আলোকিত ঈদ ফ্যাশনের এক যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলেদুলে আলো-আঁধারি মঞ্চ আলো করল ১২ শিশু। গায়ে তাদের নতুন পোশাক। ঈদ ফ্যাশন প্রতিযোগিতার এ পর্বটি আকর্ষণীয়। তাই প্রতিবারই দর্শকেরা প্রতীক্ষা করেন। যেমন প্রতীক্ষা তাঁদের ঈদের জন্য। আর ঈদের ঘণ্টি বাজার আগেই এ অঞ্চলের ফ্যাশনসচেতন মানুষগুলো তাকিয়ে থাকে এ প্রতিযোগিতার দিকে—‘আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা।’ মঞ্চটি আরও আলোকিত হলো যখন শিশুদের হাত ধরে শুভ্রবসনে মঞ্চে এলেন অভিনেত্রী অপি করিম। মুখে টোল পড়া হাসি। সত্যি সত্যি আলোকিত প্রতিযোগিতাটি। প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা ‘আলোকিত চট্টগ্রাম’-এর এ আয়োজনটি এবার এক যুগ পূর্ণ করল। যুগপূর্তির মঞ্চে দাঁড়িয়ে বক্তাদের মুখে তাই এর জয়গান। দীর্ঘ পথ পাড়ি দেওয়া প্রতিযোগিতাটি এ অঞ্চলের ফ্যাশনসচেতন মানুষকে নিত্যনতুন ডিজাইন সম্পর্কে একটি আগাম ধারণা দিয়ে গেছে সবসময়। এমন কথাই শোনা গেল তাঁদের মুখে। তবে অপি করিমের কাছে ফ্যাশন ও স্টাইলটি অন্য রকম। তিনি বলেন, ‘আমাকে আয়নার সামনে যদি ভালো লাগে সেটাই হচ্ছে আমার ফ্যাশন।’ সঙ্গে সঙ্গে করতালিতে মুখর মিলনায়তন। এরপর তিনি বাংলার চিরায়ত সুতি কাপড়ের প্রশংসা করলেন। অনুষ্ঠানজুড়েও ছিল বাঙালিত্বের জয়গান। বাবুল জলদাসের ঢোলবাদন দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ফাঁকে ফাঁকে সঞ্চারী ও প্রাপণ একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় ফ্যাশন প্রতিযোগিতার কোরিওগ্রাফি। কত রঙের কত ঢঙের শাড়ি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, সালোয়ার-কামিজ। বিচারকদের মতো দর্শকেরাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। হয়তো এখনই আগাম একটা পরিকল্পনা তাঁদের মনে— কোন ডিজাইনের পোশাকটি এবারের ঈদে তাঁদের মানাবে। মোট ১৩টি বিভাগে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ফ্যাশন প্যারেডের মাঝে নিশীতা বড়ুয়া ও শিল্পী সন্দীপন দর্শকদের মাতিয়ে তোলেন গানে গানে। সর্বশেষ পর্বে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, ‘সমাজের অন্তর্নিহিত গতির বহিঃপ্রকাশ ফ্যাশন। সংস্কৃতির বহিঃপ্রকাশ। পোশাকশিল্পের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের বিকাশ ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘এ প্রতিযোগিতার মধ্য দিয়ে ডিজাইনারদের উদ্ভাবনী ক্ষমতার প্রকাশ পাওয়া যায়। একদিন ওয়েস্টার্ন ফ্যাশনকেও ছাপিয়ে যাবে আমাদের ফ্যাশন।’ ১২ বছর ধরে এ প্রতিযোগিতার পরিচিত বক্তা কবি-সাংবাদিক আবুল মোমেন। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি সেই কথাটি মনে করিয়ে দিলেন। তিনি বলেন, ‘একাত্তর আমাদের রং ও তারুণ্য দিয়েছে। আগে সমাজে যে বার্ধক্যের ছাপ ছিল তা ভাঙতে শুরু করেছে মুক্তিযুদ্ধের পর থেকে। পরিবর্তনের এ প্রক্রিয়া চলছে। দিন বদলের প্রক্রিয়াটি যেন বন্ধ না হয়। প্রতিবছর নতুন নতুন ডিজাইন নিয়ে ঈদ আসুক।’ কবি কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। ধন্যবাদ বক্তব্য দেন আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার স্পনসর প্রতিষ্ঠান রেমন্ড লিমিটেডের তামান্না গুলশান। এভাবে আস্তে আস্তে সময় ঘনিয়ে আসে। ঘনিয়ে আসে পুরস্কারের পালা। ১৩টি বিভাগের সেরা ডিজাইনারেরা নিজেদের আলোকিত করেন পুরস্কার হাতে। তবে প্রতিযোগিতায় অংশ না নিয়েও আলোকিত মুখে বাড়ি ফিরেছে ১০ জন দর্শক।