প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের নাগরিক জিবি ম্যাথিও, বেনেজির ইয়াকুব। পড়াশোনা করতে এসে বাংলাদেশে পরিচয় হয় দুজনের। দুজনেই ছবি তুলতে ভীষণ পছন্দ করেন। সবুজ প্রকৃতি নিয়েই তাঁদের বেশ আগ্রহ, তাই তো তাঁদের ছবি তোলার বিষয় প্রাকৃতিক নৈসর্গ্য। জিবি ও বেনেজিরের মতো এ রকম অর্ধশত শিক্ষার্থীর ৫০টি ছবি নিয়ে ৫ ও ৬ এপ্রিল আয়োজন করা হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ক্যাম্পাসে ‘ন্যাশনাল ফটো কার্নিভ্যাল ২০১৩’।এই ছবি উৎসবের আয়োজন করে এইউডব্লিউ ফটোগ্রাফি ক্লাব। ভারতের শিক্ষার্থী শেরন পানাক্কেল ও বাংলাদেশের তানজিলা মজুমদারের ছবি তুলতে তুলতে জমে ওঠে সখ্য। তাঁদেরও ছবি ছিল এই প্রদর্শনীতে। শুধু এইউডব্লিউ নয়, সরকারি-বেসরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী জাভেদ মিয়াদাদ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী শান্তুনু বিশ্বাস অংশ নেয় এ আয়োজনে। তাঁরা হাজির হন তাঁদের তোলা নানা ধরনের পোট্রেট ও স্থাপত্যের ওপর ছবি নিয়ে। সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন দুই বন্ধু সানজিদা আফরিন, রাকা ইসলাম। ছোটবেলা থেকেই তাঁদের ইচ্ছা, বড় হয়ে তাঁরা আলোকচিত্রী হবেন। তাই শখ থেকেই যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবে। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতা শোনাতে আসেন আলোকচিত্রী জসীম সালাম ও এম আর হাসান। এ ছাড়া ক্লাবের উপদেষ্টা ক্লডিও কেমবন এসেছিলেন ফ্রান্স থেকে।এমন আয়োজন নিয়ে আয়োজকদের একজন ক্লাব প্রেসিডেন্ট বেনেজির জানান, শিক্ষার্থীদের ছবি তোলার এমন উৎসব বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে অন্যান্য দেশের শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরিতে বেশ সহায়ক। বিভিন্ন দেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের বাংলাদেশ সম্পর্কে বেশ ভালোভাবে জানার আগ্রহ সৃষ্টির জন্য এই আয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ছবি তোলায় আগ্রহী করে তোলাও ছিল এমন আয়োজনের একটি অন্যতম কারন। প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীদের তোলা ছবি ছিল বেশি। এমন আয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও অংশ নেন। নারী শিক্ষার্থীদের পরিকল্পনায় চট্টগ্রামে এমন আয়োজনে অংশ নিতে পেরেও তারা বেশ উচ্ছ্ব্বসিত। দুই বন্ধু ইউমনা ও স্বর্ণা, নিজেদের ছবি নিয়ে হাজির হন উৎসবে। দুজনের আগ্রহ একটু ভিন্ন। একজনের শখ প্রকৃতি, আরেকজনের শহুরে জীবন। তাই তো দুজনেই প্রদর্শনীর অন্যান্য ছবি দেখছিলেন খুটিয়ে। উৎসবের শেষ দিনে সেরা দুটি ছবিকে পুরস্কার প্রদান করা হয়। উৎসবের দুই দিনই ক্যাম্পাসে ভীষণ আনন্দে ছিলেন পরাগ, নোভা, তাসনিয়া, ক্রিস্টিনা ও অনন্যা। সবার আগ্রহ ছবি তোলা। বাংলাদেশের ছবি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর স্বপ্ন দেখে আলোকচিত্রীর এই দল।