আলোচিত চার হত্যা মামলা হিমাগারে!
পুলিশ কর্মকর্তা পরেশ কার্বারিসহ কক্সবাজারের মহেশখালী উপজেলার চাঞ্চল্যকর চার হত্যা মামলার তদন্তের অগ্রগতি নেই। হত্যা মামলাগুলোর মেয়াদ তিন থেকে সাত মাস অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারেনি।মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার ও জমি দখলকে কেন্দ্র করে উপজেলার দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হন পুলিশ কর্মকর্তা পরেশ কার্বারি, ওসমান গণি, বেলাল হোসেন ও কালা খাতুন। কালা খাতুন হত্যার সাত মাস, পুলিশ কর্মকর্তা পরেশ কার্বারি হত্যার ছয় মাস, ওসমান হত্যার তিন মাস এবং সর্বশেষ বেলাল হোসেন হত্যার এক মাস অতিবাহিত হলেও এসব মামলার তদন্তের অগ্রগতি নেই। এ কারণে পুলিশ অভিযোগপত্রও দাখিল করতে পারেনি।কালা খাতুন হত্যা মামলার বাদী মৌলভী জালাল উদ্দিন বলেন, বেশ কয়েকজন সন্ত্রাসী ও আসামি এলাকায় জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে। সাত মাস অতিবাহিত হলেও পুলিশ এখনো অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারেনি। আসামি ধরার বিষয়ে পুলিশকে খবর দিলেও পুলিশ আসেনি।ওসমান হত্যা মামলার বাদী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এইচ এম আল নোমান শরীফ বলেন, ‘প্রধান আসামিসহ চিহ্নিত সন্ত্রাসীরা উচ্চ আদালত থেকে জামিনে এলাকায় এসে নানাভাবে হুমকি দিচ্ছে এবং আমার ভাই তারেককে হত্যা করার জন্য নানাভাবে চেষ্টা করছে। আসামিরা এলাকায় অবস্থান করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।’কালা খাতুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমান গণি বলেন, কালা খাতুন হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেক নিরপরাধ লোককে এ হত্যা মামলার আসামি করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। মূল আসামিদের ধরতে হলে বাদীর সহযোগিতা প্রয়োজন। এর পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় হত্যা মামলার অভিযোগ দাখিল করতে দেরি হচ্ছে।বেলাল হোসেন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাছির উদ্দিন বলেন, মূল রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। পুলিশ কর্মকর্তা পরেশ কার্বারি ও ওসমান হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে এ দুই মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, ইতিমধ্যে এই দুই হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উচ্চ আদালত থেকে ১৬ জন আসামি জামিন নিয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ মরিয়া। তবে অনুন্নত সড়ক যোগাযোগব্যবস্থা, দুর্গম পাহাড়, গহিন অরণ্য ও সমুদ্রের কারণে এদের সহজেই গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।উল্লেখ্য, উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ার কাঁঠালতলী পাহাড়ি এলাকায় গত বছর ২৭ ডিসেম্বর জোনাব আলী গ্রুপের লোকজনের গুলিতে প্রতিপক্ষ জালাল গ্রুপের কালা খাতুন নামের এক মহিলা নিহত হন। কালা খাতুন হত্যা মামলার তদন্ত করতে গিয়ে এ বছরের ১৮ জানুয়ারি উপজেলার কাঁঠালতলী পাহাড়ি এলাকায় সন্ত্রাসী জোনাব আলীর লোকজনের গুলিতে তদন্তকারী কর্মকর্তা ও মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) পরেশ কার্বারি নিহত হন। ২৯ মার্চ রাতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা গুলিতে কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমানকে গুলি করে হত্যা করে। সর্বশেষ গত ১১ জুন রাতেই কালারমারছড়া বাজার থেকে ওসমান গ্রুপের সদস্য বেলাল হোসেনকে নিজবাড়িতে যাওয়ার পথে একদল সন্ত্রাসী অপহরণের পর হত্যা করে।