আলোকিত ফ্যাশন রঙিন ঈদ
বাজল যুগভেরী—আলোকিত ঈদ ফ্যাশনের। প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামের উদ্যোগে ১৯৯৯ সালে ছোট্ট পরিসরে শুরু হয়েছিল আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। এবার এক যুগ পার করল অন্য রকম এ অয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে আয়োজনের ঘনঘটা, পোশাকে এসেছে বৈচিত্র্য।এক যুগ আগে চট্টগ্রামে ফ্যাশন মানে ছিল ভারতীয় বিভিন্ন চ্যানেলের নাটক-ধারাবাহিক আর চলচ্চিত্রের পোশাকের ঝলকানি। কিন্তু আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় দেশি পোশাকের জয়গান ছিল সব সময়। আর এতে জেগে উঠলেন শৌখিন ডিজাইনাররা। আজ চট্টগ্রামের যেসব ডিজাইনার তাঁদের পোশাক নিয়ে রাজধানীতে আলোকিত করছেন চট্টগ্রামকে, তাঁদের বেশির ভাগেরই উত্থান এই প্রতিযোগিতার হাত ধরে।চট্টগ্রামের গণ্ডি ছাড়িয়ে ঢাকায় ছড়িয়ে পড়েছে ডিজাইনার মোয়াজ্জেম হোসেন মিরনের খ্যাতি। মোয়াজ্জেম বলেন, ‘আমি দেশের সেরা ফ্যাশন প্রতিষ্ঠানগুলোতে কাজ করছি, আমার ডিজাইন করা পোশাক ঢাকার সেরা সব প্রতিযোগিতায় সেরা হচ্ছে। কিন্তু আমার শুরুটা তো চট্টগ্রাম থেকেই। আর সে ক্ষেত্রে আলোকিত ঈদ ফ্যাশনের অনুপ্রেরণা কতটুকু, তা বলে শেষ করা যাবে না।’আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় পরপর দুই বছর বিচারকের দায়িত্ব পালন করলেন ডিজাইনার নূরে জন্নাত নিপা। এর আগে তিনি নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার জিতেছেন।নূরে জন্নাত বলেন, ‘চট্টগ্রামের ডিজাইনারদের কাজের স্বীকৃতি প্রথম দিয়েছে প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রাম। আমাদের কাজ যে জাতীয় মানের, তা সবার সামনে তুলে ধরেছে আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। আমরাও এ প্রতিযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে গেছি, তা শতভাগ ঠিক।’শৈল্পিকের ডিজাইনার এ এইচ এম ইলিয়াছের কথাটা একটু অন্য রকম, ‘মায়ের কাঁথা সেলাই দেখে ডিজাইনের পোকা মাথায় ঢুকেছিল। সে হিসেবে পোশাকের ডিজাইন করতাম। কিন্তু আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় পুরস্কার জেতার পর আত্মবিশ্বাস বেড়েছে। সে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে গেছি। এখন ঢাকার অনেক প্রতিযোগিতায় অংশ নিই, পুরস্কার পাই অনেক। কিন্তু সারা বছর অপেক্ষায় থাকি চট্টগ্রামের সবচেয়ে বড় আয়োজনটির জন্য। আলোকিত ফ্যাশন রঙিন করে আমাদের ঈদ।’