আলোর পথে যাত্রা ওদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের বৃষ্টিতে থমথমে সকালের আকাশটা। মেঘের কোলে হাসছে সূর্যটা, কিন্তু হাজার পাঁচেক শিক্ষার্থীর হাসিতে ম্লান সে হাসি। জীবনের অন্য রকম এক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে পুরস্কারের অপেক্ষায়। বিশ্বসাহিত্য কেন্দ্র পুরস্কার দেবে তাদের। ‘স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মনকে সুন্দর ও রুচি স্নিগ্ধভাবে গড়ে তোলার জন্য’ বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল ১ এপ্রিল, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় মাঠে। তাই সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যেই উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। গত বছর নগরের ৫৯টি বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে যারা মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদের পুরস্কার দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্গে এসেছেন তাদের গর্বিত মা-বাবা ও শিক্ষকেরা।আলোকিত মানুষ চাই—দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের ব্যানারে সজ্জিত অতিথি মঞ্চের সামনে হলুদ ফিতায় সীমানা কাটা ৫৯টি ঘরে বসা আলোর যাত্রীরা। জ্বলজ্বলে একরাশ চোখের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপস্থাপকের আমন্ত্রণে ফুলের মালা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করলেন আলোকিত মানুষ গড়ার কারিগর আবদুল্লাহ আবু সায়ীদ। একে একে মঞ্চে আসন নেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম শাখার সংগঠক আলেক্স আলীম, মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম ফজলুল কাদের, নজরুল ইসলাম, সুমি খান প্রমুখ।আবদুল্লাহ আবু সায়ীদ মাইক্রোফোন হাতে নিয়ে শিক্ষার্থীদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন—‘দেহমনে কেমন আছো আলোর পথের খুদে যাত্রীরা।’ গগনবিদারী আওয়াজে ভালো থাকার বার্তা জানিয়ে দিল সবাই। স্যারের কথা শোনার জন্য ব্যাকুল তারা। আবদুল্লাহ আবু সায়ীদ বললেন, তাঁর গলায় খুব ব্যথা, বেশি কথা বলা ডাক্তারের নিষেধ। কিন্তু শিক্ষার্থীরা কোনো অজুহাত মানতে রাজি না। অগত্যা কথার ঝাঁপি খুললেন স্যার, শোনালেন ছেলেবেলার দিব্যদৃষ্টি সম্পন্ন লোকের কাহিনি—‘অন্তর চক্ষু খোলার কাহিনি। ছোট্ট একটি ছিদ্র দিয়ে পৃথিবীটাকে আংশিক দেখা যায়। ছিদ্র দিয়ে যে আলোকরশ্মি আসে তা যেন রশির মতো লাগে। নিজেকে রশিতে না বেঁধে আলোয় ভরা পৃথিবীর আয়োজনটাকে দুহাত পেতে নিতে হবে। দুই হাতে ধরতে হবে আলোর বর্তনী।’শুভেচ্ছা বক্তব্যে আলেক্স আলীম বলেন, ‘তোমাদের মূল্যবোধ দিয়ে বিশ্বে চ্যাম্পিয়ন হতে হবে।’ পরে শিক্ষার্থীদের উদ্দেশে কিছু মজার ছড়া শোনান। এবারের উৎসবে স্বাগত পুরস্কার পেয়েছে ৪১৫ জন, শুভেচ্ছা পুরস্কার ৭৭৩ জন, অভিনন্দন পুরস্কার ৮৬২ জন, বিশ্বসাহিত্য কেন্দ্র পুরস্কার ২১৭ জন। এ ছাড়াও ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের পুরস্কার, অভিভাবক পুরস্কার ইত্যাদি।এরপর বক্তব্য দেন প্রধান শিক্ষক এইচ এম ফজলুল কাদের, গ্রামীণফোনের প্রতিনিধি আরিফুজ্জামান, আব্দুন নূর তুষার। আব্দুন নূর তুষার শুরু করলেন ঈশপের গল্প দিয়ে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্বপ্নের মতো বড় হতে হবে যেটা আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলে থাকেন।’ সেই বড় হওয়াটা কেমন? তা তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন—বীজ থেকে যেমন গাছ হয় এবং ছায়া দেয় তেমনি এই শিক্ষার্থীরাও একদিন বড় হয়ে সমাজে ছায়া দেবে। কিন্তু সে ছায়াটা কীসের ছায়া? তা হবে জ্ঞানের ছায়া।’ তিনি ছেলে মেয়েদের ভবিষ্যতের বিচারপতি, প্রধানমন্ত্রী বলে উৎসাহিত করলেন। শোনালেন বিদ্যাসাগরের বিধবা খেলার সাথির দুঃখ বুকে ধারণ করে সমাজে রীতি পরিবর্তনের শক্তির কথা। শেষ করলেন মুক্তিযুদ্ধের গল্প বলে। কথার পরে কথা, তাই বললেন—কোনো সন্তানই কেবল তার মায়ের নয়, সে সমাজের, সে দেশের। তাঁর আশা বাংলাদেশ পরিচিত হবে আলোকিত মানুষদের আলো দিয়ে।