আলো জ্বেলেছে চারুলতা
নগরের ষোলশহর ২ নম্বর রেলগেট (রেলওয়ে ক্রসিং) থেকে হেঁটে যেতে বড় জোর ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। রেললাইনের পাশে ভ্রাম্যমাণ বাজার। একটু এগোলে বস্তি আর বিভিন্ন দোকানপাট। সেই পথ ধরে চলতে চলতে হঠাৎ চোখ আটকে যায় একটি নামফলকে। লেখা আছে ‘চারুলতা বিদ্যাপীঠ’, সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান। দুপুর গড়িয়ে তখন বিকেল। কিন্তু সেই বিদ্যাপীঠের ভেতরে তখনো পাঠদান চলছে। বিদ্যাপীঠ বলতে একটি বেড়ার ঘর। দৈর্ঘ্যে ১৮ থেকে ২০ ফুট আর প্রস্থে ১০ থেকে ১২ ফুটের মতো হবে। বিদ্যালয়ের ৭০ জন পড়ুয়ার সবাই হতদরিদ্র ঘরের শ্রমজীবী শিশু। তাদের কাজের ব্যস্ততার কথা ভেবেই এই বিকেলবেলার স্কুল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগ এটি।গত বছরের ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিন বিদ্যালয়টির উদ্বোধন করা হয়। পাঠদান শুরু হয় ২০ এপ্রিল থেকে। এখানে শিশু ও প্রথম শ্রেণীতে দুই পালায় পাঠদান চলে। বইপত্রসহ সব শিক্ষা উপকরণ বিনা মূল্যে দেওয়া হয়। পাঠ্যবইয়ের বাইরে ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি ও গান শেখানোর ব্যবস্থা রয়েছে; বিনা মূল্যে চিকিৎসাও দেওয়া হয় তাদের।বিদ্যালয়ে পাঠদান করেন পারভীন আখতার ও বেবি আখতার নামের দুজন শিক্ষক। দুজনই স্নাতকের শিক্ষার্থী। শুরু থেকেই পড়াচ্ছেন পারভীন। বললেন, ‘একসময়ে ওরা চকও ধরতে পারত না। কিন্তু এখন লিখতে পারছে। এসব আমাদের জন্য অনেক বড় পাওয়া।’চারুলতার ছয় উদ্যোক্তা: চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মুহাম্মদ ইমদাদ হোসাইন, ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এস এম অভীক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের সবুজ মণ্ডল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএস (ব্যাচেলর অব বিজনেস স্টাডি) শেষ বর্ষের সৌমেন নন্দী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের রাজেন দে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের মো. সালাহ উদ্দিন। এই ছয়জন মিলেই গড়ে তোলেন চারুলতা বিদ্যাপীঠ। সম্পর্কে সবাই বন্ধু, আত্মার আত্মীয়। প্রতিদিন সন্ধ্যায় নগরের জিইসি মোড় এলাকায় চলে চুটিয়ে আড্ডা। আড্ডা থেকেই একটি অসাম্প্রদায়িক সেবামূলক সংগঠন গড়ার ভাবনা আসে মাথায়। আর সেই ভাবনা থেকেই ২০১১ সালের ৮ এপ্রিল চারুলতা নামের একটি সংগঠনের জন্ম দিলেন তাঁরা।কারা পড়ছে: প্রথম শ্রেণীর ছাত্র মো. মঈনুদ্দিন সকালবেলা ষোলশহর বাজারের কাছাকাছি একটি কারখানায় কাজ করে। সে বলে, ‘আমি কোনো দিনও স্কুল কামাই করি না। আপারা সুন্দর করে পড়ান।’নেপথ্যের কর্মী: চারুলতা বিদ্যাপীঠ গড়ে তোলার জন্য নেপথ্যে কাজ করেছেন স্থানীয় সমাজকর্মী ও জনপ্রতিনিধি আনোয়ারা আলম। তিনি বিদ্যালয়ের জন্য জায়গা ও শিক্ষক জোগাড় করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ওদের টাকাপয়সা দিয়ে কোনো সহযোগিতা করিনি। বুদ্ধি-পরামর্শ দিয়ে যতটুকু পারছি ওদের পাশে থাকছি।’বিদ্যাপীঠ পরিচালনা কমিটি: চারুলতা বিদ্যাপীঠ পরিচালনার জন্য ২৫ সদস্যের একটি কমিটি রয়েছে। মুহাম্মদ ইমদাদ হোসাইন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া চারুলতার বর্তমান সদস্য সংখ্যা ৩০। প্রত্যেকেই প্রতি মাসে ১০০ টাকা করে চাঁদা দেন। রয়েছে পাঁচ সদস্যেও একটি উপদেষ্টা পরিষদ।ভবিষ্যত পরিকল্পনা: চারুলতা বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ইমদাদ বলেন, ‘আমদের বিদ্যালয়টি নিবন্ধনের পর একে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তা ছাড়া শিশুদের পাশাপাশি আগামী সময়ে নিয়মিতভাবে তাদের অভিভাবক ও বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও চিন্তাভাবনা রয়েছে।’ চারুলতা বিদ্যাপীঠের সব কাজের খোঁজ মিলবে ফেসবুক ঠিকানায়— www.facebook.com/charulata.org