আলোচনা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণসহ নানা আয়োজনে হয়ে গেল কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) ২৫ বছর পূর্তি অনুষ্ঠান।১ অক্টোবর বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন দুদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি উপকূলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বেসরকারি সংস্থা কোডেকের কাজ সত্যিই প্রশংসনীয়। কোডেক উপকূলীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে। জেলেরা খুবই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ২৫ বছরে কোডেক জেলেদের ভাগ্য পরিবর্তনে সহায়তা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেনিশ রাষ্ট্রদূত সেভেন্ড ওয়েলিং। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আমরা আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছি। কোডেক উপকূলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করছে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে কোডেক আরও বড় পরিসরে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য কাজ করবে।’ আলোচনা করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক, সেভ দ্য চিলড্রেনের (ইউকে) পরিচালক মোজাফ্ফর আহমেদ, সেভ দ্য চিলড্রেনের (ইউএস) পরিচালক ম. হাবিবুর রহমান ও কোডেকের উপনির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত। কোডেকের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও বরগুনার জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। ২ অক্টোবর ছিল দুটি সেমিনার। সকাল ১০টায় ‘উপকূলীয় জনগোষ্ঠীর সংগ্রাম ও কোডেকের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পড়েন কোডেকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। বিষয়ের ওপর আলোচনা করেন ইফতেখারউদ্দিন চৌধুরী ও শ্যামলী মজুমদার। তাঁরা বলেন, সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে উপকূল এলাকার দারিদ্র্য বিমোচন সম্ভব। উন্নয়ন পরিকল্পনায় উপকূলীয় এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো অন্তর্ভুক্ত করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে জেলেদের জন্য সহজ শর্তে ঋণদান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। জলদস্যুতা রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিকেল তিনটায় ‘জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন ও উপকূল অঞ্চল’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সুজয় বসু। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, পিকিএসএফের ডিএমডি পারভীন মাহমুদ, সেভ দ্য চিলড্রেনের পরিচালক মোজাফ্ফর আহমেদ। সভাপতিত্ব করেন ইফতেখারউদ্দিন চৌধুরী। সেমিনারে বক্তারা বলেন, বিশ্ব উষ্ণায়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আমাদের উপকূল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। প্রান্তিক জেলেদের জীবিকায়ন সবচেয়ে সংকটের মধ্যে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। সেমিনারে সঞ্চালক ছিলেন কমল সেনগুপ্ত। অনুষ্ঠানমালায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী দিন ছিল স্মৃতিচারণ। উপস্থাপনায় ছিলেন মুনির হেলাল ও জেরিন কুলসুম।