আলোকিত মানুষদের চোখে প্রথম আলো
ক্রমে ম্লান হয়ে আসছিল শেষ বিকেলের আলো। নগরের ডিসি হিল যেন লোকারণ্য। বন্ধুসভার কুশীলবরা ব্যস্ত অনুষ্ঠান আয়োজনে। যন্ত্র প্রকৌশলীরা ব্যস্ত শব্দ পরীক্ষণে। ডিসি হিল জুড়ে হাজারো আলোকিত প্রাণের গুঞ্জন। যে উপলক্ষকে ঘিরে এত আয়োজন সেটি হলো প্রথম আলোর ১২ বছর পূর্তি। শুরুতে হাজারো মানুষের তুমুল করতালিতে সবাইকে স্বাগত জানিয়ে প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘১২ বছরের পথ চলায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাই আমরা কৃতজ্ঞ।’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা পর্বের শুরুতে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, ‘বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে হবে। আমাদের সবাইকে পুরোনো অনেক অভ্যাস বদলাতে হবে। এই জনপদকে এগিয়ে নিতে হলে আমাদের বাড়াতে হবে সহনশীলতা।’প্রথম আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শ্যামল বলেন, ‘একঝাঁক পরিশ্রমী মানুষ আর পাঠকের ভালোবাসায় প্রথম আলো আজ বাংলাদেশের শীর্ষ পত্রিকা।’পত্রিকাটির মালিক পক্ষ সব সংবাদকর্মীর শ্রমের যথাযথ মূল্যায়ন করে বলে আমি সংবাদকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’এরপর বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। তিনি বলেন, ‘প্রথম আলোর মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল আস্থা গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন সাংবাদিকতা আমাদেরকে ’৭১-র স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য ঘুরে দাঁড়াতে শেখায়।’ সঙ্গে সঙ্গে তুমুল করতালিতে মুখরিত হয় চারদিক।সত্য আর ন্যায়ের পথে পথচলা শুভ হোক। এমন প্রত্যাশা জানিয়ে প্রথম আলোকে শুভেচ্ছা জানান আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম। প্রথম আলোকে উচ্ছ্বসিত কিশোর আখ্যায়িত করে শহীদ জায়া মুশতারি শফি বলেন, ‘আমরা অনেক আশা ভঙ্গের মাঝেও প্রথম আলোর হাত ধরে নতুন আশার আলো দেখতে পাই।’যৌবনের উচ্ছ্বাস ও তারুণ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারলে আমাদের দেশও স্বপ্ন পূরণের দেশে পরিণত হবে।’ এরপর বক্তৃতা দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বেলাল মোহম্মদ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘দুষ্টের দমন আর শিষ্টের পালনে প্রথম আলোর অঙ্গিকার ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’সবশেষে মাইক্রোফোন হাতে উঠে দাঁড়ান শতবর্ষী বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। বয়সের ভার উপেক্ষা করে দৃঢ় প্রত্যয়ে বললেন, ‘বয়স হয়ে গেছে সত্য, তবু আমি আজ ভীষণ পুলকিত বোধ করছি। যেমন করে উদ্বেলিত হয়েছিলাম সেই অগ্নিযুগে। নতুন দিনে আমরা যা কিছু খারাপ বা অন্যায় তা বিসর্জন দিয়ে সত্যকে আঁঁকড়ে ধরে পুরো দেশ ও দেশের মানুষকে আলোকিত করবো। এতে আমাদের প্রদর্শক হবে প্রথম আলো।’