আলোকচিত্রে প্রথম বিশ্বযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত প্রদর্শনী দেখছেন অতিথিরা
আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত প্রদর্শনী দেখছেন অতিথিরা

১৯১৪ থেকে ১৯১৮ সাল। বিশ্বে বেজেছে যুদ্ধের দামামা। দলে দলে বিভিন্ন দেশ থেকে যোগ দিয়েছেন সেনারা। যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি শেষে শুরু হলো আরেক যুদ্ধ। পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার সে যুদ্ধ চলছে এখনো। যেসব সেনা প্রথম বিশ্বযুদ্ধে জীবন বাজি রেখে যোগ দিয়েছিলেন সুন্দর একটি পৃথিবীর জন্য, তাঁদের কথা স্মরণ করে ২৩ থেকে ২৭ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আলোকচিত্র প্রদর্শনী। প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকী উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম মিলনায়তনে আয়োজন করা হয় ‘যুদ্ধ ও উপনিবেশ, ১৯১৪-১৯১৮’ শিরোনামে এ প্রদর্শনীর। 
২৩ নভেম্বর প্রদর্শনী উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সাবেক পরিচালক আদিল হোসেন। এরপর শুরু হয় আন্তর্জাতিক সম্মেলন। এতে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রান্সের ফ্রঁসোয়া বুঁতো, লেখক মফিদুল হক, মাহমুদুল হক, ইমরান হোসেন, মো. আনোয়ারুল ইসলাম ও গুরুপদ চক্রবর্তী। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, উপমহাদেশে এর প্রভাব, তৎকালীন সংবাদপত্রের ভূমিকা থেকে শুরু করে স্বাধীনতার কথা উঠে আসে প্রবন্ধগুলোতে। এ উপমহাদেশ থেকে রণাঙ্গনে অংশ নেওয়া রণদা প্রসাদ সাহা ও কাজী নজরুল ইসলামের নাম উঠে আসে বক্তাদের আলোচনায়। সম্মেলন শেষে বড় পর্দায় দেখানো হয় প্রথম বিশ্বযুদ্ধে সাধারণ মানুষ ও সেনাদের লড়াইয়ের চিত্র নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘অ্যাপোকেলিপ্স’। প্রামাণ্যচিত্রের প্রদর্শনী শেষে আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন সময়কার দুর্লভ মুহূর্তের চিত্র ফুটে উঠেছে প্রদর্শনীতে স্থান পাওয়া ৩২টি আলোকচিত্রে। এ উপমহাদেশের সেনাদের প্রশিক্ষণ গ্রহণ, যুদ্ধযাত্রা, খাবার গ্রহণ, বিনোদনসহ পুরো জীবনগাথা উঠে এসেছে এসব ছবিতে।
প্রদর্শনীর আয়োজন প্রসঙ্গে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার বলেন, ‘বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমরা এসব দুর্লভ আলোকচিত্র সংগ্রহ করেছি। প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে জানাতে চাই প্রথম বিশ্বযুদ্ধ কতটা ভয়াবহ ও বিভীষিকার সাক্ষ্য বহন করে।’