অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। সবুজের মাঝে যেন উৎসবের আমেজ। ইতিহাস, ঐতিহ্য ও সংসৃ্কতি এই সৌন্দর্যকে দিয়েছে গভীরতা। ক্যামেরার চোখে বাংলাদেশের এমন অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন আলোকচিত্রী অরিন্দম মুখার্জী।গত শনিবার নগরের শিল্পকলা একাডেমীর গ্যালারি কক্ষে শেষ হয়েছে ‘গ্লিম্পসেস অব বাংলাদেশ’ শিরোনামে অরিন্দম মুখার্জীর একক আলোকচিত্র প্রদর্শনী। চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন এই অনুষ্ঠানের আয়োজক।কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ববিদ্যায় পিএইচডি করছেন অরিন্দম মুখার্জী। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনও তাঁর আগ্রহের বিষয়। তাঁর তোলা ছবিগুলোই এর প্রমাণ। পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য, ইতিহাস-ঐতিহ্য ও উৎসব উদ্যাপনের টুকরো মুহূর্ত ধারণ করেছেন তিনি ক্যামেরায়। প্রদর্শনীতে আলোকচিত্র রয়েছে ৫৯টি।প্রদর্শনীতে বান্দরবানের স্বর্ণ মন্দির, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, সিলেটের হজরত শাহজালাল (রা.) মাজার, দিনাজপুরের কান্তজির মন্দির, রাঙামাটির বৌদ্ধবিহার, বগুড়ার বেহুলা-লক্ষ্মীন্দরের বাসরঘর ও ঢাকার গুরুদুয়ারার ছবিও দেখা গেল। নিদর্শনের পাশাপাশি বসন্ত উৎসব, কালী পূজা, ঈদ উৎসবসহ বিভিন্ন উৎসব উদ্যাপনের ছবিও পাওয়া গেল।অরিন্দমের আলোকচিত্র অন্য এক বাংলাদেশকে তুলে ধরেছে। যে সৌন্দর্য দেখতে আমরা অভ্যস্ত, সেই সৌন্দর্য যেন নতুন ব্যঞ্জনা নিয়ে হাজির হলো। প্রদর্শনী দেখতে এসেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহানুর আঞ্জুমান। তিনি বলেন, ‘এখানে এসে বাংলাদেশকে আবার নতুন করে আবিষ্কার করতে পারলাম। এ দেশের এমন রূপ-বৈচিত্র্যের কথা জানতাম না। তাই খুব ভালো লাগছে।’এর আগে গত শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্ধোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ।