‘চট্টগ্রামের নৈসর্গিক সৌন্দর্যই সাংবাদিকদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করে বলে আমার মনে হয়। বাংলা সাহিত্যের সমৃদ্ধিতে চট্টগ্রামের প্রায় অর্ধশত সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর তাঁদের এই সাহিত্যচর্চাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মডেল হিসেবে ভূমিকা রেখেছে চট্টগ্রাম প্রেসক্লাব।’ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস প্রেসক্লাব আয়োজিত বই উৎসবের সমাপনী দিনে ‘সাহিত্য ও সাংবাদিকতা প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রথমবারের মতো সাংবাদিকদের রচিত বই নিয়ে ২২ ও ২৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বই উৎসব অনুষ্ঠিত হয়। সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। উদ্বোধনী বক্তব্যে আবু সুফিয়ান এ আয়োজনের মধ্য দিয়ে সৃজনশীল লেখনীর প্রতি পেশাদার সাংবাদিকেরা আকৃষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি মনে করেন, আলোকিত সমাজ গঠনে লেখনীর কোনো বিকল্প নেই। উৎসবের প্রথম দিনে সাংবাদিক ছাড়াও চট্টগ্রামের বুদ্ধিজীবী, সাহিত্যিক ও বইপ্রেমীরা উপস্থিত ছিলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান উৎসবে ঘুরে ঘুরে বইগুলো দেখেন। তিনি বিপুল পরিমাণ বই দেখে অভিভূত হন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘চট্টগ্রাম থেকে সাংবাদিকেরা এ ধরনের সৃজনশীল ও সমৃদ্ধ বই লিখে প্রমাণ করলেন, তাঁরা সৃজনশীল লেখায়ও সমান দক্ষ।’ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাশেদ রউফ। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনায় এ সভায় আরও বক্তব্য দেন রয়েল সিমেন্ট লিমিটেডের হেড অব করপোরেট এস এম মাসুদুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সিইউজে সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ।বিকেলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রেসক্লাবের সদস্য বিশ্বজিৎ বড়ুয়া, আমন্ত্রিত শিল্পী কল্পনা লালা, সোমা দাশ, প্রিয়ম দাশসহ আরও অনেকে। দ্বিতীয় দিন সকালে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের উৎসব। প্রেসক্লাবের সদস্য, বইপ্রেমী এবং কবি-সাহিত্যিকেরা স্বতঃস্ফূর্তভাবে ছড়া পাঠ করেন। কবিতা পাঠ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য অভীক ওসমান, তমাল চৌধুরী, বিশ্বজিৎ বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, আইউব সৈয়দ, গৌতম কানুনগো প্রমুখ। বিকেল চারটায় ‘সাহিত্য ও সাংবাদিকতা: প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস। অতিথি আলোচক ছিলেন ভারতীয় দূতাবাসের চট্টগ্রামের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। এ ছাড়া আলোচনায় আরও অংশ নেন প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল আমিন এবং কবি সৈয়দ আবদুল ওয়াজেদ।