তখন পড়ন্ত বিকেল। পাহাড়ের গায়ে আঁচল বিছিয়েছে সোনা রোদ। সিঁড়ি ভেঙে উপরে উঠতেই চমক। পাহাড়ের খাঁজে আপাদমস্তক হলুদ রাঙা ভবন। সবকিছুতে হলুদের ছড়াছড়ি। আর দশটা ভবন থেকে আলাদা করে চেনা যায়। ভবনে ঢোকার মুখে সবকিছু ছাপিয়ে চোখ আটকে যায় দেয়ালে টাঙানো ব্যানারের একটি উক্তিতে—‘দারিদ্র্যের শিকল ভাঙবে শিক্ষা’।সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূলধারায় আনার প্রত্যয়ে পথ চলছে একদল স্বপ্নবাজ তরুণ। চট্টগ্রাম নগরের লালখান বাজারের মতিঝরনা এলাকায় তাঁরা প্রতিষ্ঠা করেছেন বিনা মূল্যের শিক্ষাপ্রতিষ্ঠান ‘জাগো বিদ্যালয়’। সূর্যের প্রথম কিরণের মতো অন্ধকার ফুঁড়ে আলোর পথে যাত্রা তাঁদের। স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশনের পরিচালনায় চট্টগ্রামে বিদ্যালয়টির যাত্রা শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে। সম্প্রতি গিয়ে দেখা যায়, দোতলা ভবনের নিচতলায় অফিস, ওপরের তলায় পাঠদান কক্ষ। কক্ষের বাইরে ভেসে আসছে শিশুদের সমস্বর কণ্ঠ ‘টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার’। রাইমটির সঙ্গে চলছে হাততালি। আনন্দ উচ্ছ্বাস যেন উপচে পড়ছে। পাঠদান কক্ষে ঢুকেই চোখ জুড়িয়ে যায়। দেয়ালে সাঁটানো শিশুদের আঁকা ছবি। লাল-সবুজের পতাকা, শহীদ মিনার, পালতোলা নৌকা, নদী, প্রকৃতি কী নেই! যেন কাঁচা হাতের রং পেনসিলের আঁকাআঁকিতে রূপ মেলেছে বাংলা। কক্ষটিও গতানুগতিকভাবে সাজানো নয়। নেই টুল-বেঞ্চ। বাচ্চাদের মেঝেতে তিন সারিতে বসিয়ে পাঠ দিচ্ছেন শিক্ষক। চলছে ছড়া পাঠ, লেখালেখি। অনেকটা খেলার ফাঁকে পড়ছে তারা। আনন্দময় শিক্ষার পরিপূর্ণ পরিবেশ। কক্ষের এক কোণে বসে আপন মনে লেখা শিখছিল পাঁচ বছরের শিশু রমজান। জানা গেল জন্মের আগেই রমজানের বাবা মারা যায়। আর জন্মের সময় হারায় তার মাকে। নানির কাছে বেড়ে ওঠা এই অসহায় শিশুর একমাত্র আনন্দের উৎস এই বিদ্যালয়। রমজানের মতো এখানে ঠাঁই হয়েছে দোলা, সাকিব, ছোটন, রহিমা, তানিয়াসহ আরও বহু সুবিধাবঞ্চিত শিশুর। এদের সবার বয়স চার থেকে আট বছরের মধ্যে। তাদের কারও বাবা নেই, কারও মা নেই। কারও মা-বাবার নেই বিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য।কথা হয় শিক্ষক আফরোজা খানমের সঙ্গে। তিনি নিজেও ছাত্রী। স্নাতক শ্রেণীতে পড়ছেন মহসিন কলেজে। আফরোজা বলেন, ‘বাচ্চাদের সঙ্গে সময়টা ভালোই কাটে। লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ দেখে আমি মুগ্ধ। বিকেলে এই সময়টাতে আমার অবসর। তাদের পড়িয়ে উপভোগ করি।’জানা যায়, বর্তমানে দুই পালায় ৮০ জন শিশু পড়ছে বিদ্যালয়ে। তাদের প্রথমে মাতৃভাষায় পাঠ দেওয়া হয়। এরপর ইংরেজি মাধ্যমের পাঠ্যসূচি অনুযায়ী পড়ানো হয়। শিক্ষার উপকরণও দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। পড়ালেখার পাশাপাশি তাদের সপ্তাহে দুই দিন পুষ্টিকর খাবার দেওয়া হয়। সারা দেশের বিভিন্ন স্থানে জাগো ফাউন্ডেশন পরিচালিত আরও ছয়টি বিদ্যালয় রয়েছে। বান্দরবানে আরেকটি বিদ্যালয়ের কাজ চলছে।জাগো ফাউন্ডেশনের চট্টগ্রামের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী বলেন, ‘জাগো কাজ করে পাঁচটি মূল ভিত্তি নিয়ে—মানসম্মত শিক্ষা, পুষ্টিকর খাবার নিশ্চিত করা, সঠিক তত্ত্বাবধান, সুস্বাস্থ্য এবং বিত্তবান ও দুস্থদের সঙ্গে সম্পর্ক স্থাপন। কোনো বিদেশি সাহায্য নয়, বিদ্যালয়গুলো চলে দেশের পৃষ্ঠপোষকদের অর্থ দিয়ে। এ ছাড়া সহযোগী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরাও তহবিল সংগ্রহে সাহায্য করেন। জাগো সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.jaago.com.bd ওয়েবসাইটে।’