প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আগামী শনিবার নগরের সার্কিট হাউসে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে সুনির্দিষ্ট কোনো আলোচ্যসূচি (এজেন্ডা) রাখা হয়নি। তবে সাংগঠনিক অবস্থা ও দলীয় কোন্দল নিয়ে আলোচনা হতে পারে বলে স্থানীয় জ্যেষ্ঠ নেতারা ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়টি বেশ আলোচিত হচ্ছে আওয়ামী লীগ নেতাদের মধ্যে।গত বছরের মে মাসে ঢাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনা সর্বশেষ বৈঠক করেন। ওই সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও দল সমর্থিত প্রার্থী এবং মহানগর আওয়ামী লীগের কোন্দলের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। আগামী শনিবারের বৈঠক সম্পর্কে নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সার্কিট হাউসের বৈঠকের কোনো এজেন্ডা নেই। তবে দলের সাংগঠনিক অবস্থা ও কোন্দলের বিষয়টি আলোচনা হতে পারে। এর বাইরে আলোচনার কিছু তো দেখছি না।’ প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের সূচি নির্ধারণ করা হয় গত ২৪ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর সম্পর্কে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক চিঠিতে (স্মারক নম্বর ১৮.০১২.০২৯.০১০০.০০০১.২০১০-৪৮, তারিখ ২৪/১১/২০১১) এ তথ্য জানা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোদিনের কর্মসূচির বিষয়টি ওই চিঠিতে উল্লেখ আছে। আগামী শনিবার দুপুর দুইটা ৩৫ মিনিট থেকে সাড়ে তিনটা পর্যন্ত তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করবেন বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক চিঠিতে জানতে পেরেছি। শনিবারের বৈঠকের স্থায়িত্ব এক ঘণ্টার মতো হতে পারে।’ মহানগর আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, মহানগর আওয়ামী লীগে দ্বন্দ্ব-কোন্দল তীব্র। প্রধানমন্ত্রী হয়তো উভয়পক্ষের নেতাদের এমন কিছু বলবেন, যাতে দূরত্ব না থাকে।উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষগুলো পরস্পরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিভক্তি সৃষ্টির অভিযোগ করে আসছেন। এ ব্যাপারে সংগঠনের গঠনতন্ত্র মেনে চলার পরামর্শ দিয়েছেন নেতারা। বিশেষ করে গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ পরপর দুদিন লালদীঘি মাঠে সমাবেশ করে শক্তির পরীক্ষা দিয়েছে। গত ৯ জানুয়ারি নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং পরদিন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম সমাবেশ করেন। দলীয় সূত্র জানায়, লালদীঘি মাঠে পরপর দুদিনের সমাবেশ করার মাধ্যমে নগর আওয়ামী লীগের বিভক্তি স্পষ্ট করে দেন মহিউদ্দিন ও আফছার। মহিউদ্দিনের সঙ্গে দলের সাধারণ সম্পাদকসহ নগর ও ওয়ার্ড পর্যায়ের বেশির ভাগ নেতা-কর্মী আছেন বলে জানা গেছে। পাশাপাশি আফছারও মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত নেতা-কর্মীদের কাছে টেনে নিয়েছেন।