ব্রোমেলিয়া যেন এক আলো ছড়ানো ফুল। গাছের মাঝখান থেকে একটা ডাঁটার মাথায় ফোয়ারার মতো ফুল ফুটে ছড়িয়ে পড়ে চারদিকে। আর ফুলের সে কী রং! একবারে আগুনের শিখার মতো উজ্জ্বল লাল। সে জন্যই বোধহয় ব্রোমেলিয়ার ইংরেজি নাম ফ্লেমিং টর্চ। উদ্ভিদতাত্ত্বিক নাম Billbergia pyramidalis. ফুলগুলো ফুটতে ফুটতে একসময় তার রং বদলে যায়, পাপড়ির রং লালচে বেগুনি হয়ে যায়। ব্রোমেলিয়ার জন্ম ব্রাজিলে। নানা দেশ পেরিয়ে এখন বাংলাদেশেও শোভা বাড়াচ্ছে।ব্রোমেলিয়া গাছ দেখতে কেমনগাছটা আনারস গোত্রের। সে কারণে ব্রোমেলিয়া ফুলের গাছ দেখতেও আনারসগাছের মতো। এ জন্য অনেকে ব্রোমেলিয়াকে ফুলগাছ না বলে বলেন বাহারি গাছ বা হাউস প্লান্ট। ব্রোমেলিয়া গাছ বেশ কষ্ট সইতে পারে, গাছ-পাতাও শক্ত। কোনো কোনো প্রজাতির গাছের পাতার কিনারা বরাবর তীক্ষ কাঁটা থাকে, কোনোটার সবুজ পাতার কিনারায় থাকে আবার হালকা হলুদ বা সাদা রেখা। গাছের উচ্চতা প্রায় ৫০ সেন্টিমিটার, পাতার বিস্তার ৪০ সেন্টিমিটার। অনেক প্রজাতি পরাশ্রয়ী স্বভাবের। শেকড় খুব সামান্য, নেই বললেই চলে।কোথায় লাগাবেনঘরের অন্দর, বাগান, ছায়া উদ্যান, পার্কের বড় বড় গাছের নিচে—এসব জায়গায় ব্রোমেলিয়া লাগানো যায়। টবেও ব্রোমেলিয়া গাছ লাগানো যায়। ছায়াযুক্ত জায়গায় ব্রোমেলিয়া ভালো হয়। উন্মুক্ত জায়গায়ও হয়, তবে গাছ সরাসরি প্রখর রোদ সইতে পারে না। চাষাবাদ ও যত্নগোড়া থেকে নতুন তেউড় বা চারা বের হয়। সেগুলো আলাদা করে মাটিতে লাগালে নতুন গাছ হয়। তাই অন্য ফুলগাছের চেয়ে ব্রোমেলিয়ার যত্নটা একটু আলাদাভাবে করতে হয়। এর পাতা বাতাস ও মাটি থেকে পানি সংগ্রহ করে জমিয়ে রাখে এবং প্রয়োজনে তা ব্যবহার করে। সে জন্য গাছে পানি দিতে হবে বেশি। গাছের গোড়ার মাটি সব সময় ভেজা রাখতে হয়। ব্রোমেলিয়া গাছে পাতাগুলো মোচার খোলের মতো এমনভাবে সাজানো থাকে যে বৃষ্টি হলে পাতার গোড়ার দিকে ফাঁকে ফাঁকে পানি জমে থাকে। তাই ওসব জায়গা মাঝেমধ্যে ব্যাঙের থাকার জায়গা হয়ে ওঠে।টবে বা জমিতে লাগাতে চাইলে মাটির চেয়ে কাঠের বা বাকলের গুঁড়া, পাতা পচা সার বা কম্পোস্ট সার, দো-আঁশ মাটি ইত্যাদি মিশিয়ে তার ভেতরে ব্রোমেলিয়ার চারা লাগানো যায়। জমি ঢাকতে ৩০ থেকে ৪০ সেন্টিমিটার দূরে চারা লাগানো যায়। ব্রোমেলিয়া গাছে ফুল ফোটে বছরে মাত্র একবার—গ্রীষ্ম-বর্ষায়। মে থেকে আগস্ট পর্যন্ত ফুল দেখা যায়। একবার ফুল ফুটে তা প্রায় ১৫ দিন পর্যন্ত গাছে থাকে। একটি গাছে বছরে মাত্র একবারই একটা মঞ্জরিদণ্ডে অনেক ফুল ফোটে। বর্ষায় চারা লাগানো ভালো। তবে প্যাকেট বা টবের চারা খুব শীত (ডিসেম্বর) ছাড়া বছরের যেকোনো সময় স্থানান্তর করা যায়। গাছে জৈব সার ছাড়া আর কোনো সার দেওয়ার দরকার হয় না। ব্রোমেলিয়া গাছ বাঁচে কয়েক বছর। বছরে একটা গাছের গোড়া থেকে পাঁচ থেকে সাতটা নতুন চারা হয়।কোথায় চারা পাবেনঢাকার ফার্মগেটের কাছে কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরে এগ্রিটেক নার্সারিতে (ফোন: ০১৭১১১১৪৬২৪) রয়েছে ব্রোমেলিয়ার চারা ও গাছ। টবে প্রতিটি গাছের দাম ১৫০ থেকে ২০০ টাকা, পলিব্যাগের চারার দাম একটু কম।