আলোহীন চোখে দাবা
দৃষ্টিহীন মো. ফয়সাল। চট্টগ্রাম সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তিন কি চার বছর হবে মনসংযোগের খেলা দাবার সঙ্গে তার পরিচয়। এর মধ্যেই পেতে শুরু করেছে সাফল্য। গেল বছর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) দাবা প্রতিযোগিতায় চতুর্থ হয় সে। তার দেখাদেখি বিদ্যালয়ের ছোট-বড় আরও কয়েকজন এই খেলায় আগ্রহী হয়। অল্প দিনের মধ্যেই দাবা নিয়ে মাতামাতি বেড়ে গেল বিদ্যালয়টিতে।
দৃষ্টিহীন ফয়সাল স্বাভাবিকভাবে বেড়ে ওঠা ছেলেমেয়েদের সঙ্গে খেলে চতুর্থ হওয়ায় তাদের বিদ্যালয়ে আনন্দ বয়ে যায়। পড়ালেখার পাশাপাশি এখন তারা দাবা নিয়ে মেতে থাকে। গত মঙ্গলবার থেকে বিদ্যালয়টিতে শুরু হয়েছে দাবা প্রতিযোগিতা।
ফয়সাল, সুরত আলী, আজাদেরা নিবিষ্ট মনে দাবার চাল দিচ্ছে। দৃষ্টিহীনদের জন্য তৈরি বিশেষ বোর্ডে দুই হাতে হাতড়ে গুটির চাল দিচ্ছে। ফয়সাল বলে, ‘আমাদের এখানে মাত্র তিন-চার বছর ধরে দাবা চর্চা হচ্ছে। প্রথমে আমি একটু-আধটু শিখেছি। এর পর আরও কয়েকজন দাবা খেলছে। সীমিত উপকরণ দিয়ে এই খেলা চলছে। আস্তে আস্তে আমাদের এখানে প্রতিযোগীর সংখ্যা বাড়ছে।’
সিজেকেএস প্রতিযোগিতায় খেলার মধুর স্মৃতি এখনো ভোলেনি ফয়সাল। সে বলে, ‘প্রথম ম্যাচে হেরে যাই। এর পর চারটি ম্যাচে জিতে আমি চতুর্থ হই। আমাকে তখন সবাই অনেক বাহবা দিয়েছে। সিজেকেএসের কর্মকর্তারা আমার প্রশংসা করেছে। এটা খুব ভালো লেগেছে।’
অবসরে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা বিদ্যালয়ে দাবা চর্চা করে। তাদের এখন ছয় সাতটি বোর্ড রয়েছে। একজন অন্যজনকে শিখিয়ে দেয় খেলাটি। এভাবে এক এক করে এখন ১২ থেকে ১৪ জন দৃষ্টিহীন শিক্ষার্থী দাবা খেলছে বলে জানা গেছে। দাবা চর্চা এখন এখানকার রুটিন বিষয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘আমাদের ছেলেদের দাবায় আগ্রহ রয়েছে। কয়েকটি বোর্ড জোগাড় করে দিয়েছি। তারা এখন নিয়মিত খেলে। আর আমরা তাদের উত্সাহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করি। আমাদের ছেলেরা যদি সুযোগ-সুবিধা পায় তাহলে আরও বেশি সাফল্য দেখাতে পারবে বলে আমার বিশ্বাস।’
গত বছরও এই বিদ্যালয়ে দাবা প্রতিযোগিতা হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছিল সুরত আলী। নবম শ্রেণীর ছাত্র সুরত আলীকে সবাই স্কুল চ্যাম্পিয়ন হিসেবে পরিচয় করিয়ে দেয়। সুরত বলে, ‘আমরা সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছি। কয়েকটি টুর্নামেন্টেও খেলেছি।’
এবারের প্রতিযোগিতাও শীর্ষস্থান ধরে রাখতে চায় সুরত। তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আজাদ, ফয়সালরা। তাদের আলোহীন চোখের অদৃশ্য নিবিষ্ট দৃষ্টিই যেন দাবাকে ঘিরে।