই এবার সাফ গেমসে অংশ নিতে পারিনি। প্রায় এক বছর সেখানে প্রশিক্ষণের পর শারীরিক অসুস্থতার কারণে গেমস শুরুর এক সপ্তাহ আগে দেশে ফিরে আসি। প্রসূন বড়ুয়া জানান, ‘শুধু কারাতে ছাড়াও ফুটবল এবং ভলিবলেও হোমের মেয়েরা বেশ পারদর্শী।’ কক্সবাজার জেলা মহিলা ফুটবল দলের বেশির ভাগ সদস্যই হোমের ছাত্রী বলে তিনি জানান। আলোকিত মানুষের পদচারণা: আবৃত্তি, গান, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতার সাপ্তাহিক আয়োজন, বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান ছাড়াও দুই বছর পর পর হোমে আয়োজন করা হয় শিশু উৎসব। এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন বরেণ্য ব্যক্তিরা। ২০০৮ সালে উৎসবে যোগ দেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস ও তাঁর মেয়ে মনিকা ইউনূস। এ ছাড়াও হোম পরিদর্শনে আসেন নাট্যকার মমতাজউদ্দিন আহমদ, প্রয়াত কবি হুমায়ুন আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, কবি আবুল মোমেন, অলক রায়সহ অনেক বরেণ্য ব্যক্তি।