আলো ছড়াচ্ছে রামুর দুর্গম গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কচ্ছপিয়া ইউনিয়নের দুর্গম গ্রাম ঘিলাতলী। অনগ্রসর এ এলাকা এবং আশপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে সরকারি-বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ১৯৯৮ সালে এলাকাবাসীর উদ্যোগে এখানে গড়ে ওঠে ঘিলাতলী আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এটিই এলাকার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শিক্ষার আলো ছড়াচ্ছে। বর্তমানে শ্রেণীকক্ষ, আসবাবপত্র, খাওয়ার পানিসহ নানা সংকট ও সীমাবদ্ধতা দেখা দিয়েছে। তাই বিদ্যালয়কে সরকারীকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা কবির আহমদ সওদাগর জানান, ঘিলাতলী এবং আশপাশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় তিনি ও গ্রামের উৎসাহী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তাঁর বাবা উলা মিয়া ও চাচা ঠান্ডা মিয়া এবং মো. শফি বিদ্যালয়ের জন্য ৩৩ শতাংশ জমি দান করেন। এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় পাঠদানের জন্য তৈরি করা হয় দুটি বাঁশের কাঁচা ঘর। বর্তমানে ওই ঘরেই পাঠদান ও বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম চলছে। তিনি জানান, বর্তমানে এ বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। চারজন শিক্ষক অনেকটা স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পাঠদান করে যাচ্ছেন।এলাকাবাসী জানান, শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে উপজেলার সবচেয়ে অনগ্রসর এলাকা ঘিলাতলীর ৯৫ শতাংশ মানুষ অশিক্ষিত। এলাকার আশপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে সরকারি-বেসরকারি কোনো বিদ্যালয় নেই। মূলত এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখানকার ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে নানা সংকট ও সীমাবদ্ধতার জন্য বিদ্যালয়টি চালানো কষ্টকর হয়ে উঠেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় অনুদানে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়ের ঘর দুটি এতটাই জরাজীর্ণ হয়ে পড়েছে যে সেখানে পাঠদান করা খুব কষ্টকর হয়ে পড়েছে। আসবাবপত্রের সংকটও প্রকট। এ ছাড়া বিদ্যালয়ে কোনো নলকূপ না থাকায় খাওয়ার পানির সংকটে ভুগছে শিক্ষার্থীরা।প্রধান শিক্ষক আরও বলেন, ‘এলাকার শিক্ষার্থীরা লেখাপড়া শিখে একদিন আলোকিত মানুষ হবে, এলাকার উন্নয়ন করবে—এ রকম চিন্তাধারায় আমি ও বিদ্যালয়ের আরও তিনজন শিক্ষক অনেকটা বিনা পারিশ্রমিকে দীর্ঘদিন ধরে পাঠদান করে যাচ্ছি।’ এ ছাড়া বিদ্যালয়টি সরকারীকরণ ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হলে নিজেদের চাকরিও স্থায়ী হবে বলে আশা করেন তিনি। সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শন করেন রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক।বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য স্থানীয় ব্যক্তিদের উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাইদুল হক বলেন, ‘উপজেলার দুর্গম এলাকায় এ রকম একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু আছে—এটাই অনেক বড় বিষয়। এভাবেই বিন্দু থেকে সিন্ধু হয়। একদিন এ বিদ্যালয়টি এলাকার বড় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নেবে।’ তিনি জানান, ইতিমধ্যে ওই বিদ্যালয়কে সরকারীকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন থেকে শিগগির কিছু বরাদ্দ দেওয়া হবে।