আলোকিত-আরএসআরএম কুইজ শেষপর্বের ড্র অনুষ্ঠিত
প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রাম আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট কুইজের শেষপর্বের ড্র গত রোববার অনুষ্ঠিত হয়েছে। ‘আলোকিত-আরএসআরএম বিশ্বকাপ কুইজ’ শিরোনামের এ প্রতিযোগিতার শেষপর্বে বিপুল সাড়া পাওয়া যায়। লক্ষাধিক কুপন থেকে লটারির মাধ্যমে সেরা তিনজনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।প্রথম পুরস্কার ল্যাপটপের জন্য মনোনীত হয়েছেন অরকিড সুয়েটার লিমিটেডের মো. রাশেদ উদ্দিন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হন যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিজিত চক্রবর্তী ও চকবাজারের শ্রাবণ লাইব্রেরির মোহাম্মদ আবু তাহের। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে একটি ১০ সিএফটি ফ্রিজ ও একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত-আরএসআরএম বিশ্বকাপ কুইজের সহযোগী (স্পন্সর) প্রতিষ্ঠান আরএসআরএমের ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মোহাম্মদ আবুল কাশেম ও নির্বাহী (বিক্রয়) মো. মহিউদ্দিন ইমতিয়াজ।ড্র অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। তিন পর্বের বিজয়ী ব্যক্তিদের হাতে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে। শেষপর্বের ড্রয়ের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের মাসব্যাপী কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রসঙ্গত, আলোকিত চট্টগ্রাম ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।