আলোয় আলোয় ভরা ছিল পূজামণ্ডপ
অন্ধকার গুহা, চারপাশে কেমন যেন গা ছমছম করা পরিবেশ। একটু ভেতরে ঢুকতেই চোখে পড়ে ডাইনোসরের মাথা। চমকে উঠতে হয়। এ কোথায় এলাম বাবা! এ কোন ভয়ঙ্কর দুনিয়া! প্রাগৈতিহাসিকআমলের ডাইনোসারের জগৎ থেকে এবার যাওয়া যাক অন্য জগতে, যেখানের বাসিন্দারা সব নীল রঙের মানুষ, তারা সেজে আছে ভিন্ন ভিন্ন রূপে। এতক্ষণের বর্ণনা থেকে নিশ্চয়ই মনে হচ্ছে কোনো গল্প বা রূপকথা বলা হচ্ছে! কিন্তু না, এ রকম চিত্র দেখা গেছে এবার দুর্গাপূজার সময় নগরের সতীশ বাবু লেন এবং গোসাইলডাঙ্গা পূজামণ্ডপে। হলিউডের দুই বিখ্যাত চলচ্চিত্র জুরাসিক পার্ক এবং অ্যাভাটার-এর আদল ও পরিবেশ মাথায় রেখে পূজামণ্ডপের এমন ভিন্নচিত্র ফুটিয়ে তুলেছেন সেখানকার আয়োজকেরা। ১৩ অক্টোবর দেবীর বোধনের মাধ্যমে পূজা শুরু এবং তা শেষ হবে দশমীর প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে। সপ্তমী, অষ্টমী, নবমী—এ তিন দিন নগরের মানুষ ভিড় করেছেন শহরের বিভিন্ন বিখ্যাত পূজামণ্ডপে।যুদ্ধ ও জঙ্গিবাদের ভয়াবহতা তুলে ধরা হয়েছে দক্ষিণ নালাপাড়ার পূজামণ্ডপে। মৃত সন্তান কোলে নিয়ে মায়ের আহাজারির দৃশ্য প্রভাব ফেলেছে দর্শকদের মধ্যে। এ রকম নানা বিষয়ভিত্তিক পূজামণ্ডপ শহরের সবখানে না হলেও সবখানেই ছিল নজরকাড়া সাজসজ্জা ও আলোকসজ্জা। এবার অনেক পূজামণ্ডপের প্রধান আকর্ষণই ছিল আলোকসজ্জা। কলকাতার স্বর্ণমন্দিরের আদলে করা হাজারী লেনের পূজামণ্ডপ, বাঁশ-কাঠের ব্যবহারে রাজাপুকুর লেনের পূজামণ্ডপ বেশ আকর্ষণীয় ছিল। বিভিন্ন পূজামণ্ডপের বাইরে মন্দিরগুলোতেও ছিল বেশ জনসমাগম। দুপুরে প্রসাদ পাওয়ার জন্য মন্দিরে ও পূজামণ্ডপে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুই বান্ধবী ঐন্দ্রিলা ও সঙ্গীতা পূজা দেখতে এসেছেন রামকৃষ্ণ মিশনে। দুপুরে প্রসাদ দেওয়া হবে শুনে খুশিতে উচ্ছল ঐন্দ্রিলা বলেন, ‘পূজাতে বাসায় খাব—এটা ভাবাই যায় না। আমরা তো সব সময় খোঁজ রাখি কোন মণ্ডপে কোন দিন প্রসাদ দেওয়া হবে।’ জাঁকজমকপূর্ণ এ পূজায় এবার প্রতিমার চেয়ে মঞ্চসজ্জাটা গুরুত্ব পেয়েছে। লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের সমারোহে এবার পাঁচবাড়ী পূজা প্রাঙ্গণ পালন করল ৬০ বছর পূর্তি। নীল রঙের অসুরের পরনে বেগুনি ধুতি, এমন রঙের বাহার চোখে পড়ার মতো। সোনালি দেবী দুর্গা, পরনে সোনালি শাড়ি, সোনালি মণ্ডপ, চারদিক আলোকিত হয়ে যাওয়া এ দৃশ্য দেখা যায় পাথরঘাটা মন্দিরের পূজামণ্ডপে। টেরাকোটা নিয়ে কাজ করেছে এবার ঘাটফরহাদাবেগ পূজামণ্ডপ কর্তৃপক্ষ, আগামী বছর এ মণ্ডপের ৫০ বছর পূর্তি উপলক্ষে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের কথা জানান আয়োজকেরা। দেওয়ানজীপুকুর পাড়, জয়নাব কলোনি, টেরিবাজার, কুসুমকুমারী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়—এ পূজা মণ্ডপগুলোতে প্রতিবারের ন্যায় এবারও ছিল অনেক সুন্দর মঞ্চসজ্জা ও প্রতিমা। জেএম সেন হলে প্রাচীন মন্দিরের আদলে করা পূজামণ্ডপ খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর ছিল। তবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেক সময় মানুষ আলোকসজ্জা ঠিকমতো দেখা থেকে বঞ্চিত হয়। এ নিয়ে বেশ বিরক্তিও দেখা যায় তাদের মধ্যে। যদিও দুর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের তারপরও এ পূজায় শুধু হিন্দুরা নয় ধর্মবর্ণ-নির্বিশেষে সবাই বেশ আনন্দের সঙ্গে উপভোগ করে। প্রতিবার বন্ধুদের সঙ্গে মিলে পূজা দেখেন আফরিনা ইসলাম। কেমন লাগে পূজা দেখতে—এ প্রশ্নে সে জানায়, ‘খুব ভালো লাগে, প্রতিবছর ঘুরে ঘুরে বন্ধুরা মিলে অনেক সুন্দর প্রতিমা দেখি। এবারও অনেক প্রতিমা দেখেছি, আরও দেখব।’ এভাবে চার দিনের জাঁকজমকপূর্ণ পূজা শেষ হবে আজ প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে।