আলো সবখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন মা সন্তানের মঙ্গল ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। মাকে যেমন সচেতন হতে হবে, সেই সঙ্গে তাঁর সক্ষমতা ও পারঙ্গমতা জরুরি। অপারগতা ও অক্ষমতা যে ‘মা’-এর জন্য কত কষ্ট, আজকে তা আমি প্রতি মুহূর্তে উপলব্ধি করছি। আমার পক্ষে তো আমার সন্তানকে কোনো নিরাপদ রাষ্ট্র, নিরাপদ জনপদ দেওয়া সম্ভব হলো না। এটা আমার মতো মায়েদের জন্য কত বড় অক্ষমতা, যা কাউকে বোঝানো যাবে না। ত্বকীকে নিজের দেশকে ভালোবাসতে শিখিয়েছিলাম। ছেলেটি দেশকে ভালোবেসে দেশের উন্নয়নের কথা ভাবত। বিদেশ যেতে চায়নি। আমাকে বলত, ‘মা দেখো, আমি এ দেশেই একজন বড় প্রকৌশলী হয়ে তোমাকে দেখাব, আমি বাংলাদেশের সম্মান রাখব।’ কিন্তু দেশের কিছু মানুষরূপী পশু ওর বড় হওয়া বন্ধ করে দিল। আমারও আর বড় প্রকৌশলীর মা হওয়া হলো না। আমরা আমাদের সন্তানদের নিরাপদ পথচলা কামনা করি মনেপ্রাণে। ত্বকীর এখন ঘর থেকে বেরিয়ে বৃহত্ জগতে ঘুরে বেড়ানোর সময় এসেছিল। আমি ওকে আমার মাতৃছায়ার বন্ধন থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে পৃথিবীর উন্নয়নের বড় রাস্তায় হাঁটার জন্য এগিয়ে যেতে সহযোগিতা করতে চাইছিলাম। আমার ত্বকী জগত্সভায় শ্রেষ্ঠ আসন অর্জন করবে এই আশায়। কিন্তু আমার বুক খালি করে ত্বকীকে নির্মমভাবে হত্যা করল দেশের শত্রুরা। ত্বকী অর্থ আলো। আমার আলো একদিন ছড়িয়ে যেত সবখানে, সবখানে। নির্দয় খুনির দল তা হতে দিল না। আমাদের সব সন্তানই আমাদের জন্য আলো। আজকে ওরা একটি আলো নিভিয়ে দিয়ে যদি পার পেয়ে যায়, তাহলে অন্য আলোরা নিরাপদ থাকবে কী করে? লেখক: ত্বকীর মা