আলো জ্বেলে যাই

সকালটা অন্য দিনের চেয়ে ভিন্নতর ছিল। ভোরবেলা থেকে আকাশ ছিল মেঘে ঢাকা। মাঝেমধ্যে পাওয়া যাচ্ছিল ইলশেগুঁড়ি বৃষ্টির দেখা। প্রকৃতির এই বিরূপ আচরণে উত্সবকে ঘিরে দেখা দিয়েছিল কালো মেঘের আভা। এবারের উত্সবটা যে আবিদকে উত্সর্গ করা হয়েছিল, তাই হয়তো প্রকৃতি তাঁর শোকে ছিল কাতর।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যদেব তার চিরচেনা হাসি নিয়ে হাজির হয় আমাদের মধ্যেে। ১৫টি বন্ধুসভার প্রায় ৪০০ বন্ধুকে নিয়ে গত ২৬ সেপ্টেম্বর হয় খুলনার সেন্ট জোসেফস স্কুল মিলনায়তনে খুলনা বন্ধু উত্সব ‘আলো জ্বেলে যাই’।

বন্ধুদের নিবন্ধনের সময় ছিল সকাল সাড়ে আটটা। কিন্তু আটটা বাজার আগেই বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা আসতে শুরু করেন। নিবন্ধনের সঙ্গে সঙ্গে সব বন্ধুর হাতে তুলে দেওয়া হয় সকালের নাশতা ও বিভিন্ন উপহার। সকাল নয়টার মধ্যেই সব বন্ধু হাজির হন। হঠাৎ ফোন এল, যশোর পর্যন্ত এসে ঝিনাইদহ বন্ধুসভার এক বন্ধু অসুস্থ হয়ে পড়েছেন, তাই তাঁরা আসতে পারবেন না। তাই তাঁদের বাদ রেখেই জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো খুলনা বন্ধু উত্সব। জাতীয় সংগীত শেষে বন্ধুরা বেলুন উড়িয়ে উত্সবের শুভ উদ্বোধন করেন। আয়োজক বন্ধুসভার পক্ষ থেকে বক্তব্য দেন পীযুষ কুমার সরকার।
তখন সকাল ১০টা। সব বন্ধু যে যাঁর আসনে বসে অপেক্ষা করছেন কখন শুরু হবে মূল পর্ব। মঞ্চ থেকে ঘোষণা এল, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশকে নাও চিনে’ গানের সঙ্গে লোহাগড়া বন্ধুসভার বন্ধুরা উদ্বোধনী নৃত্য নিয়ে আসছেন। কথায় বলে, সকালের সূর্য দেখে দিনটা কেমন যাবে বোঝা যায়। নৃত্য শেষে তুমুল করতালিতে মুখরিত হলো গোটা মিলনায়তন। খুলনা বন্ধুসভার বন্ধু ফয়সাল নাচ দেখে বলে উঠলেন, ‘দাদা, এমন অনুষ্ঠান ভিডিও না করে পারা যায় না। আমি ভিডিও ক্যামেরা নিয়ে আসি।’ কিছুক্ষণ পর মঞ্চে উঠলেন একজন, কিন্তু দর্শকসারির সবাই চিত্কার করতে লাগলেন, সাউন্ড, সাউন্ড। একটু পরেই বোঝা গেল সাউন্ডের অনুপস্থিতির কারণ। তিনি ছিলেন মূকাভিনেতা মীর লোকমান। অনুষ্ঠান তো

শুরু হলো, কিন্তু সঞ্চালক কই? সবার একই প্রশ্ন। এমন সময় দর্শকসারি থেকে মাইক্রোফোন হাতে নিয়ে মঞ্চে উঠে এলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পরিষদের নির্বাহী সভাপতি রওশন ভাই। এরপর শুরু হয় ফ্যাশন শো। এতে অংশ নেন গোপালগঞ্জ, মংলা, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েটসহ কয়েকটি বন্ধুসভার বন্ধুরা। তারপর মঞ্চে আসেন প্রথম আলোর কয়েকটি অঞ্চলের প্রতিনিধি। তাঁদের নিয়ে চলে সস্ত্রীক আনন্দ নৃত্য। অনুষ্ঠানে উপস্থিত ওয়াল্টনের সিনিয়র সহকারী মিল্টন আহমেদ, লেখক তৌহিদুর রহমান ও অরুণ বিশ্বাস তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। সঞ্চালকের মজার মজার কথার ফাঁকে চলে কুইজ। এতে সঠিক উত্তর দিয়ে বন্ধুরা নানা পুরস্কার পান।

অনুষ্ঠানের একপর্যায়ে আবিদ শাহরিয়ারের মা রমা রহমান ও তাঁর ছোট ভাই বাঁধন শাহরিয়ার মঞ্চে আসেন। রমা রহমান আবিদের প্রসঙ্গে কথা বলা শুরু করতেই এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাঁধন তাঁর ভাইয়ের স্মৃতির উদ্দেশে একটি গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে কুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা সরকারি মহিলা কলেজ, রাজশাহী, বাগেরহাট, মংলা, কেশবপুর, যশোর, অভয়নগর, কালীগঞ্জ, সাতক্ষীরা ও খুলনা বন্ধুসভা।
মধ্যাহ্ন বিরতির পর আবার শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে হয়তো বন্ধুদের তর সইছিল না। তাই তো মধ্যাহ্ন বিরতি শেষ হওয়ার আগেই বন্ধুরা সবাই হাজির হন অনুষ্ঠানস্থলে। এ পর্বের শুরুতে চলে বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের অনুভূতি প্রকাশ। এরপর নৃত্য নিয়ে আসেন মংলা বন্ধুসভার বন্ধু সোহেল রানা ও হাওয়া আক্তার।
সবশেষে বাগেরহাট বন্ধুসভার আবির হোসেনের পরিবেশনায় ছিল নৃত্য ‘আজি ঝেরা ঝেরা মুখর বাদরদিনে...’। অনুষ্ঠান শেষ হলেও সবার মধ্যে রয়ে গেল সেই আকুতি—আরও কিছুক্ষণ না হয় হইত...এভাবে সমাপ্ত হলো আলো জ্বেলে যাই খুলনা বন্ধু উত্সব ২০১৪। রইল আক্ষেপ, কবে আবার এমন প্রাণের উচ্ছ্বাসে মিলিত হব সবাই। অনুষ্ঠানের ছবি তুলেছেন প্রিন্স আলম ও ওমর ফারুক।
উৎসব আয়োজনে বন্ধুসভার যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, তাঁরা হলেন কাজী নায়লা, প্রসেন মণ্ডল, আমরিন হোসেন, সাজ্জাদ হোসেন, স্বপ্না পাল, সুজন কুণ্ডু, প্রথমা সাহা, রুবেল হুসাইন, উজ্জ্বল ব্যানার্জি, নুসরাত জাহান, বৃষ্টি বিশ্বাস, জুঁই রায়, আমিন আনসারী, ভূমিকা আজাদ, হেলেনা আক্তার, দীপংকর বর্ধন প্রমুখ।