আলোচনা আড্ডায় বিশ্বকাপ ঝড়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিয়াত প্রতিভা ব্রাজিলের সমর্থক। সঙ্গে পেয়েছেন বন্ধু পাপ্পু মহাজন, বৃষ্টি মজুমদার ও তাসনিম ফায়জাকে। তাঁদের মধ্যে আরেক বন্ধু সহিদুল আলম আবার সংখ্যালঘু। এই দলে তিনিই একমাত্র আর্জেন্টিনার সমর্থক। সংখ্যালঘু হওয়ায় আড্ডাতে সবাই তাঁকে খোঁচান। একা পেরে ওঠেন না তিনি। আবার তন্ময় বড়ুয়া এই দুই প্রতিদ্বন্দ্বীর কোনোটাতেই নেই। তিনি জার্মানির সমর্থক। বন্ধুদের মধ্যে এমন মতবিরোধ এখন হামেশাই দেখা মিলছে।
স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত, বাসে এখন কেবল এক আলোচনা—বিশ্বকাপ। আরও সুনির্দিষ্ট করে বললে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ। আলোচনা-সমালোচনা চলছেই। তার সঙ্গে চলছে প্রতিযোগিতাও—তর্কযুদ্ধ জেতা, পতাকা তোলা আরও কত-কী। এভাবে বিশ্বকাপ ফুটবলে আচ্ছন্ন পুরো দেশ।
নগরের স্টেডিয়াম মার্কেট এখন সরগরম। পতাকা আর জার্সি বিক্রি চলছে সমানে। পতাকা বিকিকিনি চলছে পথেঘাটেও। জামালখান সেন্ট মেরিস স্কুলের সামনে জার্সি, পতাকা ও পোস্টারের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। প্রতিদিনই তাঁর এখানে খুদে শিক্ষার্থীদের ভিড়। তাঁর কাছ থেকে ব্রাজিলের একটি জার্সি কিনতে পেরে খুব খুশি ছোট্ট অমি।
রিকশাচালক রমজান তাঁর রিকশার সামনে দুদিকে দুটি আর্জেন্টিনার পতাকা লাগিয়ে ছুটছেন। পাশ থেকে টিপ্পনী কাটছেন আরেকজন, ‘লাভ নাই, বেশিদূর যাইব না। ব্রাজিল ব্রাজিলই।’ ফিরতি জবাব এল, ‘নেইমার পারবে না। এই বিশ্বকাপ মেসির।’
এভাবে চলছে কথার যুদ্ধ। রিকশার পাশাপাশি কার, মাইক্রোবাস ও অটোরিকশায়ও শোভা পাচ্ছে প্রিয় দলের পতাকা। সেখানে প্রাধান্য ব্রাজিল ও আর্জেন্টিনার। এরপর আছে জার্মানি। আর্জেন্টিনা, ব্রাজিলের পর ইউরোপের তিনবার বিশ্বকাপজয়ী এই দলের বেশ কিছু সমর্থক এখানে রয়েছেন।
গতবারের চ্যাম্পিয়ন স্পেনকেও এবার অনেকে সমর্থন করেছিলেন। কিন্তু প্রথম রাউন্ড থেকে বিদায়ে তাঁরা মুষড়ে পড়েছেন। একই অবস্থা ইতালির সমর্থকদেরও। তবে দল চলে গেলেও বিশ্বকাপ থেকে দূরে নেই তাঁরা। নতুন করে কোনো দলকে বেছে নিচ্ছেন এই ফুটবলপ্রেমীরা।
যেমন বললেন ইতালির সমর্থক সুবত ধর, ‘আমি ইতালির সমর্থক। কিন্তু প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে। তবে খেলা অবশ্যই শেষ পর্যন্ত দেখব।’
সকাল-বিকেল মাঠ দাপিয়ে বেড়ানো কিশোর কিংবা তরুণদের মধ্যেও এখন দুই ভাগ। প্রতিদিন ব্রাজিল-আর্জেন্টিনায় ভাগ হয়ে ফুটবল নিয়ে মেতে ওঠে তারা। নগরের আউটার স্টেডিয়াম, নাসিরাবাদ উচ্চবিদ্যালয় কিংবা প্যারেড মাঠে এমন চিত্র প্রতিদিনই চোখে পড়ে।