আলোকচিত্রে অপরূপ চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারি সারি পাহাড়ের মাঝে থমকে আছে সাদা মেঘ, পাথরের বুক চিরে অবিরল ধারায় নেমে আসছে ঝরনাধারা, সমুদ্রের বিক্ষুব্ধ ফেনিল জলরাশির মধ্যে একটা মাছধরার নৌকা। সব দেখে বিস্ময় জাগে। অপরূপ এসব দৃশ্যচিত্র ভিনদেশের নয়, আমাদের চট্টগ্রামেরই। প্রকৃতি ও মানুষের এই টুকরো ছবিগুলো একসঙ্গে জোড়া দিয়েছেন নগরের ছয়জন আলোকচিত্রী।‘বিউটিফুল চিটাগাং’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আজ শেষ দিন। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি বিকেল চারটায়। আয়োজক ভারতীয় সহকারী হাইকমিশন।বান্দরবানের বগালেক, নাফাকুম ঝরনা, কাপ্তাই হ্রদসহ চট্টগ্রামের নানা স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে আলোকচিত্রীদের ক্যামেরায়।প্রদর্শনীতে দৈনিক পূর্বকোণ-এর আলোকচিত্রী মঞ্জুরুল আলম, প্রথম আলোর রাশেদ মাহমুদ, দৈনিক যুগান্তর-এর রাজেশ চক্রবর্তী, ডেইলি সান-এর হাবিবুর রব, দৈনিক কালের কণ্ঠ-এর রবি শংকর চক্রবর্তী এবং সৌখিন আলোকচিত্রশিল্পী কমল দাশের পাঁচটি করে মোট ৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে।প্রদর্শনীতে আসা দর্শকেরা এক কথায় অভিভূতই হয়েছেন বলা চলে। ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ জানালেন তাঁর মুগ্ধতার কথা। সোমনাথ বলেন, ‘চট্টগ্রাম সত্যি অপূর্ব। ভারতের কেরালার সঙ্গে বেশ মিল আছে। পাহাড়, নদী, সমুদ্র—কী নেই এখানে। মানুষের জীবনও খুব রঙিন। আমরা এই সুন্দর চট্টগ্রামকেই তুলে ধরতে চেয়েছি।’ফেনী নদীতে সারি সারি নৌকা। অস্তগামী সূর্যের আলো প্রকাশিত নৌকার রঙিন পাল। মঞ্জুর আলম এভাবেই নদীর চিরচেনা সৌন্দর্যকে তুলে ধরেছেন। ভালো লেগেছে রাশেদ মাহমুদের তোলা গুমাই বিলের ধানের আঁটি নিয়ে চলা কৃষকের ছবি, কমল রুদ্রের পাহাড় চূড়ায় শান্ত বগালেক, রাজেশ চক্রবর্তীর প্রতিমা বিসর্জন, হাবিবুর রবের কাপ্তাই হ্রদ, রবি শংকর চক্রবর্তীর বান্দরবানের মেঘ পাহাড়ের মিতালির ছবি।পেশাগত দায়িত্বের কারণে এই আলোকচিত্রীদের ছুটতে হয় চট্টগ্রামের নানা প্রান্তে। তবু ঘটনা-দুর্ঘটনার পাশাপাশি হূদয়ের খোরাক জোগাড় করতে ভুলে যান না তাঁরা। ঘাসের ওপর এক ফোঁটা শিশির বিন্দুও নজর এড়ায়নি তাঁদের।কমল রুদ্রের মতে, কেবল ক্যামেরায় দক্ষ হলে চলবে না, প্রকৃতিকে দেখার চোখটাই হলো আসল।প্রদর্শনীতে অংশ নিয়ে কেমন লাগছে—এমন প্রশ্নের উত্তরে রবি শংকর চক্রবর্তী জানান, ‘চট্টগ্রামে এর আগেও বহু আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। কিন্তু এবারের প্রদর্শনী একটু ভিন্ন। এই প্রদর্শনীতে শিল্পীরা চট্টগ্রামের সৌন্দর্যকেই বিষয় করেছেন।’ এর আগে ১৫ ফেব্রুয়ারি সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং আলিয়ঁস ফ্রঁসেজের উপপরিচালক গুরুপদ চক্রবর্তী।উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সভায় সোমনাথ ঘোষ বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনেক সুন্দর স্থান রয়েছে। এ ধরনের প্রদর্শনীর উদ্দেশ্য সেটাই তুলে ধরা।’ এম এ মালেক বলেন, ‘ছবি সত্য কথা বলে। চট্টগ্রামের অনেক আলোকচিত্রী আন্তর্জাতিক মানের পদক পেয়েছেন, কিন্তু তাঁদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি মেলেনি। তসলিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আলোকচিত্র একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম। চট্টগ্রামে বহু তরুণ এখন এই মাধ্যমে কাজ করতে আগ্রহী হচ্ছেন।’ বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘নদী, পাহাড়, হ্রদ এবং সাগরের মেলবন্ধন ঘটেছে চট্টগ্রামে। অপরূপ এই জেলার নিসর্গ উঠে এসেছে আলোকচিত্রীদের ছবিতে।’গুরুপদ চক্রবর্তী বলেন, ‘চট্টগ্রামে যাঁরা আলোকচিত্রশিল্পের সঙ্গে যুক্ত, তাঁরা চট্টগ্রামের প্রাণস্পন্দনকে তুলে আনেন।’