আলোছায়ার ৫ শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছবিটি বর্ষাকালে তোলা। বৃষ্টিতে ভিজে প্রায় ১৫ দিন এই ছবি তোলার চেষ্টা করেছি। অবশেষে ১৬তম দিনে ছবিটি তুলতে পেরেছি। এই ছবিই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ল্যান্ডস্কেপ বিভাগে প্রথম হলো। আমি সত্যিই অভিভূত। প্রথম হওয়ার পর আমার ছবি তোলার আগ্রহ আরও বেড়ে গেছে। নিজের আত্মবিশ্বাসও বেড়েছে।’ নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন খন্দকার মাহমুদ আরশীন।‘আলোয় আঁকি আগামীর পৃথিবী’—এ স্লোগান সামনে রেখে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি-ডিইউপিএস আয়োজন করে ‘ডেল-ডিইউপিএস প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব ২০১২’। সহ-আয়োজক ছিল শিল্পকলা একাডেমী। সপ্তাহব্যাপী এই আয়োজনে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আহ্বান করা হয়। এই পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগীদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরিতে যাঁরা প্রথম হয়েছেন কথা বলি আলোর আঁকিয়ে সেই পাঁচজনের সঙ্গে।মুখে আগুন নিয়ে খেলতে জানে কয়জন? অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এ রকম এক খেলার নাম ফায়ার ব্রিদারস। আর এমনই এক আয়োজনের ছবি তুলেছেন জাভেদ মিয়াদাঁদ। ছবিটির নামও ফায়ার ব্রিদারস। এ ছবিই মাই ক্যাম্পাস বিভাগে প্রথম হয়েছে। জাভেদ মিয়াঁদাদ বুয়েটে পুরকৌশল বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ছেন। তিনি ছবিটি সম্পর্কে বলেন, ‘আমাদের ক্যাম্পাসে “ফায়ার ব্রিদারস অব বুয়েট” নামের একটি গ্রুপ আছে। একদিন বিকেলে ওদের একটা শো ছিল। আমি হঠাৎ করেই এই ছবিটি তুলে ফেলি। জাতীয় পর্যায়ে ডিইউপিএসের প্রতিযোগিতা হচ্ছে, তাই ছবি জমা দিলাম। প্রথম হয়ে যাব, এটা সত্যিই আশাতীত ছিল।’তারিক ইব্রাহিম অ্যাবস্ট্রাক্ট বিভাগে প্রথম হয়েছেন। তাঁর ছবির নাম ‘ইনভিজিবল আই সাইড’। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পুরস্কার পেয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। পুরস্কার পেয়ে স্বপ্নের ভিত আরও মজবুত হলো। প্রথম প্রথম যখন ছবি তোলা শুরু করি, তখন আমার কোনো ক্যামেরা ছিল না। বন্ধুদের ক্যামেরা ধার করে ছবি তুলতাম। পরে আমি নিজেই একটি কিনেছি।’ ছবিটি সম্পর্কে তারিক জানান, ‘ছবিটি একটা মঞ্চনাটকের অংশবিশেষ। মঞ্চের ওপর প্রজেক্টরে ভেসে উঠেছিল একটি ক্ষতবিক্ষত চোখ। এটি সেই বিশেষ মুহূর্তের ছবি।’বিদ্যুতের বড় বড় তিনটি খাম্বা। তার ঢাল বেয়ে জায়গাটায় একজন মানুষ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। ছবিটির নাম লাইফ ওয়ে। লাইফস্টাইল বিভাগে এই ছবি প্রথম হয়েছে। ছবিটির আলোকচিত্রী আদনান বিন শামসুদ্দিন। তিনি পড়ছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তিনি জানান, ‘এই ছবি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেললাইনের কল্লা শহীদের মাজারের পাশের একটি জায়গা। তবে ছবিটি প্রথম হবে, এতটা ভাবিনি। ভালো লাগছে।’ধুলার আস্তরণে ঢাকা জানালার কাচ। তার মধ্য দিয়ে এক জোড়া চোখ তাকিয়ে আছে। চোখ জোড়া কি কিছু বলতে চাইছে? পোর্ট্রেট বিভাগে প্রথম হওয়া ছবিটি যেন বলতে চাইছে, ‘আমিই প্রথম’। ছবিটির আলোকচিত্রী রাহুল তালুকদার বলেন, ‘ছবিটি কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। জানালার কাচে ময়লার আবরণ ছিল। ভেতর থেকে একটা মেয়ে তাকিয়ে ছিল। ছোট্ট মেয়েটির চোখে কী যেন একটা ছিল। হয়তো অব্যক্ত কোনো কথা। ব্যাগ থেকে ক্যামেরা বের করে তুলে ফেলি ছবিটি। এই পুরস্কার আমার আলোকচিত্রী হওয়ার স্বপ্নটাকে আরও বাড়িয়ে দিল।’রাহুল তালুকদার পড়ছেন পাঠশালা সাউথ এশিয়া মিডিয়া একাডেমীতে। এই পুরস্কার ছাড়াও সম্প্রতি তিনি দ্য ডেইলি স্টার-এর সেলিব্রেটিং লাইফ ২০১২ আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। তাঁর বিভিন্ন ছবি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদর্শনীতেও প্রদর্শিত হয়েছে।