আলোকচিত্রের রত্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রত্না চৌধুরী
রত্না চৌধুরী

‘ছবি তোলার কাজটা কতখানি উপভোগ করেন?’ শুনে রত্না চৌধুরী কিছুটা চিন্তায় পড়ে গেলেন। পারসোনা স্টুডিওর আলোকচিত্রী তিনি। ক্যামেরার সঙ্গেই কাটে সারা দিন। শখ, নেশা, পেশা—সবই ক্যামেরা ঘিরে। বললেন, ‘এখানে আমি মূলত বিয়ের ছবি তুলি। বউ সাজলে একেক জনকে একেক রকম সুন্দর দেখায়। কারও নতুন জীবন শুরু করার আগের মুহূর্তটা ক্যামেরায় বন্দী করতে পারাটা খুব আনন্দের।’
আলোকচিত্রী হিসেবে নিজেকে গড়তে পেরে যিনি এতটা উচ্ছ্বসিত, কেমন ছিল তাঁর ফেলে আসা পথটা?
চার ভাইবোনের মধ্যে সবার ছোট তিনি। ছোটবেলায় স্বপ্ন ছিল চিকিৎসক হবেন। দিনাজপুর সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রীটি যখন রাজশাহী মেডিকেল কলেজে লিখিত পরীক্ষায় টিকে গেল, পরিবারের সবার আনন্দ আর দেখে কে! কিন্তু বিধিবাম। ‘মৌখিক পরীক্ষায় এসএসসি, এইচএসসি পরীক্ষার সনদপত্রগুলো নিয়ে যেতে হতো। অথচ আমি ভুলে নিয়ে যাইনি। তাই শেষ পর্যন্ত আর মেডিকেলে পড়া হলো না।’ বলছিলেন রত্না।
বন্ধুরা তখন বিমানের কেবিন ক্রু হওয়ার জন্য আবেদনপত্র জমা দিচ্ছে। রত্না ভাবলেন, চেষ্টা করেই দেখি। প্রথম পরীক্ষায় টিকে গেলেও দ্বিতীয় পরীক্ষায় আবারও হলেন দুর্ভাগ্যের শিকার। অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে পারলেন না। অবশেষে রত্নার ঠাঁই হলো ফুজি কালার ল্যাবে। ‘আমার বাবা, কাকা, দাদার (বড় ভাই) ছবি তোলার ঝোঁক ছিল। দিনাজপুরের বাসায় ছবি প্রিন্ট করার ব্যবস্থাও ছিল। সেখানে দাদার সঙ্গে আমি প্রিন্টিংয়ের কাজ করেছি। তবে আমার হাতে তখনো ক্যামেরা ওঠেনি। ফুজি কালার ল্যাবে প্রিন্টিংয়ের কাজ সাধারণত ছেলেরাই করত। আমিই প্রথম মেয়ে হিসেবে এই কাজে যোগ দিলাম।’ স্মৃতিচারণা করছিলেন রত্না। তিনি তখন সদ্য ঢাকায় পা রাখা এক তরুণী, ভাগ্যের চাকা তাঁকে কোথায় নিয়ে যাচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছিলেন না।
’৮৬ সালের কথা। ফুজিতে কাজের পাশাপাশি রত্না পড়ালেখা চালিয়ে গেলেন ঢাকা সিটি কলেজে। ফুজি কালার ল্যাবেই কেটে গেল প্রায় ২০ বছর। একসময় তাঁকে একঘেয়েমিতে পেয়ে বসল।
তত দিনে বিখ্যাত আলোকচিত্রীদের সঙ্গে পরিচয় হয়েছে রত্না চৌধুরীর। শহিদুল আলম, ইকবাল আহমেদদের তোলা ছবি ডার্করুমে প্রাণ পেত রত্নার হাতে। এত সব সুন্দর ছবি দেখতে দেখতে ক্যামেরার ফ্রেম, লাইট—এসব খুঁটিনাটি বিষয়ে একটা ধারণা হয়ে গিয়েছিল। রত্না ভাবলেন, এবার অন্য কিছু চেষ্টা করি।
‘প্রথমে চিত্রগ্রাহক হিসেবে যোগ দিলাম চ্যানেল ওয়ানে। সেখানে প্রায় এক বছর কাজ করেছি। মাঝে আলোকচিত্র বিষয়ে একটা কোর্স করেছি। এরপর ২০০৭-এর দিকে আমার পারসোনার স্টুডিওতে যোগ দেওয়া। এখন পর্যন্ত কাজ করছি।’
কেবিন ক্রু হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় পা রাখা মেয়েটি এখন পুরোদস্তুর আলোকচিত্রী। তাঁর দুই সন্তানের একজন প্রকৌশলী, আরেকজন এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। রত্না চৌধুরী বলছিলেন, ‘একসময় আলোকচিত্রীদের অধিকাংশই ছিল ছেলে। এখন এই শিল্পে ছেলে-মেয়ের সংখ্যা প্রায় সমান। এভাবেই মেয়েরা সব ক্ষেত্রে এগিয়ে যাক, সেটাই প্রার্থনা করি।’