আলোর ইশকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের কাছ থেকে শোনা একটা গল্প আমি প্রায়ই বলি: এক ছেলে একটি ছেঁড়া মানচিত্র জোড়া দিয়েছে। তার কাছে জিজ্ঞেস করা হলো, মানচিত্রটি সে কীভাবে জোড়া লাগাল। ছেলেটি বলল, ‘আমি তো মানচিত্র জোড়া দিইনি। যে পৃষ্ঠায় মানচিত্রে আঁকা ছিল, তার উল্টো পাশে ছিল একজন মানুষের ছবি। আমি মানুষটাকে জোড়া দিয়েছি, ছেঁড়া মানচিত্র এমনিতেই জোড়া লেগে গেছে!’সায়ীদ স্যার বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই মানুষ জোড়া দেওয়ার কাজ করছেন ৩৫ বছর ধরে। সেই মানুষ আলোকিত মানুষ, সম্পূর্ণ মানুষ। বিশ্বসাহিত্য কেন্দ্র আমাদের জাতীয় জীবনে একটি নতুন স্বপ্ন যোগ করেছে—সে স্বপ্ন আলোকিত মানুষের স্বপ্ন। সারা দেশের সবখানেই উৎকর্ষময় ও আলোকিত মানুষ গড়ে তোলার জন্য সংগঠনটি দেশের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে বই পড়া, সাংস্কৃতিক কার্যক্রমসহ বিচিত্রমুখী কাজ করে চলেছে। এই মুহূর্তে প্রতিবছর দেশের প্রায় ১০ লাখ শিক্ষার্থী কেন্দ্রের এসব উৎকর্ষধর্মী কার্যক্রমে অংশ নিচ্ছেন।বিশ্বসাহিত্য কেন্দ্রের সর্বশেষ উদ্যোগটির নাম ‘আলোর ইশকুল’। জ্ঞানের বিভিন্ন শাখার আনন্দময় চর্চা ও উৎকর্ষের ভেতর দিয়ে উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ গড়ে তোলার জন্য পরিচালিত হবে এই ইশকুলের কার্যক্রম। তবে এটি প্রথাগত কোনো ইশকুল নয়, এ এক আনন্দময় পাঠশালা, যেখানে পাঠদান পদ্ধতিতেও আছে নতুনত্ব। কেমন সেই ইশকুল?ইশকুল মানে কেবল মুখ গুঁজে পড়াশোনা—এই ধারণা থাকছে না এই ইশকুলে।বিশ্বের সংগীত, সাহিত্য, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, চলচ্চিত্র থেকে শুরু করে বিশ্ব ইতিহাস, ধর্ম, দর্শন, বিজ্ঞান, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি, মনস্তত্ত্ব, শিক্ষা, পরিবেশ—সবই আলোর ইশকুলের পাঠের বিষয়। তবে সেই পাঠ দেওয়া হবে নানা রকম উৎকর্ষময় কোর্সের ভেতর দিয়ে। আলোর ইশকুলের নাম দিয়েছে ‘আলোকযাত্রা।’ছোট-বড় ১০০টি ‘উৎকর্ষ চক্র’র মাধ্যমে প্রতি পাঁচ বছরে একবার সম্পন্ন হবে এই আলোকযাত্রা। চক্রগুলো হবে দুই মাস থেকে এক বছরের। এখানে অংশ নেওয়ার ভিত্তিতে এর অংশগ্রহণকারীরা পাবেন যোগ্য সম্মান। যেমন: ২০টি চক্র সফলভাবে শেষ করলে মিলবে বিশ্বসাহিত্য কেন্দ্রের মর্যাদাসূচক সনদ, সঙ্গে ‘আলোর ইশকুল’-এর পূর্ণাঙ্গ সদস্যপদ। সফলভাবে ৫০টি চক্র শেষ করলে পাওয়া যাবে সনদসহ রৌপ্যপদক, ৭৫টি শেষে স্বর্ণপদক, আর ৯০টি চক্র শেষে করলে পাওয়া যাবে বিশেষ স্বর্ণপদক, সেই সঙ্গে আলোর ইশকুলের আজীবন সদস্যপদের সম্মান।কি, ইশকুলটি খুব মজার তা-ই না, অংশ নেওয়ার পাশাপাশি এখানে কেমন সোনা-রুপার পুরস্কারও মিলে যাচ্ছে!পুরো কর্মসূচি পরিচালিত হবে মূলত তিন ধরনের পন্থায়। এর মধ্যে পড়াশোনানির্ভর কার্যক্রম যেমন আছে, তেমনি রয়েছে বক্তৃতা শোনা ও মুক্ত আলোচনা এবং অন্য পদ্ধটিটি হলো দেখা, শোনা ও ভ্রমণ। বিষয়গুলো কি খুব জটিল হয়ে গেল? এবার ভেঙে বলি: আলোর ইশকুলে পড়ানো হবে বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য। দেখানো হবে পৃথিবীর সেরা প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র ও ধ্রুপদি নৃত্য। শোনা যাবে বিশ্বের শ্রেষ্ঠ সংগীতগুলো।মজার ব্যাপার হলো, এই সংগীত-চলচ্চিত্র-নৃত্য—এগুলো দেখা-শোনার পর এ নিয়ে রয়েছে মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়। ফলে পারস্পরিক অংশগ্রহণের মধ্য দিয়ে থাকছে উন্মুক্ত তর্ক-বিতর্কের সুযোগ।এই তিন ধরনের উৎকর্ষ চক্রে বইপড়া, বক্তৃতা শোনা, আলোচনা পর্বে অংশগ্রহণ, দলীয়ভাবে প্রামাণ্যচিত্র-চলচ্চিত্র-নাটক দেখা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রকলা প্রদর্শনী উপভোগ, দলীয় ভ্রমণ ইত্যাদি পর্বে অংশগ্রহণ করবেন। আর এসবে অংশ নিয়ে নতুন কী কী শেখা আর জানা হলো, তা লিখে জমা দেবেন তিনি। আর এভাবেই গড়ে উঠবে আলোকিত মানুষ। মার্চ ২০১৩ থেকে শুরু হচ্ছে আলোর ইশকুলের প্রথম পর্ব। এই পর্বের উৎকর্ষ চক্রগুলো হলো—বিশ্বসাহিত্য পাঠ, উপমহাদেশীয় ধ্রুপদি নৃত্য, উপমহাদেশীয় উচ্চাঙ্গসংগীত, দর্শন, গাছ ও ফুল পরিচিতি, চলচ্চিত্র চক্র, ভ্রমণ কর্মসূচি, নাটক ও সাংস্কৃতিক চক্র, ‘বাঙালির ইতিহাস ও বাঙালির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন ও বিপ্লব’ শীর্ষক বক্তৃতামালা, আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স (চিত্রকলা রসাস্বাদন কোর্স), প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সেরা ১০০ বাংলা চলচ্চিত্র প্রদর্শনী, বিশ্বসেরা নাটকের পাঠচক্র ও আবৃত্তি সংঘ।আলোর ইশকুলে যাঁরা যুক্ত হতে চান, তাঁরা যোগাযোগ করুন ঢাকার বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যালয়ে।