আলোর খেলা না রঙের—বোঝার আগেই দৃষ্টি কাড়ছে পাশের ছবি। সেখানে হাতছানি দিচ্ছে হয়তো নদীর অপরূপ সৌন্দর্য নয়তো নদীপারের জীবনচিত্র-সংস্কৃতি। আলোকচিত্রের ফ্রেমে বন্দী প্রকৃতির খেয়ালিপনা, বৈচিত্র্য, সংগ্রামী মানুষের ঘর-গৃরস্থালী, যাপিত জীবনের প্রতিচ্ছবি, শিশু-কিশোরের দুরন্তপনায় মুগ্ধ দর্শক। এখানেই শেষ নয়, প্রদর্শনী ঘুরে দেখার পর বুকটা হু হু করে উঠছে তাঁদের। ভাবনা একটাই—এ সৌন্দর্য অমলিন থাকবে তো! দখল, দূষণ আর নদীর গতিপথ পরিবর্তনে হারিয়ে যাবে না তো আবার। এ ভাবনা থেকেই জাগছে নদীর প্রতি, দেশের প্রতি গভীর মমত্ববোধ, ভালোবাসা। নগরের জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারির দোতলায় কবির হোসেনের ‘নদী ও জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর চিত্র এটি। ২৩ ডিসেম্বর ব্যতিক্রমী এ প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। ওই দিন প্রদর্শনী ছিল জমজমাট। উপস্থিত ছিলেন কবি আবুল মোমেন, ক্যানভাস সম্পাদক কানিজ আলমাস খান, এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহা, আলোকচিত্রী শোয়েব ফারুকীসহ নগরের সৃজন ও মননশীল লোকজন। শুধু তাই নয়, প্রতিদিনই আসছেন দর্শক, বিক্রি হচ্ছে ছবি।সরেজমিন দেখা গেছে, আলোকচিত্রগুলোর বিষয়, বৈচিত্র্য, বিন্যাস হয়েছে মুগ্ধতাজাগানিয়া। দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য, শৈল্পিক রূপ, আলোর খেলা আর রঙের মেলায় প্রতিটি ছবিই হয়ে উঠেছে জীবন্ত। ছবিই যেন কথা বলছে, তুলে ধরছে—না বলা অনেক কাহিনি। কালনী নদীর পাড়ে বাউলসম্রাট শাহ আবদুল করিমের দুর্লভ ছবিটি মনে করিয়ে দিচ্ছে ‘আমি কুলহারা কলঙ্কিনী/ আমারে কেউ ছুঁয়ো না কো সজনী’ গানটি।গত বছরের (২০০৯) নভেম্বরে কবির হোসেনের এ প্রদর্শনী মাসব্যাপী চলেছিল জাপানে। শিরোনাম ছিল ‘ডকুমেন্টারি ফটো ফেস্টিভাল মিয়াজাকি ইন জাপান’, ছবিগুলো তখন বেশ প্রশংসিত হয়েছিল বিদেশিদের কাছে। কবির হোসেন বলেন, ‘নদীপারে জন্ম, নদীপারেই বেড়ে ওঠা। পাল তোলা নৌকা দেখলে আমার চোখে পানি চলে আসে। ২০০১ সালে যখন ছবি তোলার নেশা পেয়ে বসে, তখন মনের অজান্তেই নদী ও নদীপারের মানুষই আমার বিষয় হয়ে ওঠে। আমি বুঝতে পারলাম, দখল-দূষণ আর গতিপথ পরিবর্তনের ফলে একদিন নদীর এ সৌন্দর্য বিলুপ্ত হয়ে যাবে। অনেক নদীর ছবি তুলতে গিয়ে ফিরে আসতে হয়েছে, কারণ নদী তার যৌবন হারিয়ে ধুঁকে ধুঁকে মরছে দেখে। নদী না বাঁচলে দেশ বাঁচবে না। আমাদের বাণিজ্য, ঐতিহ্য, আবহাওয়া, জলবায়ু, জনজীবন, সংস্কৃতি—সবই নদীকে ঘিরে। নদীর সংস্পর্শে এসে বিকশিত হয়েছে অনেক কবি-সাহিত্যিক, চিন্তাবিদ, দার্শনিক ও মনীষীর প্রতিভা। নদী মরে গেলে এ ধারা বন্ধ হয়ে যাবে।’‘পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, কীর্তনখোলা, সোমেশ্বরী, ইছামতী, বালু, কালনী, ধলেশ্বরী, কালীগঙ্গা, মহানন্দা, শীতলক্ষ্যা নদী ও নদীপারের জনজীবনের নানা ছবিতে মূর্ত হয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে কবির হোসেন মুনশিয়ানার ছাপ রেখেছেন।’ বললেন প্রদর্শনী দেখতে আসা অনুপম দাশ। প্রদর্শনী দেখে দর্শকের মন্তব্য লেখার ব্যবস্থা রাখা হয়েছে। মুরাদপুরের মো. আলমগীর তাতে লিখেছেন, ‘নদীর রূপ ও মানুষের আবহমান জীবনধারা আলোকচিত্রে সুন্দরভাবে ফুটে উঠেছে—যা সত্যিই আমাকে বিমোহিত করেছে।’তবে কারও কারও কণ্ঠে আছে অনুযোগ—চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রামের নদ-নদীর কোনো ছবি প্রদর্শনীতে নেই। বিশ্বের বিস্ময় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা, কর্ণফুলী কিংবা শঙ্খের ছবি রাখা উচিত ছিল। এ ব্যাপারে কবির হোসেন বলেন, ‘কর্ণফুলী, হালদা, শঙ্খসহ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নদ-নদী ও জনজীবনের ওপর কাজ শুরু করেছি। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছে নূরজাহান গ্রুপ।’ সূত্র জানায়, ইতিমধ্যে শৈল্পিক কিছু ছবি বিক্রি হয়েছে ১৫, ১২ ও আট হাজার টাকায়। আরও কিছু ছবি বিক্রির কথা চলছে।শুধু ছবি দেখা নয়, দর্শক চাইলে ছবিগুলো সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে পারছেন। প্রদর্শনীর শিরোনামেই সুদৃশ্য একটি বই প্রকাশ করেছে বাংলা ট্র্যাক লিমিটেড। বিশাল এ বইটি পাওয়া যাচ্ছে মাত্র ৯৫০ টাকায়। আর হ্যাঁ, প্রদর্শনীর ছবি ও বই বিক্রির টাকাগুলো অনুদান হিসেবে দেওয়া হবে মুন্সিগঞ্জের দোসরপাড়ার লালন সংগীত বিদ্যালয়ে। নূরজাহান গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রদর্শনী ৩১ ডিসেম্বর পর্যন্ত (বিকেল চারটা থেকে রাত আটটা) সবার জন্য উন্মুক্ত থাকবে।