আলোর পাঠশালা
পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর কিছু কাজ চমকে দেয়। পড়াশোনাই যে শেষ নয়, তার আরেক প্রমাণ গড়লেন শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির একদল শিক্ষার্থী। নিজেরাই গড়ে তুললেন শিশুদের জন্য একটি বিদ্যালয়, যেখানে তাঁরা বিনা মূল্যে পড়াশোনা শিখিয়ে যাচ্ছেন পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত একদল শিশুকে। উত্তরার দক্ষিণখানে খেটে খাওয়া বিভিন্ন পরিবারের শিশু-কিশোরদের নিয়ে এসে নিজেরাই শিক্ষাদানের কাজ করে যাচ্ছেন তাঁরা। এ ধরনের কাজগুলো করতে বিশ্ববিদ্যালয়ের ইন্টেরিয়র আর্কিটেকচারের শিক্ষক স্থপতি মোকসেদুর রহমানের নেতৃত্বে রয়েছে আল্টিমেট ক্রিয়েশন নামের একটি সংগঠন। সংগঠনের পরিচালক (যোগাযোগ) তৌহিদুজ্জামান চৌধুরী জানান, পড়াশোনার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের অনেকেই এ কাজে যুক্ত। পিছিয়ে পড়া আর অর্থের অভাবে পড়াশোনার আলো থেকে বঞ্চিত হওয়া শিশু-কিশোরদের নার্সারি ও প্রথম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয়। আর এ জন্য উত্তরার দক্ষিণখানে গড়ে উঠেছে আলোর পাঠশালা নামের একটি স্কুল। তবে শুধু পড়াশোনাই নয়। এ স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় আয়োজন করা হয় নানা ধরনের অনুষ্ঠান, জানালেন সংগঠনের সদস্য ফারহানা শেরিন। তিনি জানান, বিভিন্ন দিবসে শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ আয়োজন। এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়া উপস্থিত ছিলেন আল্টিমেট ক্রিয়েশনের প্রধান উপদেষ্টা মো. মুসলিম। ‘আমাদের পড়াশোনার পাশাপাশি স্যাররা মাঝে মাঝে নাচ, গান শেখান’—জানায় অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী মরিয়ম আক্তার। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও মাথা নেড়ে জানায় সমর্থন। সুবিধাবঞ্চিত শিশুরা যাতে শিক্ষার আলো পায়, তাই বিনা মূল্যে সপ্তাহের নিজেদের ক্লাসের ফাঁকেই ক্লাস নেয় এ তরুণ শিক্ষার্থীর দল। তাতে হয়তো আর্থিক কোনো লাভ নেই, তবে রয়েছে দারুণ এক প্রশান্তি। এ দলের অন্য সদস্যরা হলেন: শুক্লা রানী চৌহান, আফসার মো. নিয়াজ, তাহমিনা আক্তার, কাজী আশরাফুল আলম, ফয়সাল হাসান সিদ্দিকী, প্রসেনজিৎ দেব ও ইফতেখার হাসান। এত আয়োজনের পেছনেও রয়েছে কিছু খরচ। সে খরচ চালিয়ে যাচ্ছেন নিজেদের চাঁদার টাকা দিয়ে। তরুণ শিক্ষার্থীদের এ ধরনের কাজের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ।