আলোকচিত্রীরা সময়কে ধরে রাখেন। ফ্রেমে বন্দী করেন বহমান জীবনকে। ১২-১৫ এপ্রিল শিল্পকলা একাডেমীর গ্যালারিতে বাংলাদেশের জীবন ও প্রকৃতির নানা টুকরা ছবিই যেন দেখলেন দর্শক। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট চট্টগ্রাম শাখার আয়োজনে এ প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন ৩৯ জন আলোকচিত্রী।আলোকচিত্র শিক্ষার এ প্রতিষ্ঠানের নতুন ও পুরোনো শিক্ষার্থী ও শিক্ষকদের তোলা ছবি নিয়ে এ প্রদর্শনী। নদীর বুক চিরে চলে যাওয়া ডিঙি নৌকা, অলস ট্রেনের গায়ে বিকেলের আলোছায়া, আদিবাসী নারীর স্নানের মুহূর্ত এমন অনেক ছবিই দেখা গেল প্রদর্শনীতে। শোভন আচার্যের ছবিতে দেখা গেল বীজ থেকে অঙ্কুর গজিয়ে ওঠার দুর্লভ মুহূর্ত, আসমা বীথির ছবির বিষয় আদিবাসীদের উৎসব, এম এস ইসলাম ফ্রেমবন্দী করেছেন গরুর পাল নিয়ে যাওয়া রাখালের ছবি।পাঠশালার ফ্যাকাল্টি মডারেটর শামসুল ওয়ারেস জানান, এবারের প্রদর্শনীর জন্য প্রচুর ভালো ছবি পেয়েছেন তাঁরা। বেশির ভাগ আলোকচিত্রীরই একাধিক ছবি স্থান পেয়েছে। দর্শক সমাগমও হয়েছে আশানুরূপ। বিক্রিও হয়েছে।রূপ, রস ও সুন্দরের জয়জয়কার ছিল এ প্রদর্শনীতে। আহমেদ রাসেল, সামিউল ওয়ারেস, মো. জাফর খান, সোহেল, রিদওয়ান, সরওয়ার ও বাবর আলীর ছবি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। নবীন ও প্রতিভাবান একদল আলোকচিত্রীর উঠে আসার সংবাদই যেন প্রচার করল এ প্রদর্শনী।