বিদ্যালয়ের বারান্দায় দুই পাশে শোভা পাচ্ছে অসংখ্য আলোকচিত্র। নিবিষ্ট মনে শত শত কোমলমতি শিক্ষার্থী তা দেখছে। তাদের চোখের সামনে একটি জাতির ইতিহাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জীবনের নানা দুর্লভ চিত্র। ১৯৪৮ সালের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই মহামানবটির সংগ্রামী জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার ছবি। এ ছাড়া দেয়ালে শোভা পাচ্ছে ১৯৫২ থেকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের নানা উত্থান-পতনের ছবি। ৭ আগস্ট চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে এ ধরনের একটি প্রদর্শনী হয়ে গেল। ‘ইতিহাস কথা বলে—সংগ্রাম থেকে স্বাধীনতা’ শীর্ষক এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকেই যেন ধারাবাহিকভাবে প্রত্যক্ষ করল। বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধানে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ আয়োজিত শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর সময় আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডার মোহাম্মদ আনোয়ার মিয়া, মুক্তিযোদ্ধা এ কে রশিদ সিদ্দিকী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইছমাইল। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ গোলাম জাহিদ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘বঙ্গবন্ধু-স্বাধীনতা একসূত্রে গাঁথা। আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। যে জাতি ইতিহাস জানে না, সে জাতি চলতে পারে না। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের গৌরবের।’ চিত্র প্রদর্শনী ঘুরে দেখে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মুনতাহিনা বিনতে আবেদীন জানায়, ‘ছবিগুলোর মাধ্যমে বুঝতে পারলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য কী কী করেছেন।’ নবম শ্রেণীর শিক্ষার্থী রিমানা শরফুদ্দীন জানায়, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন —এই ছবিগুলো তা-ই প্রমাণ করে। এ জন্য তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।’ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাওয়াদ বিন আনোয়ার জানায়, ‘এতগুলো ছবি জীবনে প্রথমবার দেখলাম।ছবিগুলোর মাধ্যমে আমি ভাষা আন্দোলন, স্বাধীনতাসংগ্রামের ইতিহাস অনুভব করতে পারছি।’ বিশেষ অতিথি নৌ-কমান্ডার মোহাম্মদ আনোয়ার মিয়া বলেন, ‘নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এই ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’