আলো ছড়াচ্ছে ভ্রাম্যমাণ পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী প্রিয়াংকা দাশের খুব পছন্দ মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে লেখা বই। পড়ার সময় বইয়ের চরিত্রের সাথে নিজেকে মিশিয়ে দেয় প্রিয়াংকা। মহাকাশে ভেসে বেড়ায় এলিয়েনদের সঙ্গে। শুধু প্রিয়াংকাই নয়, এরকম আরও অনেকে আছে যারা এই লেখকের ভীষণ ভক্ত। তাদের এ ভালো লাগার এবং জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার।বিশ্বসাহিত্য কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে এ পাঠাগারের সদস্য সংখ্যা আট হাজার ৭০০ জন। প্রতিদিনই যোগ দিচ্ছে নতুন নতুন পাঠক। নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া-আসা করে এ পাঠাগার জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের মাঝে। ভ্রাম্যমাণ এ পাঠাগারের জ্যেষ্ঠ সহকারী গ্রন্থাগারিক মো. নুরুজ্জামান জানান, ২০০১ সাল থেকে চট্টগ্রামে প্রথম এ চলন্ত গ্রন্থাগারের পথযাত্রা শুরু হয়। এতে বই আছে ১৮ হাজার ৩০০টি। বিদ্যালয় পড়ুয়া থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যে কেউ চাইলেই এ পাঠাগারের সদস্য হতে পারে। এর জন্য সাধারণ সদস্য ফরম পূরণ করে ১০০ কিংবা বিশেষ সদস্য ফরমের জন্য ২০০ টাকা জমা দিতে হয়। সদস্যপদ বাতিল হলে এই টাকা ফেরত পাওয়া যায়। ১০০ টাকা জমা থাকলে ১৫০ টাকা পর্যন্ত মূল্যের বই নিয়ে পড়তে পারবে। আর ২০০ টাকা জমা দিলে যে কোনো মূল্যের বই নিতে পারবে। এ পাঠাগারের মাসিক চাঁদা রাখা হয়েছে দশ টাকা। ভ্রাম্যমাণ এ গ্রন্থাগারের লোকবল মাত্র তিনজন। মূল কাজ অর্থাৎ প্রশাসনিক কাজকর্ম জ্যেষ্ঠ সহকারী গ্রন্থাগারিক মো. নুরুজ্জামান। চালক হিসেবে আছেন সবীরাজ ভট্টাচার্য আর গাড়ির সাহায্যকারী মোহাম্মদ আব্দুল খালেক। এতে কোনো সমস্যাই হয় না বলে জানালেন মো. নুরুজ্জামান। বরং বই দেওয়া-নেওয়ার কাজটি করে যান আপন মনে। শিশু-কিশোররাই এ পাঠাগারের প্রধান পাঠক। তবে বয়স্ক পাঠকের সংখ্যাও কম নেই বলে জানালেন তিনি।ভ্রাম্যমাণ গাড়ির ভেতরে দেখা গেল, তাক ভর্তি নানা রকমের বইয়ে। বিভিন্ন বিভাগ রয়েছে এতে। উপন্যাস, কবিতা, ধর্ম, ভ্রমণকাহিনি, শিশু-কিশোর সাহিত্য, অনুবাদ, বিদেশি সাহিত্য, জীবনী, সামাজিক বিজ্ঞান, আর্ট, চারুকলা, রম্যরচনা থেকে শুরু করে কী নেই এতে? বছরে দুবার নতুন বই আনা হয়। এবারে বইমেলা শেষে আড়াই হাজার বই এ পাঠাগারের জন্য কেনা হবে। বইপোকারা নতুন নতুন বই পাবে। কোথায়, কখন ভ্রাম্যমাণ গ্রন্থাগার: মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিনই নগরীর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানগুলোতে থেমে বই বিতরণ করে। শুক্রবার সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, অভয়মিত্র ঘাট মনোহরখালি, নন্দনকানন, সিরাজদৌলা রোড, প্যারেড কর্নার চন্দনপুরা, জামালখান এলাকায় অবস্থান করে। এ ছাড়া দুপুর দুইটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত শনি-বৃহস্পতিবার নিম্নলিখিত স্থানগুলোতে বই লেনদেন করে। শনিবার বালুচরা, অক্সিজেন, পলিটেকনিক, লালখান বাজার, টাইগার পাস, পলোগ্রাউন্ড ও রেলওয়ে কলোনিতে অবস্থান করে। রোববার মনসুরাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যালয়, কর্ণেলহাট, নাসিরাবাদ বালিকা বিদ্যালয়, সিএনবি কলোনি, এমএম আলী সড়ক, লাভলেইন মোড়ে বই আদান-প্রদান করে। সোমবার চান্দগাঁও আবাসিক এলাকা, ওআর নিজাম সড়ক আবাসিক এলাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সুগন্ধা আবাসিক এলাকা, কাতালগঞ্জ আবাসিক এলাকায় অবস্থান করে। বুধবার সিইপিজেড আবাসিক এলাকা, কাটগড়, বন্দরটিলা, সল্টগোলা, পোর্ট কলোনি, বন্দর উচ্চবিদ্যালয় কলোনি, গোসাইলডাঙ্গায় বই বিতরণ করে। বৃহস্পতিবার হালিশহর জে ব্লক এবং কে ব্লক, আগ্রাবাদের সিজিএস কলোনি, বাংলাদেশ ব্যাংক কলোনি, সিডিএ আবাসিক এলাকা এবং সরকারি বহুতলা কলোনিতে বই দেওয়া-নেওয়ার কাজ করে থাকে।