আলো ছড়াল দেবশিশুরা
হেলে দুলে এগিয়ে আসছে এক শিশু। বয়স কত আর! বড়জোড় পাঁচ। পরনে নতুন জামা। নিচের অংশটা কালো। একটি অনুসরণ বাতি তার সঙ্গে চলছে। মঞ্চের শেষ প্রান্তে বিচারকদের সামনে এসেই ফোকলা দাঁতের হাসি। ওপরের পাটির একটি দাঁত নেই সেটা স্পষ্ট। তৃপ্তি আর আনন্দের হিল্লোল উঠল মিলনায়তনজুড়ে। পেছনের সারির দর্শকেরা তো আসন ছেড়ে দাঁড়িয়ে গেছেন ততক্ষণে।এমন দৃশ্যের সাক্ষী হতে কে না চায়! চমকের তখন আরও অনেক বাকি। ফোকলা দাঁতের শিশু মডেলটিকে অনুসরণ করল একে একে আরও ১২ দেবশিশু। লাল, নীল, বেগুনী, কমলা, আকাশিসহ নানা রঙের পোশাকে আলোকিত মঞ্চ। এ আলোর মিছিলকে ঘিরে মিলনায়তন জুড়ে কী উত্তেজনা তখন!ছোট ছোট এসব শিশু মডেলের ক্যাটওয়াক ছিল নজর কাড়া। এক একজনের ভঙ্গি একেক রকম। একজন তো চুলগুলো নানা রঙে রাঙিয়ে হেঁটে যাচ্ছিল। কেউ কেউ বড় মডেলদেরও হার মানিয়েছে। আবার কোনো কোনো শিশু শেখানো ক্যাটওয়াক ঠিকমতো উপস্থাপন করতে এত ব্যস্ত ছিল যে শেষপর্যন্ত সেটাই তার নিজস্ব একটি স্টাইলে দাঁড়িয়ে গেছে। কেউ কেউ বিচারকদের সামনে এসে পরিহিত পোশাকটিকে হাসিমাখা মুখে এমন সুন্দরভাবে উপস্থাপন করছিল যেন মনে হতে পারে এটিই তাদের নিত্যকর্ম। ১৩ শিশুর দুইজন ছেলে। তাদের পরনে ছিল পাঞ্জাবি। তারাও কম যায়নি। কার পর কে আসবে, কে কোন জায়গায় দাঁড়াবে—এসবে বিন্দুমাত্র ভুল চোখে পড়েনি। অংশগ্রহণকারী এসব শিশুদের মধ্যে শিশু শ্রেণীর শিক্ষার্থীও রয়েছে। ১৩ শিক্ষার্থীর অর্ধেকই আগে কখনো মঞ্চে দাঁড়ায়নি। অথচ বিন্দুমাত্র মঞ্চভীতি তাদের স্পর্শ করেনি। যেমন সুভা। শিশু শ্রেণীর শিক্ষার্থী। এক গাল হেসে সে জানায় ‘আমি কখনো আগে মঞ্চে উঠিনি। মডেলিংয়েও না। আজ প্রথমবার মঞ্চে উঠেছি।’মঞ্চে যখন সুভারা দাপিয়ে বেড়াচ্ছিল তখন মুহুর্মুহু করতালি মিলনায়তনজুড়ে। তাদের জন্য চমক আরও বাকি ছিল। হেলে দুলে শিশুরা নিজেদের পরিহিত পোশাকে মঞ্চের শেষ প্রান্তে গিয়ে একে একে পাশাপাশি দাঁড়িয়ে পড়ল। প্রথম দেখায় মনে হবে যেন নানা রঙে রঙিন একটি রঙধনু উঠেছে আকাশে। কেউ কেউ ঈদের আগাম বাঁকা চাঁদও মনে করতে পারেন।