আলোকিত আরএসআরএম বিশ্বকাপ কুইজের প্রথম পর্বের ড্র
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোতে এবার কুইজের ছড়াছড়ি। মূল কাগজে বিশ্বকাপ নিয়ে প্রতিবেদন, বিশ্লেষণ ও কলামের পাশাপাশি প্রতিদিনই প্রকাশিত হচ্ছে বিশেষ ক্রোড়পত্র। দেশের ক্রিকেট-পাগল পাঠকদের কথা বিবেচনা করেই এমন আয়োজন। এ ছাড়া ক্রিকেট নিয়ে প্রতিদিনই থাকছে আকর্ষণীয় সব কুইজ। প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রাম-আরএসআরএম বিশ্বকাপ কুইজও জমে উঠেছে। দর্শকদের অংশগ্রহণে এই কুইজ প্রতিযোগিতাটি ইতিমধ্যে উৎসবের রূপ ধারণ করেছে। তিন পর্বের এই কুইজের প্রথম পর্বের ড্র গত সোমবার প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চকবাজার এলাকার মো. রাশেদ খান। তিনি পাবেন একটি ল্যাপটপ। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে বহদ্দারহাটের মোহাম্মদ ইব্রাহিম ও রাঙ্গুনিয়ার সৈয়দ বাড়ির আবু জাহেদ। তাঁরা পাবেন যথাক্রমে একটি ফ্রিজ ও একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসআরএমের করপোরেট বিভাগের নির্বাহী কাজী জিয়াউর রহমান ও প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অংশগ্রহণকারীদের সামনেই অনুষ্ঠিত হয় এ ড্র। আলোকিত বিশ্বকাপ কুইজের প্রথম পর্বে লাখখানেক কুপন পড়েছে। এরপর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় পর্বের কুইজের ড্র। বিশ্বকাপ শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিন পর্বের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।