আলোকচিত্রে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মৃত্যুফাঁদ’ প্রদর্শনীর একটি আলোকচিত্র
‘মৃত্যুফাঁদ’ প্রদর্শনীর একটি আলোকচিত্র

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রবেশ করতেই মনে পড়ে গেল রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর সেই বিখ্যাত কবিতার পঙিক্তমালা—‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই / আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি/ এ দেশ কি ভুলে গেছে সেই নিঃশব্দের রাত।’ হ্যাঁ—এক ভাই প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন বাংলা কবিতায়, আরেক ভাই এ দেশটাকেই দেখছেন তাঁর ক্যামেরার চোখে, তাঁর আলোকচিত্রমালায়।
আলোকচিত্রী আবীর আবদুল্লাহর ‘মৃত্যুফাঁদ’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি। এই প্রদর্শনীতে মোট ৩৩টি আলোকচিত্র দেখানো হয়েছে, যা যৌথভাবে উদ্বোধন করেন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন।
শিরোনামই একটা ধারণা দেয় প্রদর্শনী সম্পর্কে। ঢাকাবাসীর কাছে অগ্নিকাণ্ড সব সময় ভয়াবহ অভিজ্ঞতা, তা কখনো কখনো প্রাণনাশের হুমকি হিসেবে দেখা দেয়। বাসা থেকে শুরু করে কর্মক্ষেত্র এবং শপিং মল থেকে পাবলিক স্পেস পর্যন্ত কোথাও ভবন নির্মাণ নীতিমালা (বিল্ডিং কোড) মানা হয় না, আগুন নির্বাপণব্যবস্থাও জোরদার করা হয় না। ফলে আবাসস্থল থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানাগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হয়। তার ওপর আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় অগ্নিকাণ্ডে অস্বাভাবিক হারে সম্পদ, ঘরবাড়ি ও জীবন নষ্ট হয়। আর এই ঝুঁকির মধ্যে পড়ছেন সব শ্রেণী পেশার মানুষ। ২০১২ সালের নভেম্বরে তাজরীন ফ্যাশন কারখানায় দেশের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় কমপক্ষে ১১২ জন শ্রমিক মারা যাওয়ার ঘোষণা করা হলেও মৃতের সংখ্যা আরও বেশি ছিল।
রাজধানীবাসী যে প্রতিনিয়ত আগুনের ঝুঁকিতে রয়েছেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আবীর আবদুল্লাহ বেশ কিছু বছর ধরে কাজ করছেন। তিনি তাঁর কাজের মধ্য দিয়ে দেখেছেন, অগ্নিকাণ্ডের সময় সাধারণ মানুষ অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বাজি রাখছেন। যথার্থ প্রশিক্ষণ ও সরঞ্জামের ঘাটতি উদ্ধারকর্মীদের উদ্ধারকাজে অংশ নিয়ে অগ্নিকাণ্ডে আহত ও ভীতসন্ত্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তিনি বিশ্বাস করেন, তাঁর ছবিগুলো সচেতনতা বৃদ্ধি করবে এবং আশা করেন, গোটা জনগোষ্ঠীর জানমাল রক্ষার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিতে এই ছবিগুলো অনুঘটকের কাজ করবে।