আলোছায়ার যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রকলা মানেই কি রংতুলি, ক্যানভাস, আর চলচ্চিত্র মানেই নিছক বিনোদন? এ প্রশ্নের উত্তর যে ‘না’, তার প্রমাণ পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত জয়নুল মেলায় ফাইন আর্টস ফটোগ্রাফি ফোরাম এবং ফাইন আর্টস ফিল্ম ফোরামের যুগলবন্দী আয়োজনে।শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী স্মরণ করেই আয়োজন করা হয় জয়নুল মেলার। ফিল্ম ও ফটোগ্রাফি ফোরাম তাদের যুগলবন্দী স্টলের মধ্য দিয়ে আত্মপরিচিতি উপস্থাপন করে। স্টলের পাশেই ‘আলোকচিত্রনির্ভর শিল্পকর্ম’ নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ফটোগ্রাফি ফোরাম। ২৯-৩১ ডিসেম্বর ২০১২ অনুষ্ঠিত প্রদর্শনীর জন্য ছোট পুকুরের পাশে সবুজ ঘাসে ঘেরা মুক্ত এলাকাটি বেছে নিয়েছেন এর সদস্যরা। মূলধারার বাইরে এই ফোরামের আলোকচিত্র প্রদর্শনী দেখে দর্শকেরা ছকবাঁধা জীবনবোধের গভীরতাকে উপলব্ধি করেছেন আরেকবার। ফাইন আর্টস ফটোগ্রাফি ফোরামের ছবিগুলোতে পানির ফোঁটা কখনো পেয়েছে মানুষের আকৃতি, আবার গ্রিডে সাজানো সিঁড়ির ত্রিকোণ ও ফ্রেমের চতুষ্কোণ তৈরি করেছে ভিন্ন জ্যামিতি। কখনো কালো আবরণে ঢাকা শিশুর মুখের ছবিতে কথা বলেছে ভীত দুুটি চোখ, দেখে মনে হয় রেনেসাঁ যুগের মোনালিসা। কেউ বা দাবার ঘুটির সঙ্গে খেলেছেন ক্যামেরা নিয়ে।ঈশিতা ইসলামের ছবির কথাই ধরুন। তিনি ইম্প্রেশনিজমের রঙের খেলা ফুটিয়ে তুলেছেন ক্যামেরার রঙে। ফটোগ্রাফ হয়ে গেছে ক্ল্যাসিক যুগের প্রতিচ্ছবি। ফোরামের সদস্য দীপা ও মুন তাঁদের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান শিক্ষকদের। বললেন, ১৬তম ব্যাচের আটজন শিক্ষার্থী নিয়ে শুরু করা ফোরাম পেরিয়ে গেছে এক বছরের সীমানা। এর পেছনে নাসিমুল খবির স্যারের উৎসাহ আর হারুণ-অর-রশিদ, সাব্বির আল রাজি, কান্তিদেব অধিকারী স্যারের অবদান স্বীকার না করলেই নয়। এই শিক্ষকদের পাশাপাশি শিক্ষক শিশির ভট্টাচার্য, নিসার হোসেন আর মো. ইউনুসকেও ধন্যবাদ দিতে চান যুগলবন্দী ফোরামের সদস্যরা।উৎসবের তিন দিনই সন্ধে ছয়টা থেকে তাঁরা প্রজেক্টরে দর্শকদের দেখিয়েছেন বাংলাদেশে তৈরি ভিজ্যুয়াল আর্টের চমৎকার কিছু নমুনা। এর মধ্যে বেশ কটি ছিল ফোরামের সদস্যদের তৈরি। ফোরামের সদস্য ধীমান সরকার বললেন, ২০১১ থেকে যাত্রা শুরু এই ফোরামের। আমরা মনে করি, চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র চাইলেই অন্যতম শিল্পমাধ্যম হয়ে উঠতে পারে। কারণ, ছোট ছোট প্রামাণ্যচিত্র জীবনকে ছুঁয়ে যায়, এমন বার্তা দিতে পারে। আরেক সদস্য খায়রুল হাসান বলেন, এই প্রামাণ্যচিত্রগুলো সবার দেখা দরকার। সবার বোঝা উচিত, যান্ত্রিক উপাদান দিয়ে জীবনবোধকে ফুটিয়ে তোলাটাই হয়ে উঠতে পারে আরেকটি শিল্প। সবশেষে শিক্ষক নাসিমুল খবির দুই ফোরামের সমন্বয় করলেন এই বলে, ফাইন আর্ট মানেই ব্যাকরণ ভেঙে নতুন ব্যাকরণ গড়া। ক্যামেরা আবিষ্কারের অনেক আগেই ক্ল্যাসিক শিল্পীরা ছবি এঁকেছেন ক্যামেরার দৃষ্টিকোণ থেকে, আর ফটোগ্রাফি ফোরাম এখন ক্যামেরা দিয়েই গড়ছে নতুন ছবি। অন্যদিকে দেখা গেছে, ’৭২-এর পর থেকেই আমাদের চলচ্চিত্রমাধ্যম বাণিজ্যভিত্তিক হয়ে পড়েছে। ফিল্ম ফোরাম চাইছে এর শিল্পসত্তাকে ফিরিয়ে আনতে। যাত্রা তো শুরু হলো মাত্র।