আলোকচিত্রীদের চোখে আমাদের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরের রুপালি মাতাল ঢেউয়ের মধ্যে সাম্পান আর দূর সাগরে জাল নিয়ে জেলেদের মাছ ধরার অভিযান, অবসর সময়ে বাঙালি নারীর বিলি কাটা, স্বস্তির স্নান, স্নেহ-মমতা, প্রমত্তা মেঘনা, বাড়ি ফেরা—এ রকম আবহমান বাংলার বহু নিখুঁত দৃশ্য দেখা গেল শিল্পকলার গ্যালারিতে।স্থানীয় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ ‘আমাদের বাংলাদেশ’ শিরোনামে গত সোমাবার থেকে দুই দিনব্যাপী শিল্পকলা একাডেমীতে মাহবুব আলী আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। গত বুধবার ছিল এ প্রদর্শনীর শেষ দিন। সমাপনী অনুষ্ঠানে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ নুরুল ইসলাম।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মাহবুব আলী আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর কর্মগুণে আমাদের মাঝে স্মৃতি হয়ে রয়েছেন। তিনি ছিলেন সমাজমনস্ক এক ব্যক্তিত্ব। সমাজের প্রতি দায়দায়িত্বের কারণেই তিনি মানুষের খুব কাছাকাছি গিয়ে সেবা দিয়েছেন।’উমর ফারুক বলেন, ‘শিশু-কিশোর এবং তরুণসমাজ যাতে মাহবুব আলীকে চিনতে পারে, এ লক্ষ্যে আমাদের আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, কবি অভীক ওসমান, ব্যবসায়ী শাহাবুদ্দিন প্রমুখ।প্রতিযোগিতায় ‘ভালোবাসি বাংলাদেশ’ শিরোনামে আলোকচিত্রের জন্য প্রথম পুরস্কার পান দৈনিক ইত্তেফাক-এর আলোকচিত্রী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এবার বাড়ি ফেরা শিরোনামে চিত্রের জন্য দ্বিতীয় পুরস্কার পান দৈনিক পূর্বকোণ-এর জ্যেষ্ঠ আলোকচিত্রী মো. মনজুর আলম। বৈচিত্র্যময় সাঙ্গুর জন্য তৃতীয় পুরস্কার পান সমকাল-এর আলোকচিত্রী নিপুণ কুমার দে।