আলোর পথে রুয়ান্ডা
তুতসী বিদ্রোহী দলের সমর্থক পল কাজামের সরকার ১৯৯৪ সালে ক্ষমতায় আসার পর রুয়ান্ডায় অনেক উন্নয়ন হয়েছে। রুয়ান্ডায় দুর্নীতি খুব কম। তাই অন্য দেশ ও দাতব্য সংস্থাগুলো সে দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ধীরে ধীরে রুয়ান্ডার অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নতি হচ্ছে। দেশটির শিক্ষা ও কৃষি ক্ষেত্রে ঘটছে অবকাঠামোগত উন্নয়ন। শুধু তা-ই নয়, নারীর ক্ষমতায়নের জন্যও রুয়ান্ডা সরকার কাজ করে যাচ্ছে। আর এর প্রমাণ মেলে রুয়ান্ডার পার্লামেন্টের দিকে তাকালে। পার্লামেন্টের অর্ধেকের বেশি আসনে আছেন নারীরা। পার্লামেন্টে নারী আসনের সংখ্যার দিক দিয়ে রুয়ান্ডার অবস্থান বিশ্বে শীর্ষে। এদিকে গণতান্ত্রিক আচরণের দিক দিয়েও কাজামেকে অনেকটাই সফল বলা যায়। সুদানের দারফুরে শান্তিরক্ষার জন্য কাজামে সেনা পাঠিয়েছেন। ১৯৯৪ সালের গণহত্যার ঘটনায় ফ্রান্সের ভূমিকার তীব্র নিন্দা ও সমালোচনা করে কাজামে ঝড় তুলেছেন। ২০০৬ সালে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রুয়ান্ডা। শেষ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বাধ্য হন রুয়ান্ডায় এসে ক্ষমা চাইতে। শুধু তা-ই নয়, ফ্রান্স রুয়ান্ডায় একটি সাংস্কৃতিক কেন্দ্র খুলবে বলেও আশ্বাস দিয়েছেন সারকোজি। আর এতে সবচেয়ে বেশি খুশি হয়েছে রুয়ান্ডার সাধারণ মানুষেরা। শুধু ফ্রান্স নয়, কঙ্গোর সঙ্গেও রুয়ান্ডার সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। কঙ্গো হুতু জঙ্গিদের ধরতে রুয়ান্ডার সেনাবাহিনীকে তাদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। আগস্ট মাসে রুয়ান্ডায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে কাজামে আবার জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোকে একে অপরের বিরুদ্ধে প্রচারণা বা কুত্সা ছড়ানো থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে কাজামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সোস্যালিস্ট পার্টির ইমবেরাকুরিও। এদিকে নির্বাচনে তৃতীয় রাজনৈতিক দল ইউনাইটেড ডেমোক্রেটিক ফোর্সেস ইনকিংজির, প্রধান ভিক্টরি ইঞ্জাবিরে বলেন, নির্বাসন থেকে দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সরকারি দলের উস্কানিতে তাঁর ওপর বেশ কয়েকবার হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ভিক্টরি। অন্যদিকে ডেমোক্রেটিক গ্রিন পার্টি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়। সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান কায়ুমবা নিয়ামওয়াসার এ দলে যোগ দেওয়ার কথা। কিন্তু রুয়ান্ডা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে। সব মিলে নির্বাচনে বিরোধী দলগুলো রাজনৈতিকভাবে অনেকটাই সফল কাজামের রুয়ান্ডান পেট্রিয়টিক ফ্রন্টকে কতটা প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারবে বা দলগুলোর মধ্যে নির্বাচনের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়ে উঠবে, সেটাই এখন দেখার বিষয়। ইকোনমিস্ট অবলম্বনে