সামনেই বিশাল আবর্জনার স্তূপ। উৎকট দুর্গন্ধ বের হচ্ছে সেই স্তূপ থেকে। পাশেই বিমর্ষ দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন এক যুবক। তাঁর চোখে-মুখে আতঙ্কের ছাপ। কানে বাজছে পরিবেশের আর্তনাদ। ঠিক এ রকমই এক দৃশ্য ক্যামেরাবন্দী হলো শুভ্র পারভেজের ক্যামেরায়। এটা কোনো অস্বাভাবিক চিত্র নয় বরং প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া পরিবেশবিধ্বংসী ঘটনার প্রতিচ্ছবি। হ্যাঁ, মানুষ এভাবে নিজেই তার পরিবেশ ধ্বংস করছে। অবচেতন মনে এ রকম পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড চালিয়ে আসছে হাজার বছর ধরে। ক্রমেই পৃথিবী মানুষের বসবাসের জন্য হুমকি হয়ে উঠেছে। এই মুহূর্ত থেকে পরিবেশ রক্ষায় জরুরি উদ্যোগ না নিলে এমন এক সময় আসবে, যখন মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। সেই হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলোকে তুলে ধরতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। গত ২৩ জুলাই মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমাদের মনের অজান্তে ঘটে যাওয়া কিছু ছোট ছোট ঘটনা দারুণভাবে ধ্বংস করছে আমাদের পরিবেশ, আগামী প্রজন্মের আবাসস্থল। মানুষের একটু সচেতনতাই পারে পরিবেশকে রক্ষা করতে।’ গত ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চলে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশবাদী সংগঠন স্টুডেন্ট ক্লাইমেট সেল আয়োজিত এ প্রদর্শনীতে ১৭ বিশ্ববিদ্যালয় ও ৫৫টি ব্যক্তিগত ফটোগ্রাফি দলের ১২০টি আলোকচিত্র স্থান পায়। ‘বিটুইন লাইফ অ্যান্ড ডেথ’, ‘স্টোর অব গারবেজ’, ‘হ্যাম্পারিং ইকোসিস্টেম’, ‘অবসান, রোড সাইড হ্যাজার্ড’, ‘দ্যা ইনফেরাল পিট’, ‘আওয়ার ন্যাচার ইফ ইট রিমেইন আনপ্ল্যান’, ‘ব্ল্যাক সোসাইটি’, ‘সিংকিং ফিউচার’ শিরোনামের আলোকচিত্রগুলোতে দারুণভাবে ফুটে উঠে পরিবেশের বেহাল চিত্র। পরিবেশ ধ্বংসের এমন চিত্র দর্শকদের মনে ব্যাপকভাবে নাড়া দেয়। এ প্রসঙ্গে অনুষ্ঠানের সমন্বয়ক সজল চৌধুরী বলেন, ‘অবহেলায় প্রতিনিয়ত আমরা দূষিত করছি আমাদের পরিবেশ, নষ্ট করছি সুন্দর ভবিষ্যৎ। আর এ ছোট ছোট কর্মকাণ্ড চিত্রের মাধ্যমে তুলে ধরে জনসচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েতুল হেলাল, স্টুডেন্ট ক্লাইমেট সেলের সমন্বয়ক সজল চৌধুরী, আইইবির (চট্টগ্রাম স্থপতি ইনস্টিটিউট) সাধারণ সম্পাদক নাজমুল লতিফ, স্থপতি বিধান রড়ুয়া, মো. রবিউল আলম, সুলতান মোহাম্মদ প্রমুখ।