আলোছায়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শিক্ষার্থীরাই গড়ে তুলেছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফটোগ্রাফি ক্লাব (এইউডব্লিউপিসি)
এই শিক্ষার্থীরাই গড়ে তুলেছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফটোগ্রাফি ক্লাব (এইউডব্লিউপিসি)

মূল ফটক পেরোতেই মনে হলো ক্যাম্পাসজুড়ে যেন উৎসবের আমেজ। সাঁটানো ব্যানার দেখে জানা গেল, বিশ্ববিদ্যালয়ে চলছে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ফটোগ্রাফি কার্নিভাল। ক্যামেরা হাতে ছোটাছুটি করছেন কয়েকজন নবীন আলোকচিত্রী। তাঁরা সবাই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফটোগ্রাফি ক্লাবের (এউইডব্লিউপিসি) সদস্য। এ ক্লাবের আয়োজনেই ৩ থেকে ৪ এপ্রিল হয়েছে এই আয়োজন। যেখানে দেশ ও বিদেশের আলোকচিত্রীর তোলা সেরা ৪৬টি ছবি জায়গা পেয়েছিল। এ বছর কার্নিভালে নির্বাচক হিসেবে ছিলেন আলোকচিত্রী মুনিরা মোরশেদ মুন্নি ও আবির আবদুল্লাহ।
অনলাইনে কথা হয় ফটোগ্রাফি ক্লাবের সভাপতি তাসনিয়া ইসহাকের সঙ্গে। তিনি বলেন, ‘আয়োজনটি সবার জন্যই উন্মুক্ত, তবে আমরা চেয়েছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী আলোকচিত্রীদের অংশগ্রহণ বাড়াতে। এ বছর আমাদের কাছে প্রায় দেশি-বিদেশি এক হাজার ছবি জমা পড়েছিল।’ তাঁর কথার ছুতো ধরে সবিস্তারে জানাচ্ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সানজিদা আফরিন, ‘এর আগে আমরা নির্দিষ্ট থিমের ওপর প্রতিযোগিতাটির আয়োজন করতাম। কিন্তু এ বছর কোনো নির্দিষ্ট থিমের ওপর ছবি আহ্বান করা হয়নি।’
সানজিদা ৩ বছর ধরে ক্লাবের সঙ্গে জড়িত। প্রথমে এই উদ্যোগ মোটেও সহজ ছিল না, শুনতে হয়েছিল অনেক কথা। কিন্তু সাফল্যের গাথায় আজ সেগুলো শুধুই ইতিহাস। সানজিদা ধন্যবাদ জানাতে ভোলেননি সেই সবার কাছে, যাঁরা শত ত্রুটি ও ন্যূনতম অভিজ্ঞতার পরেও আস্থা রেখেছিলেন এক ঝাঁক তরুণ নারী স্বপ্নদর্শীর ওপর।
এউইডব্লিউ ফটোগ্রাফি ক্লাবের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা ৩৭ জন। তাঁদেরই দুজন আফ্রিদা মারূফ আর মৌরী রহমান। দুজনেই কাজ করেন ফটো ডকুমেন্টেশন অফিসার হিসেবে। আফ্রিদা বলেন, এউইডব্লিউপিসি তাঁকে দিয়েছে ফটোগ্রাফি শেখার সুযোগ। দেখা হলো ফায়েকা ফারহাত নোভা, সেজুতি সরকার ও দিলশাদের সাঙ্গে। সেজুতির কাছে এউইডব্লিউপিসি যেন একটি পরিবার। যেখানে তিনি প্রতিনিয়ত কিছু না কিছু শিখছেন। ক্লাবের নির্বাহী সভাপতি নোভার ভালোবাসা আর ভালো লাগা সব যেন ফটোগ্রাফিকে ঘিরেই। তাঁদের সঙ্গে কথা বলতে বলতে মনে হলো, এ যেন শুধু এক প্রতিযোগিতা ও প্রদর্শনী নয়, যেন শত শত আলোকচিত্রীর মিলনমেলা। সেখানে যেমন ছিল পেশাদার ফটোগ্রাফারদের নিজেদের কাজ বিশ্বের সবার কাছে তুলে ধরার সুযোগ, ঠিক তেমনি ফটোগ্রাফির নেশায় মত্ত নতুনদের ছিল অভিজ্ঞদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ।