
‘জেফার’ ইলিয়াড-এর বর্ণনায় এক ভয়ংকর ঝোড়ো হাওয়া, কিন্তু ওডিসিতে এই বাতাসের চরিত্র মৃদুমন্দ ও ঈষদুষ্ণ। এই হাওয়ার পরশ লেগে গলতে শুরু করে বহু বছরের জমাট বরফ। পৌরাণিক মহাকাব্যের সেই ‘জেফার’-এর নামেই একটি নতুন প্রকল্পের নাম রেখেছেন প্যারিসের দুজন তরুণ ছাত্র। তাঁদের এই জেফার এক উড়ন্ত যন্ত্র: বেলুন-ঘুড়ি। বিপর্যস্ত এলাকার মানুষদের ঘরে ঘরে ও অস্থায়ী হাসপাতালে জ্বেলে দেয় আলো।
জরুরি অবস্থায় বিদ্যুতের খুব প্রয়োজন হয়। চট করে শরণার্থী শিবিরগুলোর কথাই বলা যাক না কেন। সেখানে সাধারণত বায়ুদূষণকারী জেনারেটরের মাধ্যমে আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়। জেনারেটর চলে চড়া দামের জ্বালানি তেলে। এই তেল সরবরাহ আবার নানা কারণে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তখন জেনারেটর চলবে না, জ্বলবেও না আলো। অন্ধকারে হাবুডুবু খাবে শরণার্থী শিবিরগুলো, এ আশঙ্কা থাকে।
এসব সমস্যা সমাধানের চিন্তায় মগ্ন হন ওই দুই তরুণ প্রযুক্তিবিদ। নিরলস চেষ্টা করে উদ্ভাবন করেন ফটোভোলটিক বিশেষ বেলুন। এর সাহায্যে প্রকৃতি বা মনুষ্যসৃষ্ট বিপর্যস্ত এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা যায়।
টেলিকম প্যারিসটেক ও একোল নাসিওনাল সুপেরিয়র দে অার্তেস দেকোরাতিফ থেকে স্নাতক করা এ দুই ছাত্রের দেখা হয় প্যারিসের এক গবেষণাগারে। সেখানে নভেম্বর ২০১৩ থেকে মার্চ ২০১৪ পর্যন্ত ‘ভবিষ্যতের বিদ্যুৎ’ নিয়ে গবেষণা করতে বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ ও নকশাবিদেরা সমবেত হয়েছিলেন।
৫০ জনের জন্য বিদ্যুৎ
জেফার প্রকল্পের মূলমন্ত্রই হলো স্বল্প খরচে খুব সহজে স্থানান্তরযোগ্য একটি বেলুন-ঘুড়ি তৈরি করা। এই বেলুন-ঘুড়িতে হালকা যন্ত্রপাতি ও একটি পাল থাকে। মাটিতে রাখা হয় এক ঘনমিটারের চেয়েও কম একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। পালের দৈর্ঘ্য ৩ দশমিক ৮ মিটার। এর সঙ্গে যুক্ত থাকে ১৫ বর্গমিটারের একাধিক সৌর প্যানেল।
এ বিষয়ে দুই উদ্ভাবকের একজন সেদ্রিক তোমিসি বলেন, ‘এটি তেমন কিছুই না, স্রেফ পাল তোলো, বেলুন ফোলাও, আর বাতাসে ওড়াও। ব্যস, হয়ে গেল। বেলুনের সঙ্গে জুড়ে দেওয়া সৌর প্যানেল শক্তি সংগ্রহ করবে। তারের মাধ্যমে তা মাটিতে রাখা ব্যাটারিতে সৌরশক্তি সরবরাহ করবে। পরে রাতে এই উদ্বৃত্ত শক্তি থেকেই জ্বলবে বাতি।’ নয় লিটার পানি ও সৌরবিদ্যুৎ ব্যবহার করে ইলেকট্রোলাইজার হাউজিংয়ের ভেতরে থাকা দুটি ব্যাটারি জেফারকে ফোলাতে প্রয়োজনীয় গ্যাস উৎপাদন করে। যন্ত্রটি সংকর জাতের। এর অর্ধেক বেলুন, বাকি অর্ধেক ঘুড়ি। এটি ঘণ্টায় সর্বোচ্চ তিন কিলোওয়াট শক্তি উৎপাদন করতে পারে। শরণার্থী শিবির কিংবা কোনো অস্থায়ী হাসপাতালে অন্তত ৫০ জনকে আলো দেওয়া ও ঘর গরম রাখার জন্য এটাই যথেষ্ট।
তরুণ এই দুই উদ্যোক্তার উদ্ভাবন দৃষ্টির আড়ালে পড়ে থাকেনি। এরই মধ্যে জেমস ডাইসন অ্যাওয়ার্ড ২০১৪, উনিভেরসিতে পারি-সাক্লের ছাত্র উদ্যোক্তা দিবস ২০১৪-এর প্রথম পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছে।
ইডিএফ, দ্য সল্ট সিস্টেমস, দ্য রেড হেলমেটস ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অব ফটোভোলটেকের (আইআরডিইপি) অংশীদারত্বে গত বছরের নভেম্বরে এই প্রকল্প প্রযুক্তিগতভাবে কতটা টেকসই তার ওপর গবেষণা করা হয়। তরুণ শিক্ষার্থী আইআরডিইপির সঙ্গে ঘনিষ্ঠভাবে তখন প্রধানত বেলুনের ফটোভোলটেক প্রযুক্তির ওপর জোর দেন। একপর্যায়ে প্রকল্প থেকে একজন প্রকৌশলী চলে যান। এরপর এইআই-সিইএসআই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলে জেফার প্রকল্প। তখন স্নাতকোত্তর শেষ পর্বের শিক্ষার্থীরা এই প্রকল্পের প্রযুক্তিগত দিক নিয়ে গবেষণা করার সুযোগ পান।
ছাত্র-প্রকল্প থেকে বৃহৎ পরিসরে
এ প্রকল্পের পরের পর্বে প্রাথমিকভাবে মূল নমুনা তৈরি করা হবে। এটি শেষ হবে ২০১৭ সালের জানুয়ারিতে। সেটি ‘ধারণার প্রমাণ’ হিসেবে কাজ করবে। সায়েন্সেস-পো প্যারিস রিসার্চ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নকশাবিদ জুলি দোতেল বলেন, ‘এ জন্য আমাদের দরকার মাত্র ২৫ হাজার ইউরো।’ বিভিন্ন পুরস্কার থেকে জেফার প্রকল্পের তহবিল এরই মধ্যে ১০ হাজার ইউরো ছাড়িয়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তহবিল সংগ্রহের প্রচার চালানো হবে। পরে ওই তহবিল বিশেষ করে আরও প্রকৌশলী ও কর্মীদের জন্য বিনিয়োগ করা হবে। দুই তরুণ উদ্যোক্তা চান ছাত্রদের এ প্রকল্পটি বড় পরিসরে যাত্রা শুরু করুক। জেফার প্রকল্প বর্তমানে সায়েন্সেস-পো প্যারিসের সঙ্গে যুক্ত হওয়ার জন্যও আবেদন করেছে।
দুজনের ইচ্ছে, এই বিশেষ বেলুন ২০১৮ সালে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করা হবে। শেষ পর্বে আরও অনেক, অর্থাৎ ১০ লাখ ইউরোর বিনিয়োগ দরকার। শেষমেশ শুধু মানবিক দুর্যোগের ক্ষেত্রেই নয়, অন্য সব ক্ষেত্রেও আলো ও উত্তাপ ছড়িয়ে দিতে চান তাঁরা।
নকশাবিদ জুলি দোতেল বলেন, এশিয়া ও আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের বিশেষ ধরনের ঘরবাড়িতে, যেখানে ছাদে সৌর প্যানেল রাখা সম্ভব না, সেখানকার অন্ধকার দূর করতেও এই বেলুন ইতিবাচক ভূমিকা রাখবে। এমনকি সহায়ক হবে যোগাযোগ-সংক্রান্ত প্রযুক্তিতেও।