আলোকিত মানুষের মিছিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই ইট-কাঠে ঢাকা মস্ত বিল্ডিং সেদিন ছিল না।’ ‘তাহলে কেমন ছিল সেদিনের সেই কেন্দ্র?’ এভাবেই প্যারোডি কবিতার ছন্দ ছড়াচ্ছে এক বন্ধু অন্য বন্ধুর সঙ্গে। এরা সবাই ‘প্রিয় প্রজন্ম’ ব্যাচের। অন্য দিকে তাকাতেই ‘রঙিন মেঘের দল’ ‘নাটাই ছাড়া ঘুড়ি’র সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে আসছে। অবাক হচ্ছেন? সত্যিই তা-ই। শুধু কি ওরা! আরও আছে ছন্ন ছাড়ার দল, কাকতাড়ুয়া, বাঁধনহারা, নব্য পণ্ডিত, স্বপ্নচূড়া, উড়নচণ্ডী, ডাকাবুকোর দল, মামদো ছানার আড্ডাখানাসহ নানা নামের নানান দল। সর্বমোট ২৫ বছরের ২৫টি দল, যাঁরা সবাই বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ কর্মসূচির ছাত্র।২৫ ডিসেম্বর সকালের সোনামাখা রোদ ঝলকানি দিয়ে জেগে ওঠার আগেই সবাই এসে জড়ো হতে শুরু করেন কেন্দ্রের নতুন ভবনের সামনে। রঙিন জামা, টুপি পরে সবাই তৈরি। এরই মধ্যে এসে পড়েছেন সবার প্রিয় স্যার, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আনন্দ শোভাযাত্রা। ঢাকঢোল আর বাদ্যের সঙ্গে সঙ্গে কারও হাতে ভেঁপু, কারও হাতে ভুভুজেলা বাঁশি, চলছে নাচও। এভাবেই শুরু হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের ঢাকার কলেজ কর্মসূচির ২৫ বছর পূর্তির দিনব্যাপী মিলনমেলা। শোভাযাত্রা শেষে মূল ভবনে ফিরে এসে সবাই মেতে ওঠেন আড্ডা, খেলা, আর খুনসুটিতে। কেউ কেউ প্রিয় বন্ধুকে কাছে পেয়ে মেতেছেন পুরোনো সেই দিনের কথায়।কলেজ কর্মসূচির প্রথম ব্যাচের ছাত্রী এবং অনুষ্ঠানের আহ্বায়ক ফরিদা হাফিজ। বর্তমানে তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানের যোগাযোগ কর্মকর্তা। কথা হলো তাঁর সঙ্গে, ‘পাঠ্যপুস্তকের বাইরেও জানার-পড়ার-বোঝার আগ্রহ ছিল অনেক। কিন্তু কোথায় যাব? এভাবেই বিশ্বসাহিত্য কেন্দ্রে এসে পড়ার আনন্দে মেতে উঠি। ১৯৮৪ সালে শুরু হওয়া কলেজ কর্মসূচির প্রথম ব্যাচের একজন আমি। আরও অনেকে ছিলেন। যেমন—টিভিব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, অভিনেত্রী আফসানা মিমি, সাংবাদিক মুন্নী সাহাসহ আরও অনেকে। সেদিনের আনন্দময় দিনের কথা মনে উঠলে আজও হূদয় ঝলমল করে ওঠে।’ততক্ষণে দোতলা থেকে ভেসে আসছে ‘ও মাঝি নাও ছাইড়া দে...’। উঠে আসতেই অন্য সুর, ‘একদিন বাঙালি ছিলাম রে...’। একটার পর একটা গান চলছে, কিন্তু কোনোটাই স্থায়ী নয়। কিছু বুঝে ওঠার আগেই নিবিড় এগিয়ে এসে বললেন, ‘ভাইয়া, আসলে আমরা নাটাই ছাড়া ঘুড়ি তো, তাই ঘুরপাক খাচ্ছি নানা গানের মধ্যে। হো হো শব্দে ততক্ষণে সবাই গলা মিলিয়ে হাসছে। অনেকে নিজেদের ব্যাচকে আলাদা করে জানান দিতে পরেছে একই পোশাক।সারা দিনই প্রতিটি ব্যাচের ছেলেমেয়েরা তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে ছবি তোলায় ও গল্পে মেতে ওঠেন। কথা হয় সবার প্রিয় শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে। ‘আসলে আজ আমার ছেলেমেয়েদের চেয়েও বেশি খুশি লাগছে। ওদের সবার কাছে এক এক বছরের স্মৃতি, কিন্তু আমার স্মৃতি ২৫ বছরের। প্রতিটি ব্যাচের ছেলেমেয়েদের কাছে যাচ্ছি আর মনে হচ্ছে, আমি সেই ’৮৪, ৮৫, ৮৬ সালে ফিরে যাচ্ছি।’দুপুর হতেই শুরু হয় প্রতি ব্যাচের স্টেজ পারফরম্যান্স। এর মধ্যে চলতে থাকে শীতের পিঠা, মুড়ি, মোয়া, বাতাসা খাওয়া। কেউ কেউ আবার গল্প করছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে। ১৯৯২ সালের অর্থাৎ প্রিয় প্রজন্ম ব্যাচের মিথুন বলেন, ‘বই পড়াও যে আনন্দময় হতে পারে, তা বিশ্বসাহিত্য কেন্দ্রে না এলে বুঝতাম না। একজন মানুষের সত্যিকারের আলোয় আলোকিত হতে সব ধরনের জ্ঞান থাকা চাই।’প্রথম ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক মুন্নী সাহা বলেন, ‘সত্যি বলতে কি, গেট দিয়ে ঢুকতেই মনে হচ্ছিল, ২৫ বছর আগে ফিরে গেছি। আর আমার বয়সও কমে গেছে ২৫ বছর।’‘এসো মিলি আলোর মিছিলে’ এই স্লোগানে সকাল থেকে শুরু হওয়া পুনর্মিলনী উৎসবে বিকেলের সূর্য গড়িয়ে পড়তেই মঞ্চে ওঠেন প্রথম ব্যাচের ছেলেমেয়েদের সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদ। স্যার বলেন, ‘কবির সেই কবিতার মতো আজ মনে হচ্ছে, এ দেশের মাঝে আঠারো নেমে এসেছে।’ এরই মধ্যে আটজনের কাঁধে চড়ে বিশাল এক বাক্স এসে হাজির মঞ্চে। খুলতেই দেখা মিলল, সত্তর কেজি ওজনের বিশাল এক কেক। এর মধ্যে লুৎফর রহমান রিটনের ছড়া ‘আব্দুল হাই, করে খাই খাই।’ অমনি সবার মধ্যে খাই খাই অবস্থার সৃষ্টি হয়। স্যারের হাতে কেক কাটার পর তা পরিবেশনের সঙ্গে চলতে থাকে আমন্ত্রিত অতিথিশিল্পীর গানে কণ্ঠ মেলানো বা উচ্ছ্বাস ছড়ানো নৃত্য। সবাই যেন বইয়ের আলোয় আলোকিত মানুষ হওয়ার শপথে বলীয়ান হতে পথ চলছে; যে পথ ভালোবাসায় ঘেরা।