আলোছায়ায় চট্টগ্রামের সৌন্দর্য
জলের ধারে দুরন্ত বেগে ছুটছে ঘোড়া। পিঠে ঘোড়সওয়ার। জলের ওপর দিগন্তের ছায়া। তাতে ছুটন্ত ঘোড়ার দুরন্তপনার প্রতিচ্ছবি। এ যেন দিগন্তজুড়ে পঙ্খিরাজ ঘোড়ায় চড়া কোনো এক রাজপুত্রের ছুটে চলা পদধ্বনি। ফ্রেমে সাঁটা ফিলিস্তিন খানের ‘রেস ইজ হিউম্যান’ আলোকচিত্রটি দেখে মনে হয় যেন জলরঙে আঁকা চিত্রকর্ম।এ রকম আলো-আঁধারির কারসাজিতে ক্যামেরাবন্দী ‘প্যাসেজ ফর এসকেপ’, ‘অপেক্ষা’, ‘লাইটিং দ্য লাইটস’, ‘দ্যাটস দ্য ওয়ে’, ‘মুডস’, ‘সফর—দ্য জার্নি’, ‘ওভার দ্য ব্লু’, ‘লোনলি মি’, ‘বার্ডস আই ভিউ অন বগা লেক’ ছবিগুলোতে শিল্পীর কল্পনায় জীবন ও প্রকৃতি হয়ে উঠেছে নান্দনিক। আলোকচিত্রের মাধ্যমে অজানা সৌন্দর্য এবং সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একঝাঁক তরুণ আলোকচিত্রীর হাত ধরে শুরু হয়েছে ‘ফটোগ্রাফি বাংলাদেশ’-এর পথচলা। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রাকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার জন্য শিল্পকলা একাডেমীতে ১৫ জুলাই থেকে ‘ফিচারিং চিটাগাং—দ্য ল্যান্ড অব বিউটি’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ প্রদর্শনীর শেষ দিন।প্রদর্শিত ছবিগুলোর সমন্বয়ে প্রকাশিত অ্যালবামের মোড়ক উন্মোচন এবং ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন জেবুন্নেসা চৌধুরী, সেলিম নবী, জিয়া উদ্দীন খান ও আলোকচিত্রী শোয়েব ফারুকী।প্রদর্শনী দেখে কেমন লেগেছে—জানতে চাইলে অনুপম সেন বলেন, ‘প্রকৃতির হুবহু প্রতিচ্ছবিতে শিল্পীর কল্পনার অবকাশ কম থাকত বলে আলোকচিত্রকে একসময় শিল্পের মর্যাদা দেওয়া হতো না। তবে আলোকচিত্র এখন আর শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নেই। আলোকচিত্র এখন শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে, তার প্রমাণ এ প্রদর্শনী।’চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের ছাত্র অপু ধর বলেন, ‘একক প্রদর্শনীতে শিল্পীর কাজের ভাবনা ধরা পড়ে, ধারাবাহিক একটা গল্প বা বিষয়বস্তু থাকে। কিন্তু এ রকম অনেক শিল্পীর চিত্র একসঙ্গে প্রদর্শিত হলে শিল্পীর ভাবনা স্পষ্টভাবে বোঝা যায় না। তা ছাড়া কয়েকটি চিত্রে ছোট ছোট শিশুরা নৌকা থেকে লাফ দিচ্ছে কিংবা জেলেরা মাছ ধরছে—এ রকম বিষয়গুলো পুরোনো হয়ে গেছে। একজন শিল্পী হিসেবে আমি মনে করি, যুগের চাহিদা অনুযায়ী নতুন কিছু করা।’ চিত্রকর্মের নামকরণের মধ্য দিয়ে শিল্পীর কল্পনাকে খুঁজে বেড়িয়েছেন আলোকচিত্রী নেওয়াজ মোরশেদ। তিনি জানান, ‘মেঘের সাথে আড্ডা’, ‘গল্পটা বলা হলো না’, ‘পাথ টু হেভেন’—এ রকম কিছু আলোকচিত্র শুধু শিরোনামের জন্যই নজর কেড়েছে। তা ছাড়া কয়েকটি ছবির কম্পোজিশন এবং ছবিতে আলোর খেলায় শিল্পীর দক্ষতা প্রকাশ পেয়েছে। প্রদর্শনীতে ১৫১টি ছবি উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি আলোকচিত্রশিল্পের বিভিন্ন বিষয়ে পাঁচটি কর্মশালার আয়োজন করা হয়েছে।