আলো ছড়াচ্ছে ভূজপুর গণপাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ভূজপুর নারায়ণহাট ডিগ্রি কলেজের ছাত্রী নূসরাত শারমিন। প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি বই পড়াও তাঁর নেশা। অনগ্রসর এলাকার ছোট্ট বাজারে কটি বইয়ের দোকান রয়েছে, সেখানে যেসব গল্প, উপন্যাস বা দু-চারটি কবিতার বই আছে, তার সব কটি নূসরাতের পড়া হয়ে গেছে অনেক আগে। এর মধ্যে তাঁর মনটা হাহাকার করত রবীন্দ্রনাথের শেষের কবিতা কিংবা সমরেশ, শরৎচন্দ্র, হুমায়ূন আহমেদের ভিন্ন স্বাদের গল্প-উপন্যাস পড়ার জন্য। কিন্তু শহর থেকে এসব বই সংগ্রহ করা নিয়ে দুশ্চিন্তায় থাকতেন তিনি।

সেই দুশ্চিন্তা এখন আর নেই। কারণ নূসরাতের মতো বইপ্রেমীদের চাহিদা মোটাচ্ছে বাড়ির কাছে কাজীরহাট বাজারে গড়ে ওঠা ভূজপুর গণপাঠাগার। ভূজপুর ক্লাবের উদ্যোগে গড়ে ওঠা এ পাঠাগারে মিলছে দেশের খ্যাতিমান লেখকদের গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতাসহ বিভিন্ন বিষয়ের অনেক চমকপ্রদ বই।

১৭ ডিসেম্বর বিকেলে পাঠাগারে গিয়ে দেখা গেছে, নূসরাতসহ ১০ জন কিশোর, তরুণ, যুবক মনোযোগ দিয়ে বই পড়ছেন। নূসরাত বলেন, নানা বিষয়ে বই পড়ার ইচ্ছা থাকলেও এত দিন সেটা ছিল কষ্টসাধ্য। কারণ, আশপাশের এলাকায়ও কোনো পাঠাগার নেই। ভূজপুর গণপাঠাগার সেই অভাব পূরণ করেছে। পাঠক টিপু চৌধুরী বলেন, ‘সুযোগ পেলেই ছুটে আসি এখানে। পছন্দের বই পড়ে আনন্দ পাই।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পাঠাগারটি পরিচালনায় সহযোগিতা করেছেন ক্লাবের আজীবন দাতাসদস্যরা। ২০১২ সালের জুনে ক্লাবের উদ্যোগে গণপাঠাগারটি উদ্বোধন করার পর থেকে এখানে ক্লাব ও পাঠাগারের সদস্য ছাড়াও আশপাশের শিক্ষার্থীরা সময় পেলেই এখানে ছুটে আসেন পড়ার জন্য।

পাঠাগার সম্পর্কে জানতে চাইলে নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম হোসাইনী বলেন, পাঠাগারটি এলাকার জ্ঞানপিপাসুদের মধ্যে আলো ছড়াচ্ছে। এলাকার সচেতন ব্যক্তিরা দুটি করে বই উপহার দিলে এটি আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ জানান, দু লাখ ৮৫ হাজার জনসংখ্যার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় দুটি ডিগ্রি কলেজ, একটি স্কুল অ্যান্ড কলেজ এবং ১৮টি উচ্চবিদ্যালয় রয়েছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগারগুলোয় চাহিদা মেটানোর মতো বই না থাকায় শিক্ষার্থীসহ বইপ্রেমী মানুষ পছন্দের বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। তাই পাঠকদের আগ্রহের কথা ভেবে তাঁরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পাঠাগারটি গড়ে তোলেন।

কাজীরহাট বাজারের একটি দোতলা ভবনের ভাড়া করা পাঠাগারকক্ষে রয়েছে কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ ছাড়াও ইতিহাস, বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন পাঠ্যবই। গত প্রায় দেড় বছরে এ পাঠাগারে বইয়ের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। আরও বই সংগ্রহের চেষ্টা চলছে।