আলোর মুখ দেখছে খাগড়াছড়ি বিসিক শিল্পনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানার অবকাঠামো তৈরির জন্য ইট-বালু এনে জড়ো করা হয়েছে। চলছে মাটি পরীক্ষার কাজ। খাগড়াছড়ির জিরো মাইল এলাকার ১০ একর জায়গায় বিসিক শিল্পনগর স্থাপনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। উদ্যোক্তারা বলছেন, এখানে শিল্প-কারখানা গড়ে উঠলে বদলে যাবে জেলার অর্থনীতির মানচিত্র।সম্প্রতি খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্রই দেখা গেল। জানা গেছে, বিসিক শিল্পনগর নিয়ে জেলার নাগরিকদের স্বপ্ন ও প্রত্যাশার মাঝে এতদিন দেয়াল হয়ে দাঁড়িয়েছিল আইনি জটিলতা। এই জটিলতার কারণে প্লট বরাদ্দ দেওয়ার কাজও বন্ধ ছিল এতদিন। তবে এখন সে সমস্যা দূর হয়েছে। প্লট বরাদ্দ দেওয়ার কাজও চলছে। প্রত্যাশার শিল্পনগর তাই আলোর মুখ দেখতে যাচ্ছে।বিসিক কর্তৃপক্ষ জানান, খাগড়াছড়িতে ক্ষুদ্র ও কুটির শিল্প-কারখানা গড়ে তোলার কাজ শুরু হয়েছিল ২০০৭ সালের জুন মাসে। শিল্পনগরের ৬৯টি প্লটের জন্য মাটি কাটা ও ভরাট, রাস্তা নির্মাণ, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, পানি নিষ্কাশনের নালা তৈরি অনেক আগেই শেষ হয়েছে। জানা গেছে, সারা দেশে বিসিক শিল্পনগরের প্লট বরাদ্দ কমিটির সভাপতি জেলা প্রশাসক। কিন্তু তিন পার্বত্য জেলায় বিসিক শিল্পনগরে পার্বত্য জেলা পরিষদের অধীনে। তাই আইন পরিবর্তন করে তিন পার্বত্য জেলার জন্য পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে প্লট বরাদ্দ কমিটির সভাপতি নিয়োগ করা হয়েছে। আইনের এই পরিবর্তনের পর এখন প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে।বিসিক কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে চারটি শিল্প-কারখানার অনুকূলে ১১টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বাকি প্লটগুলোর বরাদ্দ দেওয়া হবে।খাগড়াছড়ি বিসিক শিল্পনগরের কর্মকর্তা এ কে এম সাদেকুর রহমান জানান, ‘এখানে শিল্প-কারখানা গড়ে উঠলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আপাতত চারটি কারখানার জন্য প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দকৃত প্লটগুলোতে বিশুদ্ধ মিনারেল ওয়াটার প্ল্যান্ট, তাঁতবস্ত্র কারখানা, চালকল ও ফ্লাওয়ার মিল হবে।’ পাঁচ থেকে ১০ বছরের মধ্যে ১০ কিস্তিতে প্লটের মূল্য পরিশোধের নিয়ম রাখা হয়েছে বলে জানা গেছে। শর্ত আছে প্লটটিতে অবশ্যই শিল্প স্থাপন করতে হবে।