আলোর ইশকুলে একদিন

শান্ত, সুশৃঙ্খল ক্লাসরুমভর্তি তরুণদের ঠিক সামনেই মঞ্চে বসে আছেন দুই বিজ্ঞজন। একজন আবদুল্লাহ আবু সায়ীদ, অন্যজন ডা. বুলবুল সরওয়ার। তাঁদের পাশেই দাঁড়িয়ে একজন ডায়েরির পাতা উল্টে পড়ে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের তাঁর ভালো লাগার অংশবিশেষ। ‘দই দই দই-ই ভালো দই! সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই।’ হঠাৎই বদলে যায় ক্লাসরুমের চিত্র। উপস্থিত সবার চোখে-মুখে কেমন যেন মায়া খেলা করে। একেকজন তরুণ যেন একেকটি অমল। সবাই যেন অমলের মতো সুর করে বলে উঠবে ‘আলো চাই আলো!’
বলছি গত ২০ নভেম্বর শুক্রবার, বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোর ইশকুলের পাঠচক্রের কথা। যেখানে শিক্ষার্থীরা প্রতি শুক্রবারে একটি করে বই পড়া শেষে তাঁদের প্রিয় স্যারের সামনে, বইটির বিষয়বস্তু নিয়ে নিজেদের ভাবনা, বুঝতে পারা-না পারা, ভালো লাগা-মন্দ লাগা নিয়ে আলোচনায় মেতে ওঠেন আর বাড়তি পাওনা হিসেবে পেয়ে যান বইটি ঘিরে আবদুল্লাহ আবু সায়ীদের বিস্তারিত আলোচনা।
ক্লাস শেষের দিকে ডাকঘর নাটকের আলোচনায় স্যার বলছেন, ‘অমল এক স্বপ্নবাজের নাম। যে কিনা বন্ধ জানালা খুলে দিয়ে অবাক বিস্ময়ে পৃথিবীটাকে ছুঁয়ে দেখতে চায়, ঘুরে দেখতে চায়। জানার আগ্রহ যার প্রচণ্ড। অতি শাসনকে যে মায়ায় বেঁধে পথ চলতে চায় দুর্বার গতিতে।’ স্যারের এমন আলোচনা শুনে ক্লাস শেষে সবার তাই উচ্ছ্বাসের অন্ত নেই।
কেমন লাগছে পাঠচক্র? জানতে চাইলে সেই উচ্ছ্বাস নিয়েই কথা বললেন কাজী নজরুল ইসলাম কলেজের আবু কাউসার। বলেন, ‘এক কথায় অসাধারণ! এখানে এসেই জীবনবোধকে খুব ভালো করে উপলব্ধি করতে পারছি। খুঁজে পেয়েছি মনের খোরাক, যা এখন আমাকে সারাক্ষণ মাতিয়ে রাখে। সত্যি বলতে এই বিশ্বসাহিত্য কেন্দ্রই আমাকে বই পড়তে শিখিয়েছে। শিখিয়েছে একসঙ্গে ভিন্ন ভিন্ন বিষয়ের স্বাদ গ্রহণ করতে। যে বইটা পড়ি, সে বই নিয়ে স্যারের আলোচনা শোনার পর তা আত্মায় গেঁথে যায়। এখন শুধু কিছু বই নয় বরং বিশ্বসাহিত্যকে ভালোবাসতে পারছি। এটাই একটা বড় পাওয়া।’
রনির কথা শেষ হতে না-হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুন নাফিস খান বলে ওঠেন, ‘আলোর ইশকুল আমাকে দিয়েছে ভীষণ আনন্দের একটা জীবন। এখান থেকে কত কিছু যে পেয়েছি তার ঠিক নেই। এখান থেকেই ধারণা পেয়েছি শিল্প-সাহিত্য, দর্শন, চিত্রকলা, নাটক, ধ্রুপদি নৃত্য, উচ্চাঙ্গসংগীত, মহাকাব্য পাঠ, স্থাপত্যের নান্দনিকতা, প্রামাণ্যচিত্র, সিনেমা নিয়ে। এসব নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা ক্লাস নিয়েছেন, আলোচনা করেছেন। আলোর ইশকুলে যোগ না দিলে কত কিছুই অজানা থেকে যেত। এসবের বাইরেও আমরা রোজ আড্ডা দিই, দলবেঁধে ঘুরতে যাই, মঞ্চনাটক দেখতে যাই নিয়ম করে। সেটাও সম্ভব হয়েছে এখানে এসেই।’
আড্ডাই যে মুক্তচিন্তার জানালা। তাই আলোকিত মানুষ গড়ে তুলতে তরুণদের সামনে আবদুল্লাহ আবু সায়ীদ খুলে দিয়েছেন অপার সম্ভাবনার এক জানালা। তাঁর মতে, ‘আলোর ইশকুল হলো একটা ফুলের বাগানের মতো। এখানে তরুণদের মানবিক ও মানসিক উত্কর্ষ সাধনের জন্য সব বিষয়ে জানার ওপর জোর দেওয়া হয়েছে। কেননা, জানা মানেই ভালোবাসা। জানলে আমরা তার প্রতি আগ্রহী হই, তার মূল্য বুঝি, ভালোবাসি আর ভালোবাসা থেকেই সুন্দরের সৃষ্টি হয়। তরুণেরা এসব থেকে নিজে সুন্দর হয়ে শক্তিমান মানুষ হিসেবে জেগে উঠবে, অন্ধকার থেকে বেরিয়ে আসবে। দেশ, জাতিকে আলোকিত করবে। কারণ, যে জেনেছে, নেতৃত্ব সে-ই দেবে। সে দূরকে দেখার ক্ষমতা অর্জন করেছে। আলোর ইশকুল হচ্ছে সেই উত্কর্ষতার জায়গা। বৈভবমণ্ডিত বিশালত্বকে স্পর্শ কারার জন্যই আলোর ইশকুল খুলেছি।’