আলোকিত জীবন জলপুত্রের জীবন জয়
জেলেপাড়া থেকে স্কুলে আসা ছেলেটির পাশে কেউ বসতে চাইত না। বসলেও খানিকটা দূরত্ব রেখেই বসত। বাপ-ঠাকুরদার পেশা মাছ ধরা। কৈবর্তের সন্তান সে। তাই জাত যাওয়ার ভয়ে তাঁর সঙ্গে মিশতে চাইত না সহপাঠীরা। কিন্তু এসব কিছুই দমাতে পারেনি ছেলেটিকে। প্রতিটি পরীক্ষায় ভালো ফল করে বিস্মিত করল শিক্ষকদের।প্রাথমিকের বাধা ডিঙিয়ে মাধ্যমিকে ভর্তি হতেই বাবার সঙ্গে মাছ ধরতে সমুদ্রে যেতে হলো তাঁকে। বাবা পণ করেছিলেন, ছেলেকে এ পেশায় আনবেন না। কিন্তু জাল টেনে ধরতে একজনের সাহায্য চাই। তাই দিনে স্কুল, রাতে মাছ ধরা। এভাবেই চলল বছরের পর বছর। কতবার ঝড়ের দাপটে সমুদ্রে ভেসে যেতে বসেছিল নৌকাসহ, তবু হার মানেনি সে। হার না-মানা এই ছেলেটি সাম্প্রতিক সময়ের অন্যতম খ্যাতনামা কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। বর্তমানে সরকারি সিটি কলেজের অধ্যক্ষ। কবিতা ও ধীবর জীবন কথা, জলপুত্র, কৈবর্তকথা, জীবনানন্দ ও তাঁর কাল, দহনকাল তাঁর রচিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য। ২০১০ সালে দহনকাল-এর জন্য পেয়েছেন প্রথম আলো সাহিত্য পুরস্কার।জীবন-জয়ের গল্প: ১৯৫৩ সালের মে মাসে (২০ বৈশাখ) উত্তর পতেঙ্গার জেলেপল্লিতে জন্ম হরিশংকর জলদাসের। বাবা যুধিষ্ঠির জলদাস ও মা শুকতারা জলদাসের ১১ সন্তানের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। জীবিতদের মধ্যে তিনি বড়। ঠাকুরদা চন্দ্রমণি জলদাস বার্মা অয়েল কোম্পানিতে সুইপারের চাকরি করতেন। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভালোই ছিল। কিন্তু নীল জল ও মাছের টানে সমুদ্রে যাওয়া ছাড়লেন না। মাত্র ২৫ বছর বয়সে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয় তাঁর। সংসারের দায়িত্ব এসে পড়ে ঠাকুরদি পরানেশ্বরীর ওপর। জেলেদের কাছ থেকে কিনে পাড়া-মহল্লায় মাছ বিক্রি করে সংসার চালিয়েছেন। ঠাকুরদার করুণ মৃত্যুর কারণে পঞ্চম শ্রেণী পাস বাবা চাননি, হরিশংকর এই পেশায় আসুক। তাই ছেলেকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি।পতেঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলে শুরু হয় হরিশংকর জলদাসের শিক্ষাজীবন। সহপাঠীরা তাঁর সঙ্গে এক বেঞ্চে বসতে চাইত না। সামনের সারিতেও বসার সুযোগ ছিল না তাঁর। এভাবে প্রাথমিকের বেড়া ডিঙিয়ে পতেঙ্গা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পর শুরু হয় সমুদ্রে মাছ ধরা। তাঁর ভাষায়, সমুদ্র সংগ্রাম। এ সময় ভালো ফলের কারণে শিক্ষকদের সহায়তাও পেয়েছিলেন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটাই পাজামা পরে স্কুলে গেছেন। বিষয়টি নজরে পড়ায় শিক্ষক ধ্রুববত চক্রবর্তী নতুন একটি পাজামা কিনে দেন তাঁকে। বরাবর প্রথম হতেন বলে দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পেয়েছিলেন। বিনা মূল্যে বইও দেওয়া হতো স্কুল থেকে। ম্যাট্রিক পাস করেছেন প্রথম বিভাগে। পেয়েছেন সিডিউলকাস্ট ও মেধা তালিকা বৃত্তি। লেখাপড়ার পাশাপাশি চলতে থাকে মাছ ধরা। সমুদ্রে প্রায়ই বিপদের মুখোমুখি হতেন। তেমনই একসময়ের কথা ভোলেননি আজও। তখন ছিল শ্রাবণ মাস। ঝড়-জলের সময় হলেও শ্রাবণ মাসে প্রচুর ইলিশ ধরা পড়ে। তাই শত বিপদ তুচ্ছ করে সমুদ্রে যেতে হয় তাঁদের। উত্তাল সমুদ্রে মাছ ধরছিলেন। হঠাৎ ঝড় ফুঁসে ওঠে। জাল ও নৌকাসহ ভেসে যান ঢেউয়ের সঙ্গে। ঝড় থামার পর বারইয়ার হাট উপকূলের কাছে গিয়ে পৌঁছান। ততক্ষণে নৌকার দাঁড়, পাল সব ভেঙে গেছে। এত দূর থেকে পতেঙ্গা পর্যন্ত নৌকাটি টেনে এনেছিলেন তাঁরা।’৭২ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন বাংলা সাহিত্যে। এমএ পাস করে চাকরি নেন দক্ষিণ হালিশহর হাইস্কুলে। ৭৯-৮১ তিন বছর ৪০০ টাকা বেতনে এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু এখানে এসেও কৈবর্ত পরিচয়ের কারণে নিগ্রহের শিকার হন তিনি। সহকর্মীদের কাছ থেকে জাইল্যার পোলা সম্বোধন শুনে অভিমানে চাকরি ছেড়ে দেন। ’৮২ সালে বিসিএস পরীক্ষা দিয়ে কৃতকার্য হন। কিন্তু চাকরি পেতে সময় লেগে যায় বেশ কয়েক বছর। এই সময় মাছ ধরে আর টিউশনি করেই সংসার চালিয়েছেন তিনি। নীলফামারী সরকারি কলেজে ১৮ মাস পড়ানোর সময় কেবল মাছ ধরায় ছেদ পড়ে। কিন্তু ’৮৬ সালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বদলি হয়ে এসে সংসারের প্রয়োজনে আবার সমুদ্রে যেতে হয় তাঁকে। ভাই-বোন মা-বাবা মিলে তখন ১৯ জনের সংসার। তাই দিনে ছাত্র পড়ানো আর রাতে মাছ ধরা চলতে লাগল। তবে এখানে এসেও নিজের বংশ-পরিচয় নিয়ে কটূক্তি শুনতে হলো। কটূক্তি করলেন পিএইচডি ডিগ্রিধারী কলেজের অধ্যক্ষ। এ ঘটনার পর তিনি সিদ্ধান্ত নিলেন কৈবর্ত জীবনের ওপর পিএইচডি করবেন। তাদের জীবনগাথা তুলে ধরবেন সাহিত্যে। সেই ভাবনা থেকেই লেখা জলপুত্র, দহনকাল, কৈবর্তকথার মতো উপন্যাস ও ছোটগল্প।কীর্তি-কথা: অদ্বৈত মল্ল বর্মণ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের পর জেলেজীবন নিয়ে বাংলা ভাষায় গল্প-উপন্যাস রচনা করেছেন হরিশংকর জলদাস। তবে মানিক বন্দ্যোপাধ্যায় নিজে জেলে ছিলেন না। অদ্বৈত মল্ল বর্মণ কৈবর্ত সম্প্রদায়ের সদস্য হলেও লিখেছেন নদী তীরের জেলেদের কথা। সে ক্ষেত্রে হরিশংকর জলদাসই প্রথম সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জীবন নিয়ে সার্থক সাহিত্য রচনা করেছেন। ২০১০ সালে দহনকাল উপন্যাসের জন্য পেয়েছেন প্রথম আলো সাহিত্য পুরস্কার।দুই ছেলেমেয়ের মধ্যে মেয়ে মাটি শংকরের বিয়ে হয়েছে। ছেলে প্রত্যুষ শংকর পড়ছেন মেডিকেল চতুর্থ বর্ষে। পাথরঘাটার বংশাল রোডে যেখানে থাকেন, তার পাশেই ধঙ্গরদের বসবাস। অন্ত্যজ এই শ্রেণীর মানুষকে নিয়ে লিখেছেন সর্বশেষ উপন্যাস রামগোলাম। কখনো মাথা নোয়াবেন না। কৈবর্ত পরিচয় নিয়েই বেঁচে থাকবেন আজীবন—এমনটাই ইচ্ছে তাঁর।