আলোর জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ সেপ্টেম্বর বেলা ১১টা। টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের শ্রেণীকক্ষগুলোতে নিশ্চুপ বসে আছে শিক্ষার্থীরা। তাদের পরনে সাদা শার্ট, নীল রঙের প্যান্ট। গলায় খয়েরি রঙের টাই। এতটুকুন কচি মুখগুলোতে শোকের ছায়া, খানিকটা যেন অজানা আশঙ্কা, ভয়।বিদ্যালয়ের সব শিক্ষার্থী সারিবদ্ধ হয়ে মাঠে এল যখন, তখনো তাদের মধ্যে কোনো চাঞ্চল্য নেই। কোনো কথা নেই কারও মুখে। মাথা নিচু করে একজনের পেছনে আরেকজন এসে দাঁড়াল বিদ্যালয়সংলগ্ন প্রধান সড়কের দুই পাশে। পালন করল এক মিনিট নীরবতা। সামনে টাঙানো একটি কালো ব্যানারে লেখা ‘আলী উল্লাহর নির্মম হত্যার বিচার চাই’। ৭ সেপ্টেম্বর বিকেলে টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের ছাত্র আলী উল্লাহ আলোকে (৭) জবাই করে হত্যা করা হয়। আলো এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। নিহত আলো টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের গোদারবিলের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। আলোর জন্য শোক আর ভালোবাসা জানাতে সেদিন এক সারিতে দাঁড়িয়েছিল নাফিজ ইকবাল, মো. ইয়াসিন, মোস্তফা কামাল, রাশেদুল ইসলামসহ আলোর সহপাঠীরা। এতটুকু শিশুদের শুনতে হচ্ছিল—কী করে আলোকে জবাই করা হয়েছে। শোকাহত আলোর বাবা মোহাম্মদ আবদুল্লাহ শোকসভায় যখন এই বর্ণনা দিচ্ছিলেন, তখন ছোট ছোট ছেলে-মেয়েরা কান্নায় ভেঙে পড়ে। উপস্থিত সবার চোখেই ছিল জল। এমন নিষ্পাপ একটি শিশুকে এভাবে হত্যা করা হতে পারে—তা ছিল সবার কল্পনার বাইরে। শোকসভায় কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ আবদুল্লাহ বললেন, ‘ছেলের শোকসভায় বাবা হিসেবে কিছু বলা খুবই কষ্টের। আমি আলো হত্যার সুষ্ঠু বিচার চাই। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো গডফাদারের হাত রয়েছে কি না, তদন্তের দাবি জানাই।’ আলোর কথা জানতে চাইলে কান্নায় ভেঙে পড়ে সহপাঠী নাফিজ ইকবাল। তার প্রশ্ন—কেন আলোকে এত নির্মমভাবে হত্যা করা হলো? গলা কেটে হত্যা করার মতো কী অপরাধ আলো করেছিল? আলো আমাদের খুব ভালো বন্ধু ছিল। এই বিদ্যালয়ে আর কোনো দিন আলো পড়তে আসবে না ভেবে কষ্ট পাচ্ছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-ই-জন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ৪২ ব্যাটেলিয়নের উপঅধিনায়ক মেজর শামসুজ্জামান মো. আরিফুল ইসলামসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এদিকে, আলোকে হারিয়ে এখন পাগলপ্রায় তার মা ফারজানা পারভিন। ছেলের জন্য সারাক্ষণই বিলাপ করছেন তিনি। পরিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো ৭ সেপ্টেম্বর বিকেলে গৃহশিক্ষক আলোকে পড়াতে বাড়িতে আসেন। কিন্তু আলোকে কোথাও পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় কাজের ছেলে সুমনকেও পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির সামনে বৈঠকখানায় গিয়ে দেখা গেল, দরজায় তালা, ভেতরে সুমন শুয়ে আছে। বাইরে থেকে আলোর মা ফারজানা পারভিনসহ ঘরের লোকজন সুমনকে ডাকাডাকি শুরু করলে সে উত্তেজিত হয়ে আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এতে সন্দেহ হলে লোকজন তালা ভেঙে বৈঠকখানার ভেতরে ঢুকে দেখেন, রক্তে মেঝে ভেসে যাচ্ছে। পরে বৈঠকখানার মাচায় উঠে মা দেখতে পান, একমাত্র আদরের ছেলে আলোর গলাকাটা লাশ পড়ে রয়েছে। আলোর মুখে টেপ মোড়ানো ছিল। রক্তাক্ত অবস্থায় ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে প্রথমে ফারজানার বিশ্বাস হয়নি। কয়েকবার পরখ করে দেখার পর যখন নিশ্চিত হলেন, এটি তাঁর আদরের ছেলে আলো, তখন তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও জ্ঞান হারান। এ সময় আলোর বাবা মোহাম্মদ আবদুল্লাহ ঘরে ছিলেন না, ছিলেন না দাদা-দাদিও। তাঁরা ওমরা হজ করতে গিয়েছিলেন সৌদি আরব।পরিকল্পিতভাবেই আলোকে মুখে টেপ লাগিয়ে জবাই করে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যদের সন্দেহ।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে কাজের ছেলে সুমনকে ওই দিন গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন: কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে মোহাম্মদ ইয়াকুব (২৮), ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. রায়হান (২৫), টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার নজির হোসেনের ছেলে নজরুল ইসলাম (২২) ও গোদারবিল গ্রামের আলী হোসেনের ছেলে মো. ইছহাক কালু (৩২)। এ ব্যাপারে আটক ছয়জনকে অভিযুক্ত করে আলোর বাবা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও হাত রয়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে।৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর নিহত শিশু আলোর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।পুলিশ সুপার বলেন, ‘এত সুন্দর একটি ছেলের গলায় ছুরি চালাতে পাষাণ মনও কেঁদে ওঠার কথা। কিন্তু তার পরও মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, এখানে এসেই ধারণা পেলাম।’