আলোর ঝরনাধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যসন্ধ্যার অন্যতম আয়োজক নাহিদ খানের ছোট্ট ই-মেইল: ‘আবদুল্লাহ আবু সায়ীদ স্যার আসছেন। ২৬ এপ্রিল ওকলেহ হলে সাহিত্যসন্ধ্যা। তোমরা চলে এসো।’ সেই থেকে দিন গোনা।

২৬ এপ্রিল সকাল। মেলবোর্নে সূর্যের দেখা নেই। ঠান্ডাও পড়েছে বেশ জেঁকে। এর মধ্যেই আগেভাগেই বেরিয়ে পড়ি সপরিবারে।

৪৫ মিনিট বাসে চড়ে গন্তব্যে পৌঁছে বুঝলাম, আমরা সবার আগেই এসে পড়েছি। ১৮৮৬ সালে স্থাপিত লাল ইটের বিশাল দালান ওকলেহ হলের ভারী দরজাটায় হাত দিয়ে বুঝতে পারলাম, তখনো ওটা খোলা হয়নি। এদিক-ওদিক হেঁটে দেখছিলাম। হঠাৎ দেখি নাহিদ আপার সঙ্গে হেঁটে আসছেন তিনি! সেই খদ্দরের পাঞ্জাবি আর গলাবন্ধ কটি পরে কথার জাদুকর আবদুল্লাহ আবু সায়ীদ; ছোটবেলা থেকেই টেলিভিশনে যাঁকে দেখতাম, মন্ত্রমুগ্ধের মতো যাঁর কথা শুনতাম। মেয়েকে হাতে নিয়ে দৌড়ে গেলাম তাঁর কাছে। মেয়ের বাবা ততক্ষণে এসে তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন। কাছ থেকে তাঁকে প্রথম দেখে একটু যেন ধাক্কা খেলাম। একটু যেন জড়সড় হয়ে আছেন, মুখে হাসিটুকুও নেই।

টেলিভিশনে দেখা সেই তিনি, ঠিক যেন তাঁর মতো নন। আর কিছু নয়, মেলবোর্নের হাড় কাঁপানো শীতই তাঁকে সম্ভবত খানিকটা কাবু করে ফেলেছে। এত কাছ থেকে দেখলাম। লোকের ভিড় নেই। তবু তাঁর সঙ্গে মন ভরে কথা বলা হলো না। মনটা সত্যিই খারাপ হয়ে গেল। সব ভাবনার অবসান হলো, যখন তিনি মঞ্চে; যদিও এত সুন্দর করে সাজানো মঞ্চে তিনি বসে থাকেননি। নেমে এসেছেন নিচে, দর্শকদের কাছাকাছি। ৩০ বছরের শিক্ষকতা, টেলিভিশন উপস্থাপনা—সবই করেছিলেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসে বসে বক্তৃতা তাঁর ঠিক আসে না, তা-ই বলছিলেন তিনি।

ঠিক কতক্ষণ তিনি কথা বললেন, সেটা বোধ করি আমার মতো কেউই বলতে পারবে না। কারণ, ওই সময় ঘড়ি দেখার সময় কারও ছিল বলে মনে হয় না। স্মৃতিচারণা আর প্রশ্নোত্তরে উঠে আসে তাঁর কৈশোর আর যৌবনের কথা, স্বপ্নের কথা, আর বিশ্বসাহিত্য কেন্দ্রের কথাও। শিল্প-সাহিত্য, সংস্কৃতির পাশাপাশি দর্শন, ধর্ম, ইতিহাস, বিজ্ঞান—সবকিছুই এসেছিল তাঁর কথায়। চলমান অবক্ষয়ের কথা বললেও তিনি শুনিয়েছেন আশার কথা, স্বপ্নের কথা, আলোর কথা। তাঁর ভাষায়, আলোটা আছে চাকার উল্টোদিকে। চাকাটা একটু জোরে ঘুরিয়ে দিলেই উঠে আসবে ওপরে আর দূর করে দেবে সব অন্ধকার।

শত শত বছরের অপশাসনের পর রেনেসাঁ এসেছিল ইউরোপে। আর আমাদের নতুন বাংলাদেশের সবে তো শুরু পথচলা। দুঃসময়ে টিকে থাকতে পারাতেই সাফল্য। প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে নিজের কাজটা ঠিকভাবে করতে পারলেই আমরা পেয়ে যাব সেই আলোর দেখা।

প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে রীতিমতো লড়াই করে, ক্ষণে ক্ষণে গরম পানিতে গলা ভিজিয়ে তিনি কথার মালা গেঁথে গেলেন। মিলনায়তনে অবিরাম হাসির ফোয়ারা। সবার হাসির অর্থ বুঝতে না পেরে আমার মেয়ে প্রতিজ্ঞা ভুলে কানে কানে বলে উঠল, ‘হোয়াট ইস কো ফানি? সবাই হাসছে কেন?’ সশশ বলে মেয়েকে থামিয়ে রাখলাম।

একসময় তিনি বন্ধ করলেন তাঁর কথার ঝাঁপি। অনেক কথা হলো বলা, অনেক কথা তবু যেন বাকিই থেকে গেল।

সালমা বিনতে শফিক

সুইনবার্ন ইউনির্ভাসিটি, অস্ট্রেলিয়া