আলো ছড়ানো অনাথ আশ্রম
৫৮ বছর আগের কথা। তিলোকানন্দ মহাথেরো তখন সদ্য ভিক্ষুজীবন গ্রহণ করেছেন। বয়স তখন মাত্র ১৭। বুদ্ধের দর্শন প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো তাঁকে। সে রকমই এক দিন পথে বেরিয়ে দেখা পেলেন কয়েকটি এতিম শিশুর। রাস্তায় পথচারীদের কাছ থেকে ভিক্ষা চাইছিল ওরা। তিলোকানন্দ শিশুদের এই কষ্ট দেখে স্থির থাকতে পারলেন না। রাস্তা থেকে তুলে নিজের আশ্রয়ে নিয়ে গেলেন তাদের। আশ্রয় পেল অনাথ শিশুরা। লেখাপড়ারও সুযোগ মিলল।তবে এমন অনাথ শিশু তো একটি দুটি নয়, অসংখ্য। তিলোকানন্দের আশ্রমে তাই বাড়তে লাগল অনাথ শিশুদের সংখ্যা। দেখতে দেখতে চার-পাঁচজন থেকে ৫০-এ দাঁড়াল। অনাথদের ভরণপোষণের খরচ জোগাড় করতেন তিনি এলাকাবাসীর দানের টাকা থেকে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান গ্রামে এভাবেই অনাথ আশ্রম গড়ে তোলেন শাক্য মনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তিলোকানন্দ মহাথেরো। কাচালং শিশুসদন নামের এই আশ্রমে তিন পার্বত্য জেলার চাকমা, ত্রিপুরা, চাক, খুমি, মারমা, বম ও খিয়াংসহ বিভিন্ন সম্প্রদায়ের ১৭৭ জন শিশু বেড়ে উঠছে।অনাথ শিশু ছাড়াও এলাকার অতিদরিদ্র শিশুদের আশ্রমে রাখা হয়। এসব অনাথ শিশু রূপকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপকারী উচ্চবিদ্যালয়ে খেলাপড়া করছে। ১৭৭ জন অনাথ শিশুর মধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ২৭ জন ও জেলা পরিষদ থেকে ১০০ জনকে অনুদান দেওয়া হচ্ছে। মাথাপিছু শিক্ষার্থীকে প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হয়। বাকি ৫০ জন শিশুর খরচ জোগায় এলাকাবাসী।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৫৮ সালে তিলোকানন্দ মহাথেরো অনাথ শিশুদের আশ্রয় দেওয়ার কাজ শুরু করেন। ১৯৮২ সালে তিনি প্রতিষ্ঠা করেন কাচালং শিশুসদন। রাঙামাটি জেলার সবচেয়ে বড় শিশুসদন এটি। আশ্রমে শিশুদের তত্ত্বাবধানের জন্য চারজন ভিক্ষু রয়েছেন। শিশুদের পরিচর্যা ও লেখাপড়ার বিষয়গুলো দেখেন তাঁরা।২০০৮ সালে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড তিলোকানন্দ মহাথেরোকে সাদামনের মানুষ হিসেবে স্বীকৃতি দেয়।আলো ছড়ানো এই অনাথ আশ্রমে বড় হয়ে অনেকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে এখন অবকাঠামো ও অর্থসংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। পার্বত্য উন্নয়ন বোর্ডের তৈরি করে দেওয়া চার কক্ষের একটি ভবনে থাকছে প্রায় ৫০ জন শিশু। বাকিদের থাকার জন্য আছে দুটি বেড়ার ঘর। বর্ষায় এই ভবনগুলোর ছাদ চুইয়ে পানি পড়ে। নেই শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা।কাচালং শিশুসদনের প্রতিষ্ঠাতা পরিচালক তিলোকানন্দ মহাথেরো প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেই ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছি। তাই অনাথদের কষ্ট আমি বুঝি। এলাকাবাসীর দানের টাকায় শিশুদের লালন-পালন শুরু করি। এখন জেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয় থেকে অনুদান পাওয়া যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন সংস্থা অনুদান দিচ্ছে। তবে চাহিদার তুলনায় অনুদান অনেক অপ্রতুল।’ আশ্রমের অনাথ শিশু লিজেন চাকমা, মংচাইদা চাক ও তাপস ত্রিপুরা জানায়, এখানে না এলে তাদের লেখাপড়া হতো না। ভবিষ্যতে দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে তারা।